পর্তুগিজ ফুটবলে রুশ হামলা
দলবদলের বাজার শেষের আগে হঠাৎই সাড়া ফেলে দিল জেনিত সেন্ট পিটার্সবার্গ। পর্তুগালের এফসি পোর্তো থেকে দলে ভেড়াল ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ককে, আর বেনফিকা থেকে বেলজিয়ান মিডফিল্ডার অ্যালেক্স উইটজেলকে। তা-ও আবার প্রতিজনের জন্য চার কোটি ইউরো করে খরচ করে! শুধু জেনিত নয়, কাঁড়ি কাঁড়ি অর্থ নিয়ে খেলোয়াড়দের চুম্বকের মতো টানছে আনঝি মাখাচকালাও। রিয়াল মাদ্রিদ থেকে লাসানা দিয়ারাকে বাগিয়েছে তারা, এই মুহূর্তে সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় স্যামুয়েল ইতো তো তাদের দলেই। তেল ব্যবসায়ী ধনকুবেরদের দাপটে রাশিয়ার ঘরোয়া ফুটবলে এখন টাকার ঝনঝনানি। আরেক ধনকুবের রাশিয়ান রোমান আব্রামোভিচের ‘চেলসি’ বিপ্লবের কথা তো সুবিদিতই!তেল-গ্যাস কোম্পানির দাক্ষিণ্যে দেদার অর্থ ছড়িয়ে জেনিত নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে ঠিকই। কিন্তু পোর্তো, বেনফিকার ঘর আক্ষরিক অর্থেই এলোমেলো হয়ে গেছে। হাল্কের কথাই ধরুন, গত দুই মৌসুমে ছিলেন পর্তুগিজ লিগের সেরা খেলোয়াড়। পোর্তোর হয়ে জিতেছেন তিনটি লিগ, তিনটি পর্তুগিজ কাপ, দুটি সুপার কাপ, একটি ইউরোপা লিগ। চেলসিরও শ্যেনদৃষ্টি ছিল তাঁর ওপর। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জেনিতকেই করলেন নতুন ঠিকানা। শেষ মুহূর্তে হাল্ককে হারিয়ে কিছুটা দিশেহারা পোর্তো। একই দশা বেনফিকারও। তাদের মাঝমাঠের অন্যতম ভরসাই ছিলেন এই মিডফিল্ডার। কদিন আগে জাভি গার্সিয়া পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার সিটিতে, উইটজেলের বিদায় তাই বেনফিকার জন্য ‘মড়ার ওপর খাড়ার ঘা’। দুজন মূল কুশীলবকে হারিয়ে এখন সমর্থকদের তোপের মুখেও পড়েছে ক্লাবটি। দল না গুছিয়েই এভাবে খেলোয়াড় ছেড়ে দেওয়ায় তাই ভুগতে হতে পারে তাদের। জানুয়ারির আগে আবার নতুন খেলোয়াড়ও কিনতে পারছে না। চ্যাম্পিয়নস লিগে বেনফিকা পড়েছে বার্সেলোনার গ্রুপে, সামান্য চোট সমস্যাও এখন তাই মাথাব্যথার কারণ হতে পারে। এবার অবশ্য চোটটা বেশি পেল পর্তুগিজ ক্লাবগুলো, ‘হানাদার’ রুশদের হামলা সামলে তারা কীভাবে গুছিয়ে ওঠে, সেটাই এখন দেখার বিষয়! রয়টার্স।