পর্বতপ্রমাণ লক্ষ্য নিয়ে ব্যাট করছে ইংল্যান্ড

পার্থ টেস্টের তৃতীয় দিন শেষেই অস্ট্রেলিয়ার জয়ের সূর্য খানিকটা উদয় হয়। চতুর্থ দিনে সেটিই পূর্ণ আলো ছড়াতে শুরু করেছে। চতুর্থ দিনেই বুঝি ক্লার্ক ছুঁয়ে ফেলবেন আরাধ্য ভস্মাধার! ক্লার্কের ইচ্ছে ব্যর্থ করতে ইতিহাসই তৈরি করতে হবে ইংলিশদের। যেভাবে টপাটপ উইকেট পড়ছে, তাতে ইংলিশদের পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়া কঠিনই বটে।
সকালে পর্বতপ্রমাণ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই হ্যারিসের আঘাত! প্রথম বলেই কুক বোল্ড! ইংলিশ অধিনায়ক যখন ফিরলেন, ইংল্যান্ডের স্কোরবোর্ডে তখনো যোগ হয়নি কোনো রান। শুরুর ধাক্কা সামলে ইনিংস মেরামতের চেষ্টা করেন কারবেরি ও জো রুট। সেটিও বেশিক্ষণ স্থায়ী হলো না। মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আগেই হন্তারক হিসেবে হাজির ওয়াটসন। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে কারবেরির সংগ্রহ ৩১। জো রুট ও পিটারসেন যখন দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছিলেন, তখন জনসনের গোলা। জো রুটের ব্যাট ছুঁয়ে বল জমা হলো হাডিনের গ্লাভসে। প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩২.৪ ওভারে ৩ উইকেটে ৮৬। হ্যারিস, জনসন, ওয়াটসন নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে সকালে হয়েছে একপশলা ‘ওয়াটসন শো’। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তখন দাঁড়িয়ে ৯৯ রানে। বুকটা দুরু দুরু করছিল কি না, বোঝার উপায় নেই। তবে সেটি বাড়িয়ে দিতে আচমকা ধেয়ে এল অ্যান্ডারসনের বিরাট এক বাউন্স! মাথার ওপর দিয়ে সাঁ করে ছুটে গেল সেটি। লাফিয়েও বলের নাগাল পেলেন না প্রায়র। নো বল তো হলোই, সঙ্গে চার।
অ্যান্ডারসনের এমন বেমক্কা বাউন্স হজম করার পাত্র নন ওয়াটসন। পরের বলেই বাউন্সের ঝাল মেটালেন। ডিপ ফাইন লেগে চার মেরে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ওয়াটসনের ইনিংস দেখে বোঝার উপায় নেই এটি ওয়ানডে, নাকি টেস্ট! ৫ ছক্কা ও ১১ চার সহযোগে ১০৮ বলে করলেন ১০৩। স্ট্রাইক রেট ৯৫.৩৭!
ব্রেসনানকে তুলে মারতে গিয়ে বল উঠল আকাশে। ভেবেছিলেন সব ‘শেষ’! কিন্তু ইয়ান বেল ক্যাচটি তালুবন্দী করতে পারলেন না। ততক্ষণে উইকেট থেকে অনেকটা বেরিয়ে পড়েছেন তিনি। বেল ক্যাচ হাতছাড়া করলেও ব্রেসনান তাঁকে রানআউট করতে ভুল করেননি। ১০৩ রানেই কাটা পড়তে হলো ওয়াটসনকে। কিন্তু ততক্ষণে যা করার করে ফেলেছেন।
মূলত ওয়াটসনের সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। সেটি হয়ে গেলে বেশিক্ষণ অপেক্ষা করলেন না। ৬ উইকেটে ৩৬৯ রানে ইনিংস ঘোষণা করলেন ক্লার্ক। ততক্ষণে ইংলিশদের লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৪। ওয়াটসন যদি ওয়ানডে স্টাইলে খেলে থাকেন, তবে বেইলি খেলেছেন টি-টোয়েন্টি স্টাইলে! ৩০ বলে ৩৯। ছোট্ট অথচ ঝোড়ো ইনিংসটায় ছিল ৩ চার ও ৩ ছয়। বেইলিকে অবশ্য সাজঘরে ফেরাতে পারেননি ইংলিশ বোলাররা। তাঁকে ফিরিয়েছেন খোদ অধিনায়ক, ইনিংস ঘোষণা করে! ইংলিশদের পক্ষে ব্রেসনান ও স্টোকস নেন ২টি করে উইকেট। সোয়ান পান ১টি।