পলের পর ‘পলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা অনেক দিন সগৌরবে রাজত্ব করেছেন। এবার এসে গেছেন রানি। পল দি অক্টোপাসের পর এবার এসে গেছে ‘পলা’!পলের মতো এই অক্টোপাসেরও নিবাস জার্মানি। অক্টোপাসটি আসলে পুরুষ না মহিলা, সেটি জানা যায়নি। তবে মহিলা বিশ্বকাপ চলছে বলেই হয়তো আয়োজকেরা প্রলুব্ধ হয়েছে এটার নাম পলা রাখতে। আজ থেকে জার্মানিতে শুরু হয়েছে মহিলা বিশ্বকাপ। পলের আদি নিবাস সি লাইফ সেন্টার আটটি অক্টোপাস নিয়ে শুরু করেছে নতুন প্রতিযোগিতা। এএফপি।এই আট অক্টোপাসের মধ্যে যেটি সবচেয়ে নির্ভুল ভবিষ্যদ্বাণী করবে, তাকেই দেওয়া হবে অক্টোপাসের রাজা পলের মুকুট। গত ২০১০ বিশ্বকাপে আটটি নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিল পল। রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিল। স্পেনও তাদের বিশ্বকাপ জয়ের আনন্দে পলকে দিতে চেয়েছিল সংবর্ধনা। কারণ পলই বলেছিল স্পেন জিতবে। সেই বিখ্যাত পল প্রকৃতির স্বাভাবিক নিয়মে দুই বছর বয়সে গত অক্টোবরে মারা যায়। সেই থেকে নতুন আরেকটি অক্টোপাসের জন্য ব্যাকুল হয়ে উঠেছে পলের কল্যাণে মুফতে কামিয়ে নেওয়া সি লাইফ সেন্টার।মহিলা বিশ্বকাপটি আবার জার্মানিতেই হচ্ছে। ফলে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি সি লাইফ। প্রতিযোগিতায় অংশ নেওয়া আটটি অক্টোপাসই এরই মধ্যে আজকের জার্মানি-কানাডা ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে। এর মধ্যে পলা বলেছে, আজকের ম্যাচে হারবে জার্মানি! স্বাগতিকদের মন খারাপ করার কিছু নেই। কারণ সব মিলে পাঁচ অক্টোপাসের ৩টি বলছে জার্মানি জিতবে। ফলে অক্টোপাসের ভবিষ্যদ্বাণীতে জার্মানি এগিয়ে আছে ৩-২-এ। পাঁচটি অক্টোপাস যেকোনো একটি দলকে বেছে নিলেও বাকি তিনটি অক্টোপাস দুই বাক্সের কোনোটিতেই যায়নি। মানে কিনা এই তিনজনের ভবিষ্যদ্বাণী—ম্যাচটি হবে ড্র। দেখা যাক কার ভবিষ্যদ্বাণী ঠিক হয়!