আইপিএলের পঞ্চম আসরে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাস্তি পেয়েছেন ভারতের পাঁচ ক্রিকেটার। পেসার টিপি সুধীন্দ্রকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাকি চার ক্রিকেটার শ্রীবাস্তব, মনিশ মিশ্র, অমিত যাদব ও অভিনব বালি পেয়েছেন বিভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা।আইপিএলের পঞ্চম আসর চলার সময় স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে এই পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে। পরে তদন্ত শেষে দোষীও প্রমাণিত হয়েছেন তাঁরা। শ্রীবাস্তবকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই। মনিশ মিশ্র, অমিত যাদব ও অভিনব বালি পেয়েছেন এক বছরের নিষেধাজ্ঞা। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সভায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময় অভিযুক্ত তিন ক্রিকেটার সুধীন্দ্র, মিশ্র ও বালি উপস্থিত ছিলেন।এ পাঁচ ক্রিকেটারের একজনেরও ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। এখন এই নিষেধাজ্ঞার ফলে তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়। সাজাপ্রাপ্ত এই পাঁচ ক্রিকেটারের চারজনই এর আগে খেলেছিলেন আইপিএলের প্রতিদ্বন্দ্বী আইসিএলে।—পিটিআই