পর্দার আড়ালে অন্য রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, শ্রীলঙ্কা দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থাই করল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেটের নিরাপত্তাজালেও থাকল না সূচ্যগ্র ছিদ্র। তাহলেও কি নিশ্চিত করে বলা যায় ২৪ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল? ২৫ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপ শুরু হবে ঢাকাতেই? বাংলাদেশে থেকে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপও?

প্রশ্নগুলো উঠছে কারণ, সম্ভাব্য উত্তরের মধ্যে ‘হ্যাঁ’-এর সঙ্গে কিছুটা হলেও ‘না’ আছে। দৃশ্যমান কারণ হিসেবে সবাই হয়তো তখন বাংলাদেশের ‘নিরাপত্তার অভাব’কেই সামনে আনতে চাইবে। কিন্তু পর্দার আড়ালে তাতে মূল প্রভাবক হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের কূটরাজনীতি। আর্থিক লাভ-লোকসানের হিসাব।

আসন্ন তিনটি আসরের মধ্যে বিসিবি আপাতত শ্রীলঙ্কা সিরিজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের আশা, এই সিরিজটা ঠিকঠাক হয়ে গেলে দূর হয়ে যাবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা। নিরাপত্তার ক্ষেত্রে তাই শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) দাবি-দাওয়া যতটা সম্ভব মেনে নেওয়ার নীতি নিয়েছে বিসিবি। ভ্রমণ কমাতে ভেন্যুর তালিকা থেকে সিলেটকে বাদ দেওয়ার চিন্তা আছে। শ্রীলঙ্কা আপত্তি করলে প্রয়োজনে চট্টগ্রামকেও বাদ দিয়ে সিরিজের সব ম্যাচ আয়োজন করা হতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিমানবন্দর সড়কের র্যাডিসন হোটেলে থাকার ব্যবস্থা করে মাঠ পর্যন্ত তাদের আসা-যাওয়ার ব্যবস্থা করা হবে সেনানিবাসের ভেতর দিয়ে। আবার মাত্রাতিরিক্ত নিরাপত্তায় খেলোয়াড়েরা যাতে হাঁপিয়ে না ওঠেন, মাথায় থাকছে সে চিন্তাও। দৃশ্যমান নিরাপত্তার সঙ্গে তাই কিছু ক্ষেত্রে ‘অদৃশ্য’ নিরাপত্তাব্যবস্থাও থাকতে পারে।

তবে এসএলসির একটি সূত্রের দাবি, সিলেট ভেন্যু বাতিলের কোনো দাবি তারা এখনো করেনি। সফর সূচিতে পরিবর্তন আনতে হলেও এ সম্পর্কে শ্রীলঙ্কা মতামত দেবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পর। নিরাপত্তা পর্যবেক্ষণে আগামী সোমবার ঢাকায় আসার কথা এসএলসির সহসভাপতি মোহন ডি সিলভা ও সাবেক প্রধান নির্বাহী অজিত জয়াসেকারার।

বিসিবির দেওয়া নিরাপত্তা পরিকল্পনায় শ্রীলঙ্কা ক্রিকেট এখন পর্যন্ত সন্তুষ্ট বলেই জানা গেছে। দুই পক্ষের ই-মেইল চালাচালিতেও আছে ইতিবাচক ইঙ্গিত, কোথাও এখনো মাথাচাড়া দিয়ে ওঠেনি বাংলাদেশে শ্রীলঙ্কা দলের না আসার বিষয়। তার পরও সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এসএলসি অপেক্ষা করতে চায় পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ওপর। এসএলসি সূত্রের তথ্য, অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।

সে সিদ্ধান্ত ইতিবাচক হলেই বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল। কিন্তু একটি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সিরিজসহ বাংলাদেশে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্রিকেটের আসন্ন আসরগুলোর ভবিষ্যৎ কিছুটা হলেও নির্ভর করছে আজ দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির বাণিজ্যিক শাখা আইডিআইর (আইসিসি ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল) সভার ওপর। সভায় আইসিসির রাজস্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হতে পারে। সে ক্ষেত্রে উপমহাদেশীয় ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে থাকা বিভাজনরেখাটাও হয়ে উঠতে পারে স্পষ্ট।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দাবি, ভারতীয় দল অংশ নেয় এমন টুর্নামেন্টগুলোর মূল আকর্ষণ তারাই। কাজেই এসব টুর্নামেন্টের রাজস্ব আয় থেকে অন্যদের তুলনায় বেশি ভাগ চায় বিসিসিআই। কিন্তু এসএলসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চায় সবার সমান ভাগ। রাজস্ব ভাগাভাগির প্রশ্নে দুই বোর্ডের এই সহযোগী মনোভাব প্রভাবক হতে পারে চলমান অন্য বিষয়গুলোতেও। এ ছাড়া আইসিসির সভার পাশাপাশি দুবাইয়ে বিভিন্ন বোর্ডের মধ্যে কিছু দ্বিপাক্ষিক সভাও হবে। আন্তর্জাতিক ক্রিকেটের নিকট ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে সেগুলোও।

এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের মাথার ওপর বড় একটা ছাতা মেলে রেখেছে বিসিসিআই। মূলত বিসিসিআইয়ের জোরালো সমর্থনের কারণেই কলম্বোয় হওয়া সর্বশেষ এসিসির সভায় বাংলাদেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার আলোচনা হালে পানি পায়নি। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রেখেছে পিসিবি, যেটা প্রভাবিত করতে পারে এশিয়া কাপে তাদের আসা না-আসা এবং পরে টি-টোয়েন্টি বিশ্বকাপকেও। শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে না এলে এশিয়া কাপের নিরাপত্তা নিয়ে পিসিবি আরও উচ্চকণ্ঠ হতে পারবে। আর ‘নিরাপত্তার অভাবে’ পর পর দুটি আয়োজন বাংলাদেশে না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপও এ দেশে খেলতে চাইবে না কেউ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প আয়োজক হতে নিজেদের আগ্রহের কথা তো আগেই জানিয়ে রেখেছে এসএলসি।

বিসিবির জন্য তার পরও আশার কথা, এসিসির মতো আইসিসিতেও বাংলাদেশের বড় সমর্থক বিসিসিআই। তা ছাড়া শ্রীলঙ্কা এলেই যেহেতু বাকি দুটি আসরের পথ সুগম হয়, বিসিবি কিছুটা নিশ্চিন্ত থাকতে পারে সেদিক দিয়েও। আর কোনো উপায়ে না হোক, রাষ্ট্রীয় পর্যায়ে তো শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ উষ্ণই।