পর্দা উঠল বিপিএলের
আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল দেশের ঘরোয়া ক্রিকেটের জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসরের উদ্বোধন ঘোষণা করেন।এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহার বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান। রাষ্ট্রপতির উদ্বোধন ঘোষণার পরপরই সংগীত পরিবেশন করেন দেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। তিনি তাঁর কিছু জনপ্রিয় ও কালজয়ী গানে মুগ্ধ করেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। রুনা লায়লার পর মঞ্চে আসেন ‘ফোক সম্রাজ্ঞী’ মমতাজ। তিনি তাঁর লোকসংগীতে মাতিয়ে তোলেন স্টেডিয়াম।দুই গুণী শিল্পীর পরিবেশনার পর দেশজ নৃত্য বিপিএলের উদ্বোধনকে করে তোলে আরও বেশি মোহনীয়।আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা রয়েছে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সুনীধি চৌহান ও পাকিস্তানের আতিফ আসলামের। মঞ্চ আলোকিত করার কথা রয়েছে দেশের আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী জেমসেরও।