পশ্চিমবঙ্গে খেলবেন ক্যানাভারো-ক্রেসপো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর ভেঙে আবারও ফুটবল মাঠে ফিরছেন ফ্যাবিও ক্যানাভারো। তবে নিজ দেশ ইতালি কিংবা ইউরোপের অন্য কোনো দেশে নয়, নয় পেট্রো ডলারের টানে মধ্যপ্রাচ্যের কোনো দেশেও। ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফুটবলে ফিরছেন আমাদের বাড়ির পাশের পশ্চিমবঙ্গে খেলার জন্য। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) পশ্চিমবঙ্গের ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করতে যাচ্ছে প্রিমিয়ার লিগ সকার (পিএলএস)। সেখানেই খেলবেন ৩৮ বছর বয়সী ক্যানাভারো। হাঁটুর চোটের যন্ত্রণায় মাত্র ছয় মাস আগে অবসরে যাওয়া ক্যানাভারো নিজের টুইটার অ্যাকাউন্টেও সোৎসাহে এই খবর দিয়েছেন। আইপিএলের আদলের এই প্রতিযোগিতায় অংশ নেবে ওপার বাংলার ছয়টি ফ্র্যাঞ্চাইজি—কলকাতা, হাওড়া, বারাসাত, হলদিয়া, দুর্গাপুর ও শিলিগুড়ি। প্রতি দলেই থাকতে হবে কমপক্ষে একজন করে বিখ্যাত বিদেশি খেলোয়াড় ও কোচ। প্রতিটি দল সর্বোচ্চ চারজন বিদেশিকে দলে নিতে পারবে। ক্যানাভারো ছাড়াও ইংল্যান্ডের সাবেক লিভারপুল তারকা রবি ফাউলার ও জন বার্নস, ফ্রান্সের রবার্ট পিরেস, আর্জেন্টিনার হার্নান ক্রেসপো ও পাবলো সরিন, স্পেনের ফার্নান্দো মরিয়েন্তেস ও নাইজেরিয়ার জে জে ওকোচার নামও শোনা যাচ্ছে। এঁদের কেউ খেলবেন, কেউ হবেন কোচ। প্রতিযোগিতা শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এএফপি।