আইপিএলেও জড়িয়েছে স্পট ফিক্সিং বিতর্ক। ভারতের এই টি-টোয়েন্টি লিগেও কিছু খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বলে বোমা ফাটিয়েছিল ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টিভি। গতকাল সোমবার এই অভিযোগের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার এক দিন পরই অভিযুক্ত পাঁচ খেলোয়াড়কে ১৫ দিনের জন্য বরখাস্ত করেছে আইপিএলের পরিচালনা কাউন্সিল। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী ইউনিটকে বিষয়টি তদন্ত করে ১৫ দিনের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বরখাস্ত হওয়া এই পাঁচ খেলোয়াড় হলেন ডেকান চার্জার্সের টি পি সুধীন্দ্র, পুনে ওয়ারিয়র্সের মনিশ মিশ্র, কিংস ইলেভেন পাঞ্জাবের অমিত যাদব, সালাভ শ্রীবাস্তব ও অভিনব বালি। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখার কঠোর অঙ্গীকার ব্যক্ত করে ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান এন শ্রীনিবাসন বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে খেলাটার বিশুদ্ধতা রক্ষা করা হবে। বিসিসিআই এই শুদ্ধতাতেই বিশ্বাস করে। আমরা যত দ্রুত সম্ভব এ বিষয়ে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’