পাঁচ গোলে এমিলির ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক গোল করছেন আর আনন্দে মেতে উঠছেন সতীর্থদের সঙ্গে। গোল-খরা কাটায় একটু কি নির্ভারও হলেন না জাহিদ হাসান এমিলি? এক ম্যাচে ৫ গোল—এর চেয়ে বেশি আর কী চাইতে পারতেন তিনি! বাংলাদেশ লিগের প্রথম পর্বে করেছেন মাত্র ৬ গোল। মাঝে ডেঙ্গু জ্বরের কারণে খেলতে পারেননি দুটি ম্যাচ। এক ম্যাচে খেলেছেন শেষ কয়েক মিনিট। গত ম্যাচের আগে ম্যাচে অবশ্য একটি গোল করেছিলেন। কাল ৫ গোল করে মোহামেডান স্ট্রাইকার এক লাফে যৌথভাবে উঠে গেলেন গোলদাতার শীর্ষে। যেখানে ১২ গোল নিয়ে আগেই ছিলেন শেখ রাসেলের মরক্কান স্ট্রাইকার সামির ওমারি ও আবাহনীর ঘানাইয়ান স্ট্রাইকার শেরিফ দ্বীন মোহাম্মদ। আগের দুটি পেশাদার লিগে দুবার ম্যাচে চার গোল করেছিলেন। এবার ৫টি। যা এমিলির ব্যক্তিগত সর্বোচ্চ হলেও বাংলাদেশের পেশাদার লিগের রেকর্ড নয়। মোহামেডানেরই জার্সি পায়ে প্রথম লিগে এক ম্যাচে ৬ গোল করেছিলেন নাইজেরিয়ান পল। তা হোক, ৫ গোলও তো বিরাট ব্যাপার। এর পরও অবশ্য এমিলির একটা আক্ষেপ হয়তো থেকে যাবে। ঘরোয়া ফুটবলে এই প্রথম ৫ গোল করার দিনে এমিলি বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি থেকেও তেমন হাততালি পেলেন না। গ্যালারি যে প্রায় ফাঁকা! মোহামেডানের জার্সি গায়ে আরামবাগকে ৭-০ গোলে বিধ্বস্ত করার নায়কের অবশ্য অত কিছু নিয়ে ভাবার সময়ই ছিল না।ম্যাচের পর যখন সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে ফিরছেন, এমিলিকে দেখে মনে হচ্ছিল যেন নতুন জীবন দিল তাঁকে এই ম্যাচ। জাতীয় দলের জার্সি গায়ে শেষ ৯ ম্যাচে গোল পাননি একটিও, এমিলি ফুরিয়ে যাচ্ছেন বলে একটা রবও উঠে গিয়েছিল। খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপ চলাকালীন বলে বসলেন, ‘ওর তো জাতীয় দলেই এখন আর জায়গা হওয়া উচিত নয়।’এমিলি নিজে কিন্তু কখনো নিজের ওপর আস্থা হারাননি, ‘খারাপ সময় গেছে আমার। কিন্তু সব সময় মনে হয়েছে পুরো ফিট ও ছন্দে থাকলে গোল পাবই। আজ পুরো ফিট ছিলাম। গত কয়েকটা ম্যাচে ফিট না থাকায় প্রত্যাশা অনুযায়ী পোল পাইনি।’ আবার গোল যখন পেতে শুরু করেছেন, তখন দলবদলের আগে জানানো ‘পেশাদার লিগে ২৫ গোল করতে চাই’ লক্ষ্যটাও পূরণযোগ্য বলে মনে হচ্ছে তাঁর কাছে।৩৭, ৪৪, ৪৯, ৫৫, ৮৯ মিনিটে এমিলির ওই পাঁচটি গোল। তৃতীয়টি পেনাল্টি থেকে। দ্বিতীয় গোল হেডে। প্রথম গোল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তুলে, চতুর্থ গোল আলতো টোকায় এবং শেষ গোলটি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে। মোহামেডানের বাকি দুটি গোল নাসির চৌধুরী ও বুকোলার।১৫ দিনের মধ্যে দুই মাসের বেতন পাওয়ার আশ্বাসে দুই ম্যাচ পর মাঠে ফিরেছেন মোহামেডানের নাইজেরিয়ান ফুটবলাররা। এমেকাকে বাইরে রেখে কাল খেললেন বুকোলা ও ড্যামি। কিন্তু এমিলির গোল উৎসবে আড়ালেই পড়ে গেল তাঁদের প্রত্যাবর্তন। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট হলো ৪২। সমান ম্যাচে আবাহনীর ৪৬।