পাঁঁচে থাকল মোহামেডান
গায়ে পাঞ্জাবি। মাথায় টুপি। পরনে লুঙ্গি। এমেকাকে কাল চেনাই যাচ্ছিল না। মোহামেডান কোচ লুঙ্গি পরে মাঠে চলে এসেছেন! বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিয়মনীতির কোনো বালাই নেই।মোহামেডান-ফরাশগঞ্জ ম্যাড়মেড়ে গোলশূন্য ম্যাচ শেষে সবার চোখ আটকে গেল এমেকার পোশাকে। একজন কোচ লুঙ্গি পরে এলেন, তা আয়োজকেরা দেখল না! কী পোশাক পরে মাঠে আসতে হবে, সেটা হয়তো বাইলজে লেখা নেই। তবে এমেকাকে লুঙ্গি পরা অবস্থায় দেখাটা এই লিগের আরেকটি রুগ্ণ দিক।ম্যাচ চলাকালীন এমেকা একবারও ডাগআউটে দাঁড়াননি। তাঁকে নাকি চতুর্থ রেফারি দাঁড়াতে নিষেধ করেছেন। যদিও এমেকার দাবি, তাঁকে কেউ কিছু বলেনি।ওদিকে ফরাশগঞ্জ কোচ কামাল বাবু দলের সঙ্গে ম্যাচ চলাকালীন ডাগআউটেই থাকলেন না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর নাকি মনোমালিন্য চলছে। অনুশীলন নেই দলের। তার পরও মোহামেডানের কাছ থেকে ১ পয়েন্ট নেওয়া কম নয়।শেষ বাঁশির সঙ্গে সঙ্গে দেখা গেল আরেক কাণ্ড। মোহামেডানের শরিফুল তাঁর নাইজেরিয়ান সতীর্থ যোসেফকে ধাক্কা মেরেছেন। যোসেফ দিলেন পাল্টা ধাক্কা। শরিফুলের অভিযোগ, যোসেফের প্ররোচনায় কোচ তাঁকে মাঠ থেকে তুলে নিয়েছেন এবং এই বিদেশিরা মাঠে স্থানীয়দের বল দেয় না। স্বার্থপর ফুটবল খেলে।কালকের ম্যাচের পর এসবই বড় হয়ে উঠল। নিষপ্রাণ ম্যাচে মোহামেডানকে চিনতে হয়েছে জার্সি দেখে। এমেকা এদিনও যথারীতি গজরালেন। ক্ষোভ প্রকাশ করলেন, তাঁর খেলোয়াড়েরা নাকি ‘ওয়াকিং’ ফুটবল খেলেছে। জেতার কোনো ইচ্ছাই ছিল না। এসব কথা মোহামেডানের দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই বলে আসছেন এমেকা। ভাঙা রেকর্ড বাজিয়েই চলেছেন এই নাইজেরিয়ান। জেতার ইচ্ছা দলে জাগ্রত করার দায়িত্ব কোচেরই। লিগের অর্ধেক পার করেও দলকে গতিময় ফুটবল খেলাতে পারছেন না কেন? এমেকা নানা ব্যাখ্যা হাজির করেছেন। তবে যতটা হতাশ তিনি, তার চেয়ে পয়েন্ট টেবিলে মোহামেডানের অবস্থা ভালো। তিন জয় ও চার ড্রয়ে সাদাকালোরা ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল। অবনমন অঞ্চল থেকে উঠে এসে পয়েন্ট তালিকায় অবস্থান এখন পঞ্চম। ওদিকে ১০ ম্যাচে ফরাশগঞ্জের পয়েন্ট মাত্র ৮।