ম্যাচ শেষ হতে তখনো ১৩ মিনিট বাকি। ঝুপ করেই যেন অন্ধকার নামল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। শেষ বিকেলে ঝড়-বৃষ্টি শুরুর আগে আবছা অন্ধকারে খেলা চালানোই দুষ্কর হয়ে পড়ল। রহমতগঞ্জের আপত্তিতে খেলা বন্ধও রইল। তিন মিনিট পরই অবশ্য ফ্লাড লাইটে উজ্জ্বল হয়ে উঠল সবুজ ঘাস। তবে সেসব ছাপিয়েও পুরো ম্যাচে আলো ছড়ালেন আবাহনীর লাকি পল ওটোফে। নাইজেরিয়ান এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে কাল রহমতগঞ্জ ৪-০ গোলে বিধ্বস্ত হলো আকাশি-নীল দলের কাছে।প্রথম পর্বে ৯ গোল। ছিলেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। কালকের চার গোলে সংখ্যাটা বাড়িয়ে নিয়ে গেলেন তেরোয়। লিগে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি প্রথম পর্বে, ফেনী সকারের বিপক্ষে। সব মিলিয়ে এটি লিগের পঞ্চম। এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে বড় একটা পা ফেলল ধানমন্ডির দলটি। দুইয়ে থাকা মুক্তিযোদ্ধার সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল ছয়ে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে নেমে গেল রহমতগঞ্জ।আবাহনীর নতুন দুই ব্রাজিলিয়ান সিলভা ও ফিলিপকে নিয়ে কৌতূহল ছিল সমর্থকদের। ব্রাজিলিয়ান ছন্দ দেখার অপেক্ষায় ছিল অনেকেই। তবে কোচ আলী আকবর পোরমুসলিমি কাউকেই মাঠে নামাননি। কিন্তু পল একাই মাতিয়ে রাখলেন সারা মাঠ। আগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ৪-০ তে জেতা রহমতগঞ্জকে এদিন খুঁজেই পাওয়া যায়নি মাঠে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা আবাহনী প্রথম এগিয়ে যায় ১২ মিনিটে। জাহিদের ক্রস থেকে পল আলতো টোকায় বল জড়িয়ে দেন জালে (১-০)। ২১ মিনিটে ইব্রাহিমের থ্রু পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন পল (২-০)। ৩২ মিনিটে রহমতগঞ্জ গোলরক্ষক সুজনকে তুলে মাঠে নামায় শাকিলকে। এতেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে হজম করতে হয়েছে আরও দুই গোল। পল হ্যাটট্রিক পূর্ণ করেন ৪৭ মিনিটে, ডি বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া জোরালো শটে। বল বানিয়ে দিয়েছিলেন জাহিদ। ৫৭ মিনিটে জাহিদের শট গোলরক্ষক শাকিলের হাতে লেগে বেরিয়ে এলে ফিরতি বলে হেডে ৪-০ করেন পল। রহমতগঞ্জ অন্তত একটা গোল শোধ করতে পারত। কিন্তু গোটা তিনেক সুযোগ নষ্ট করেন রনি। এই হারে খেলোয়াড়দেরই দুষলেন কোচ মাহমুদুল হক, ‘ছেলেরা ভালো খেলেনি তাই জেতেনি।’ তবে এমন জয়ের পরও আনন্দে ভেসে যাচ্ছেন না আবাহনীর কোচ আলী আকবর, ‘ভবিষ্যতে কী হবে সেটা কেউই বলতে পারে না। তবে আমাকে চ্যাম্পিয়ন হতে হলে প্রতিটি ম্যাচই জিততে হবে, এটাই আমি জানি।’ শেখ রাসেলের জয়: অন্য ম্যাচে ফেনী সকারকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল। ফেনী স্টেডিয়ামে ৭৮ মিনিটে গোলটি করেন আগের ম্যাচের জয়ের নায়ক ফয়সাল মাহমুদ। এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল শেখ রাসেল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নয়ে সকার।