পর্দা নামল বাংলাদেশ গেমসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার ট্র্যাজেডিতে শোকস্তব্ধ দেশ। ক্রীড়াঙ্গনও বাদ নেই। অষ্টম বাংলাদেশ গেমসের সমাপনী অনুষ্ঠানেও ভবনধসে হতাহতের শোক ঘিরে রইল। থাকল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। ছুটল না আতশবাজির ফোয়ারা। সেই অর্থে দেখার মতো কিছুই ছিল না। গ্যালারি ভরা দর্শক আসেনি উদ্বোধনী দিনের মতো। বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীটাও জমকালোভাবে আয়োজন করতে চেয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা। কিন্তু সাভারের রানা প্লাজায় ভবনধসের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। একেবারে ছোট পরিসরে মিনিট চল্লিশেক হয় সমাপনী অনুষ্ঠান।সন্ধ্যা সাতটায় স্টেডিয়ামে এলেন প্রধান অতিথি গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সাভারের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠান। বঙ্গবন্ধু স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে—‘আমরা শোকাহত।’৩১টি খেলায় ২ হাজার ২৪৩টি পদকের জন্য ১০২টি দলের ৬ হাজার ৮৫৫ জন অ্যাথলেট লড়াই করেছেন গত ৯ দিন। স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠছিল উৎসবমুখর সেই দিনগুলোর কয়েকটি সেরা মুহূর্ত। সঞ্চালক একটু একটু করে সেগুলোর বর্ণনা করছিলেন। এরপর গেমসের মাসকট কাঠবিড়ালির পেছনে মার্চ পাস্টে অংশ নিতে স্টেডিয়ামে আসেন বিভিন্ন জেলা, সার্ভিসেস দল ও ক্লাবের খেলোয়াড়েরা। কারা কতগুলো পদক পেয়েছে এক ফাঁকে সেই পরিসংখ্যান দেখানো হয় পর্দায়। বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। টানা চারবার নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে সার্ভিসেস দলটি। এবার জিতেছে ১১১টি সোনা, ৭৪টি রুপা ও ৬৫টি ব্রোঞ্জ। আর ৬৭টি সোনা, ৩৯টি রুপা ও ৩৭টি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয়েছে সেনাবাহিনী।একসময় স্টেডিয়াম থেকে বিদায় নেয় মাসকট। সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে আস্তে আস্তে নিভে যায় গেমসের মশাল। যে মশাল এত দিন সাক্ষী ছিল খেলোয়াড়দের আনন্দ-বেদনার, পদক জয়ের, হাসি-কান্নার। মার্চ পাস্টে অংশ নেওয়া অনেকেই শেষবারের মতো কুশল বিনিময় করছিলেন। এ সময় মুঠোফোনে ছবি তুলে শেষ স্মৃতি ধরে রাখেন অনেক অ্যাথলেট। চ্যাম্পিয়ন আনসার ছাড়া অন্য দলও তাদের পতাকা নিয়ে ছবি তোলে। পতাকা নিয়ে মাঠে ‘ল্যাপ অব অনার’ দেন আনসারের খেলোয়াড়েরা।১১ বছর পর বসেছিল ‘বাংলাদেশের অলিম্পিক’-এর আসর। এখন থেকে চার বছর পর পর নিয়মিতই গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিওএ কর্মকর্তারা। অর্থমন্ত্রীর ঘোষণার পরই শেষ হয় সমাপনী অনুষ্ঠান। ততক্ষণে নিভে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট।ক্রীড়া লেখক সমিতির পুরস্কার: বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিচারে গেমসের সেরা খেলোয়াড় হয়েছেন ৪টি রেকর্ডসহ ৭টি সোনাজয়ী সাঁতারু মাহফিজুর রহমান (সাগর) ও একটি রেকর্ডসহ ৬টি সোনাজয়ী সোনিয়া আক্তার (টুম্পা)।