পাঁচ খেলোয়াড়ের কঠোর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু এশিয়া কাপ হকির অনুশীলনে যোগ দিতে খেলোয়াড়দের বাধা দিয়েছেন একজোট হয়ে। মওলানা ভাসানী স্টেডিয়ামের ডাগ আউটে বসে নজরদারি করেন জাতীয় দলের খেলোয়াড়দের ওপর। খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান (বাপ্পী) ও সাধারণ সম্পাদক আরিফুল হক (প্রিন্স) পরে কোচ নাভিদ আলমকে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটা হালকাভাবে নেয়নি হকি ফেডারেশন। কাল দুপুরে হকি ফেডারেশনের জরুরি সভায় আজীবন নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ খেলোয়াড়ের বিরুদ্ধে।পাকিস্তানি হকি কোচ নাভিদ আলমকে লাঞ্ছিত করা এবং খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দিতে বাধা দেওয়ায় আজীবন নিষিদ্ধ করা হয়েছে জাতীয় দলের সাবেক গোলরক্ষক রাসেল খানকে। আরিফুল হককে ১০ বছর এবং শামসুদ্দিন তুহিন, আশিকুজ্জামান ও জাতীয় দলের বর্তমান খেলোয়াড় আসাদুজ্জামান চন্দন প্রত্যেককে পাঁচ বছরের জন্য হকির সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে মুঠোফোনে হুমকি দিয়ে খুদে বার্তা পাঠানো আবাহনীর হকি কর্মকর্তা শহীদুল্লাহ দোলনও পাঁচ বছর নিষিদ্ধ হয়েছেন।আজীবন নিষিদ্ধ হওয়া বাপ্পী সিদ্ধান্তটা মেনে নিতে পারেননি, ‘এই সিদ্ধান্তটা অযৌক্তিক। আমি খেলোয়াড়দের স্বার্থেই কাজ করেছি। নিজের স্বার্থে কিছু করিনি। আর কোচের সঙ্গে যা ঘটেছে, তার পরই ওনার কাছে দুঃখ প্রকাশ করেছি। হাত মিলিয়ে চলে এসেছি।’ এসব খেলোয়াড়ের বিভিন্ন মেয়াদে শাস্তির পাশাপাশি আইনগত ব্যবস্থাও নিচ্ছে হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর কথা, ‘আমরা ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সেটা জিডি বা মামলা যেকোনোটিই হতে পারে।’ অভিযোগ আছে, খেলোয়াড়দের পরশু রাতে বাড়ি ফেরত যাওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি প্রত্যেককে নাকি পাঁচ হাজার করে টাকা দিয়েছিলেন খেলোয়াড় কল্যাণ সমিতির নেতারা। কিন্তু পরশু কেউ বাড়ি যাননি, কাল চারজন তাঁদের টাকা জমা দিয়েছেন ফেডারেশনে। এসব টাকার উৎস কোথায়, সেটা নিয়ে প্রশ্ন তোলেন কর্মকর্তারা।হকির কোচকে লাঞ্ছনার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদ হয়েছে। বাংলাদেশের হকির জন্য এটা দুঃখজনক আখ্যা দিয়ে সহসভাপতি বাংলাদেশের হকির কিংবদন্তি আবদুস সাদেক বললেন, ‘আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। ভয় পাচ্ছি, আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।’ তবে কোচ নাভিদ আলম এসব শঙ্কা দূরেই ঠেলে দিলেন এই বলে, ‘আমি এফআইএইচের কাছে কোনো অভিযোগ করব না। এটা বাংলাদেশের হকির অভ্যন্তরীণ সমস্যা।’ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে বলে দাবি করেছে ফেডারেশন। কাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করছেন ফেডারেশনে কে ঢুকছে, কে বের হচ্ছে। তবে এসবই বাইরের ঘটনা। এশিয়াকাপগামী জাতীয় হকি দলের খেলোয়াড়েরা কাল অনুশীলন করেছেন।