পর্দা উঠছে বিশ্বকাপ উৎসবের
যাঁর জন্য এ দেশে প্রথমবারের মতো বিশ্বকাপ এল, এল আফ্রিকায় প্রথমবারের মতো, সেই তিনিই যদি স্টেডিয়ামে না আসতে পারতেন, সে হতো বড় মর্মান্তিক কথা। আয়োজন শেষ পর্যন্ত সফল হোক আর না হোক, এটিই যেন স্বাগতিক দেশের কাছে সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই চিন্তাটা তিনি নিজেই দূর করে দিয়েছেন—নেলসন ম্যান্ডেলা। পরশু নাতি ও প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্ত্রী ফার্স্ট লেডি এনটুলিকে পাশে নিয়ে নিজের বাড়িতে ছোটখাটো একটা সংবাদ সম্মেলন করে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা জানিয়ে দিয়েছেন, সকার সিটি স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে তিনি আসবেন। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, দর্শকদেরও জানাবেন স্বাগত।আজ সেই দিন। সকার সিটি স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো ম্যাচ দিয়ে বাঁশি বাজছে ১৯তম বিশ্বকাপ ফুটবলের। বাঁশিটা বাজবে গণতন্ত্রের মানসপুত্রকে সাক্ষী রেখে। গোটা দক্ষিণ আফ্রিকা তাই অধীর আগ্রহে সময় গুনছে, কখন আসবেন তিনি! সারা পৃথিবীও কি নয়?উদ্বোধনী ম্যাচের চেয়েও বড় হয়ে উঠেছে একজন ব্যক্তির নাম, যিনি অন্ধকার কারা প্রকোষ্ঠে জীবন ও যৌবনের ২৭টি বছর উৎসর্গ করেছেন।জোহানেসবার্গের যে প্রান্তেই যাওয়া যাক না কেন, কাল অন্তত একটা কথাই শোনা গেছে জপমন্ত্রের মতো। ‘ম্যাদিবা’ আসছেন। স্থানীয় ভাষায় ম্যাদিবা মানে দেশের বন্ধু, বাংলাদেশের বঙ্গবন্ধুর মতোই তাঁকে দেশের মানুষ ভালোবেসে উপাধি দিয়েছে ম্যাদিবা। ১৯৯০ সালে কারামুক্ত হয়ে ম্যাদিবা এই সকার সিটি স্টেডিয়ামেই পেয়েছিলেন প্রথম গণসংবর্ধনা। আজ পৃথিবীর বৃহত্তম ক্রীড়াযজ্ঞের সূচনা মুহূর্তেও তাঁর থাকাটা তাই একেবারে চাঁদের কপালে চাঁদের টিপ দেওয়ার মতো ব্যাপার হয়ে যাচ্ছে।আর দক্ষিণ আফ্রিকানরা বিশ্বাস করছে, ম্যাদিবার উপস্থিতিই দলকে ম্যাজিকের মতো জয়ের দিকে ঠেলে দেবে। এলিস পার্ক স্টেডিয়ামে ১৯৯৫ সালে রাগবি বিশ্বকাপের ফাইনাল দেখতে এসেছিলেন ম্যাদিবা। আর কী আশ্চর্য, দীর্ঘদিন ক্রীড়াদুনিয়া থেকে নির্বাসিত থাকা দক্ষিণ আফ্রিকা শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে জিতে নিয়েছিল শিরোপা।সেই থেকেই ম্যাদিবা নামটি দক্ষিণ আফ্রিকানদের কাছে ধন্বন্তরী বলে প্রমাণিত। সেই থেকেই খেলার জগতেও ম্যাদিবা ম্যাজিকের আশায় বসে থাকে দক্ষিণ আফ্রিকা।আজও কি ম্যাদিবা ম্যাজিক দেখা যাবে? তবে কালকের সংবাদ সম্মেলনে বাফানা বাফানা অধিনায়ক অ্যারন মোকোয়েনা যা বললেন, তাতে তাঁরা কোনো অলৌকিক জাদুর আশায় থাকবেন না। মোকোয়েনা যেন জীবনের একেবারেই সোনার মতো খাঁটি মুহূর্তের মুখোমুখি হলেন, ‘এই সময়টা জীবনের সবচেয়ে সত্য মুহূর্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, আমরা খেলব দেশকে গর্বে ভাসিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে।’