পল নেই, ফ্রাঙ্ক তো আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ ম্যাচে দুটি হ্যাটট্রিক। গোলসংখ্যা ১৩। বাংলাদেশ লিগের সর্বোচ্চ গোলদাতা ওটোফে লাকি পলকে ছাড়াই কাল সেরা একাদশ সাজাতে হয়েছিল আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমিকে। পরশু অনুশীলনে ডান পায়ের হাড় ভেঙে গেছে নাইজেরিয়ান স্ট্রাইকারের, অন্তত চার সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। দলের এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই আরামবাগের বিপক্ষে মোটামুটি সহজ জয়ই পেয়েছে। এই জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রইল আকাশি-নীল দলটি। দুইয়ে থাকা মুক্তিযোদ্ধার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টের। ৯ পয়েন্ট নিয়ে সবার শেষে আরামবাগ।পলের অভাব কিছুটা হলেও অনুভব করেছে আবাহনী। তার ওপর আরামবাগ খেলেছে অতিরক্ষণাত্মক ফুটবল। আবাহনী তাই খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ৯ মিনিটেই অবশ্য পেয়ে যায় প্রথম গোল, তবে সেটি পেনাল্টি থেকে। বক্সের মধ্যে আগুয়ান জাহিদকে ফেলে দেন ডালিম। পেনাল্টি থেকে গোল করেন ফ্রাঙ্ক (১-০)। প্রথমার্ধে একচেটিয়া খেলা আবাহনীর বিপক্ষে পাল্টা-আক্রমণ থেকে গোলের সুযোগ পেয়েছিল আরামবাগও। ৪৪ মিনিটে এলিটা কিংসলের হেড গোললাইন থেকে বাঁচান ডিফেন্ডার সুজন। ফ্রাঙ্কের দ্বিতীয় গোলের কৃতিত্বে ভাগ বসাতে পারেন আরামবাগের ডিফেন্ডার আবুল কাশেম! ৫৫ মিনিটে বক্সের ভেতরে দাঁড়ানো ফ্রাঙ্কের শটটি কাশেমের গায়ে লেগে ঢোকে জালে (২-০)। এরপর দুই দলই গোলের দারুণ সুযোগ পেয়েছে দুটি। ৭২ মিনিটে ডালিমের জোরালো শট কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন সোহেল, ৭৪ মিনিটে ইব্রাহিমের ক্রস থেকে ফ্রাঙ্কের হেড ফেরান গোলরক্ষক বিপ্লব কুমার। পলবিহীন আবাহনী শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এতেই খুশি কোচ আলী আকবর পোরমুসলিমি, ‘পলের ইনজুরি একটু হলেও দুশ্চিন্তায় ফেলেছে আমাকে। তবে এটাই ফুটবল। এখানে যে কারোই ইনজুরি হতে পারে। আমি এখন এসব নিয়ে ভাবছি না, ভাবছি আগামী ম্যাচ নিয়ে। স্ট্রাইকাররা বক্সে ঢুকেও ফিনিশিং দিতে পারছে না, এটা নিয়ে কাজ করতে হবে।’ আজকের খেলা: মোহামেডান-ব্রাদার্স (বিকেল ৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।