প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোর ফাইনালের পর একটা দৃশ্য ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। পর্তুগালের বিপক্ষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল খেয়ে হেরে যায় ফ্রান্স, কষ্টে এক ফরাসি যুবক কান্নায় যেন বাঁধ দিতে পারছিলেন না। তাঁকে সহানুভূতি জানাতে ছুটে এল এক পর্তুগিজ বালক। হাত মেলানোর পর ফ্রেঞ্চ ওই সমর্থককে সহমর্মিতায় বুকেও জড়িয়ে ধরে বালকটি। ওই একটি ছবি যেন জয়-পরাজয়ের বাইরেও ফুটবলের বন্ধুত্বের আবেগের বড় এক বিজ্ঞাপন। সেই আবেগকে এবার সম্মান জানাতে চাইছে পর্তুগালের পর্যটন কর্তৃপক্ষ। নাম না জানা সেই ফ্রান্স সমর্থককে আহ্বান জানাচ্ছে পর্তুগাল ঘুরে দেখার। কর্তৃপক্ষের ইচ্ছে, ফ্রান্সের সেই যুবক যেন ‘পর্তুগালকে চেনেন এবং সত্যিকারের পর্তুগিজ আতিথেয়তায় সিক্ত হন।’ তাতেও যদি শিরোপা হারানোর আক্ষেপ কিছু কমে ফ্রেঞ্চ যুবকের! এএফপি।