সেই গর্বটা কী, সে তো না বললেও চলছে। একটা জয় দিয়ে শুরু করা। তাহলে বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো আয়োজক দেশ প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার লজ্জার হাত থেকে বাঁচার পথ খুঁজে পাবে। বাফানা বাফানাদের কোচ কার্লোস আলবার্তো পাহেইরা মোকোয়েনার পাশে বসে এই ইচ্ছেটার কথাই জানিয়ে গেলেন। কোচ হয়ে এ নিয়ে পাঁচবার বিশ্বকাপে আসা হলো এই ব্রাজিলিয়ানের। ফুটবলের নানা ঘাট ঘুরে কম অভিজ্ঞতা তো আর জমা হলো না ঘটে, তাই মেক্সিকোকে তাঁর দল হারাবেই, এ কথা বললেন না সরাসরি। তবে জানিয়ে দিলেন, একটা ঘুমন্ত দেশকে তিনি জাগিয়ে তুলেছেন অনেকটাই, ‘মেক্সিকো অনেক শক্তিশালী দল। আর দক্ষিণ আফ্রিকা দলটি দীর্ঘদিন ঘুমিয়ে ছিল। আমি এদের জাগিয়ে তোলার কাজটা করেছি, এদের ফুটবলের আনন্দ সঞ্চার করেছি। আমার মন্ত্র হলো, ফুটবল খেলো আনন্দে। খেলার মধ্যে মজাটা পেলেই যেকোনো কিছু সম্ভব।’জোহানেসবার্গে স্বাগতিক দেশের সঙ্গে মেক্সিকোর লড়াইয়ের পর আজই কেপটাউন দেখবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই। ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হচ্ছে ১৯৩০ ও ১৯৫০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ের। ‘এ’ গ্রুপের ওই ম্যাচটার কথা মাথায় রেখে মোকোয়েনা বললেন, ‘আমাদের জন্য এ ম্যাচের তিনটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সেটি পাব কি না, জানি না। তবে শক্তিশালী মেক্সিকোর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, মাঠে তাদের জীবন অতিষ্ঠ করে তুলব আমরা। সহজেই ছাড়ব না।’বিশ্বকাপ আয়োজনের ভার পেল দক্ষিণ আফ্রিকা, তখন ফিফা র্যাঙ্কিংয়ে তারা ছিল নব্বইয়ের ঘরে। বিশ্বকাপের ইতিহাসে এমন কম র্যাঙ্কিং নিয়ে আয়োজক হতে আর কোনো দেশকেই দেখা যায়নি আগে। তবে সম্প্রতি একগাদা প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে র্যাঙ্কিংটাকে বেশ উঁচুতে নিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। এটা আরও আশাবাদী করে তুলেছে দক্ষিণ আফ্রিকাকে। দেশবাসী আসলেই স্বপ্ন দেখছে, বাফানা বাফানারা কিছু করে দেখাবে। অনেকে অবশ্য ফাইনালে ওঠার অলীক স্বপ্নও দেখতে শুরু করেছেন। স্বপ্নটা কতটা পথ পেরোতে পারবে, সেটা বলে দেবে আজকের ম্যাচই।সকার সিটি স্টেডিয়ামটির আকৃতি ‘কালাবাসের’ মতো। স্থানীয় ভাষায় যার অর্থ মাটি দিয়ে গড়া বিশেষ পাত্র। এই পাত্র দক্ষিণ আফ্রিকানদের জন্য কী জমিয়ে রেখেছে, তা দেখা যাবে ম্যাচ শেষেই। সেটি সাফল্যের অমৃত, নাকি ব্যর্থতার বিষ!বিশ্বকাপের প্রথম ম্যাচেই অমৃত-গরলের ভাবনাটা বড় বেরসিক। তাই স্টেডিয়ামের চারপাশে ভাসতে থাকা একটা সুরের সঙ্গেই গলা মেলানো যাক। ‘কে নাকো। ওয়াকা ওয়াকা।’ অর্থাৎ, এখন সময় আফ্রিকার!