পর্যটক কম, তবে...
বিশ্বকাপ এই ধরার সবচেয়ে বড় ফুটবল উৎসব। তর্ক সাপেক্ষে অনেকে বিশ্বের সবচেয়ে বড় উৎসবও বলে দেন একে—দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ৩২টি দেশের ফুটবলারদের পায়ে পায়ে নেচে ওঠে ফুটবলের বিমল আনন্দ। আয়োজক দেশটির অর্থ-বাণিজ্যের পালে লাগে হাওয়া। হাওয়াটা মূলত লাগিয়ে দেয় পর্যটকেরা—সারা বিশ্ব থেকে ছুটে আসা লাখ লাখ ফুটবল-পিয়াসী মন!তবে এবার দক্ষিণ আফ্রিকায় ফুটবল-পর্যটকের সংখ্যাটা অতীতের বিশ্বকাপগুলোর তুলনায় একটু কম হবে। কারণটা মূলত বিশ্বমন্দার ধাক্কা। অবশ্য পর্যটক কম এলেও তারা তুলনায় থাকবে বেশি দিন। এবং স্বাভাবিকভাবে তাদের ব্যয়টাও হবে বেশি। আয়োজক দেশ এটাই তো চায়। পর্যটকদের পকেট থেকে বেশি বেশি ডলার খসুক, ইউরো খসুক। তাতে ফুলে-ফেঁপে উঠুক অর্থনীতি। ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান গ্রান্ট থর্নটন একটি সমীক্ষা চালিয়ে দেখিয়েছে, ১১ জুন থেকে ১১ জুলাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে পর্যটক আসতে পারে ৩ লাখ ৭৩ হাজার। দুই বছর আগে ধরা যে সংখ্যাটা ছিল ৪ লাখ ৮৩ হাজার।আগের অনুমানের চেয়ে সংখ্যাটা কম হলেও যেসব পর্যটক আসবে, তারা থাকবে গড়ে ১৮.৭ দিন করে এবং গড়ে তারা খরচ করবে ৩০২০০ র্যান্ড বা ৪০৯৩ ডলার (৩০৪৮ ইউরো)। যেটি আগের হিসাবের চেয়ে এক-তৃতীয়াংশ বেশি। এই সমীক্ষায় নেওয়া হয়েছে সর্বশেষ ধাপের পূর্ণ বিক্রীত টিকিটের হিসাব। গত সপ্তাহে শুরু হওয়া বিক্রিটা এতে ধরা হয়নি। সমীক্ষা পরিচালক গিলিয়ান সন্ডার্স গত বুধবার জানিয়েছেন, ‘এই সময়ে দক্ষিণ আফ্রিকায় আসা ৩৭৩০০০ পর্যটকের ১০৫০০০ জন থাকবে টিকিটবিহীন, যাদের ৮৫০০০ জন আবার আসবে আফ্রিকা থেকে, যারা থাকবে কম সময়।’ তবে সন্ডার্স দক্ষিণ আফ্রিকাকে শুনিয়েছেন দারুণ একটা আশার বাণী, ‘আমরা উত্ফুল্ল থাকতে পারি, বিশ্বকাপ ভালোই প্রভাব রাখবে। স্টেডিয়ামগুলো থাকবে পূর্ণ এবং এটি হবে দুর্দান্ত এক আয়োজন।’বিদেশি পর্যটকদের এই হালনাগাদ হিসাব সত্ত্বেও সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাবটা একই থাকবে। বিদেশি পর্যটকেরা মোট ব্যয় করবে ৮.৮ বিলিয়ন র্যান্ড, কিন্তু টুর্নামেন্টের পেছনে মোট ব্যয় দাঁড়াবে ৫৫.৩ বিলিয়ন র্যান্ড, যার মধ্যে স্টেডিয়াম, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো নির্মাণে সরকারের বিশাল বিনিয়োগও আছে।আশার পাশে সমীক্ষাটা একটা হতাশার চিত্রও তুলে ধরেছে। ফুটবল-পাগল বলে পরিচিত আফ্রিকা মহাদেশের বাকি দেশগুলো থেকে টিকিট কেনার হার কিন্তু কম। ‘আমার মনে হয়, আফ্রিকায় টিকিট বিতরণব্যবস্থায় কোনো ব্যর্থতা ছিল’—সন্ডার্সের এ কথাটা ফিফার গায়ে একটু হুল ফোটায় বৈকি! ফিফার ভুল তো ছিলই। ফিফা শুধু অনলাইনে এমন একটি মহাদেশে টিকিট বিক্রি করেছে, যেখানে ইন্টারনেট এখনো বিলাসিতা। মহাদেশের অর্থনৈতিক পরাশক্তি দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা পেয়েছে কম দামের বিশেষ টিকিট, অথচ অন্য গরিব আফ্রিকান দেশগুলোর মানুষ তেমন সুবিধা পায়নি। এএফপি।