পাঁচ গ্র্যান্ডমাস্টারের নাটকীয় ঐক্য
দাবা ফেডারেশনের নির্বাচনে নানা সমীকরণের মধ্যে চোখে বিঁধছিল দাবাড়ুদের মধ্যে দ্বিধাবিভক্তিও। দাবাড়ুরা ভিন্ন দুটি প্যানেলও দাঁড় করিয়েছিলেন। কিন্তু গতকাল নাটকীয়ভাবে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছেন সব দাবাড়ু। যাঁদের নেতৃত্ব দিচ্ছেন দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার। তাঁদের ঐক্যকে দাবা অঙ্গনের জন্য সুসংবাদই বলতে হবে।দাবা ফেডারেশনের ৩১ মের নির্বাচন সামনে রেখে কাল খেলোয়াড়েরা ‘এক’ হলেন। বহুল আলোচিত এই নির্বাচনে খেলোয়াড়েরা ঐক্যবদ্ধ একটা পরিষদ দেবেন। নির্বাচন প্রভাবক বিতর্কিত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ফোরামকে এটা পাল্টা চ্যালেঞ্জই।কাল দিনভর খেলোয়াড়দের দুই পক্ষ সভা করে মতৈক্যে আসার চেষ্টা করছিল। একদিকে দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, অন্যদিকে তিন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। কাল এঁরা চারজনই এক টেবিলে আলোচনায় ছিলেন। আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান উপস্থিত না থাকলেও সিদ্ধান্তের সঙ্গে তিনি একাত্ম আছেন বলে জানা গেছে।রাতে নিয়াজ জানিয়েছেন নাটকীয় সিদ্ধান্তটি, ‘আমরা খেলোয়াড়েরা সবাই এক হয়ে গেছি। আমি সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী। কায়েস (খন্দকার কায়েস হাসান) সাধারণ সম্পাদক। আমরা খেলোয়াড়েরা সবাই মিলে একটা পরিষদ করব। ফোরামের কোনো সাহায্য আমরা নেব না। ফোরামকে একটা শিক্ষা দিতে চাই।’নিয়াজ বলে যান, ‘ঐক্য করেছি একটা শর্তে। ফোরামের কাউকে এই পরিষদে নেওয়া যাবে না। ফোরাম একটা বিষফোড়া। এদের সঙ্গে কোনো আপস নেই।’ফোরাম মানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠন। যেকোনো ফেডারেশনের নির্বাচনে যারা সবচেয়ে বড় নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়। দাবা ফেডারেশনের নির্বাচনেও এটি ছড়ি ঘোরাতে চেয়েছিল। গত পরশু নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক সব পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিল ফোরাম। সেখানে পদের ভাগ-বাঁটোয়ারাও হয়ে যায়। খন্দকার কায়েস হাসানকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে সমর্থন দেয় ফোরাম। এর আগে তারা বিদায়ী বিতর্কিত সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনকে সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পরে সমালোচনার ভয়ে সেই পথে হাঁটেনি।পরশুর এই সভায় নিয়াজকে জ্যেষ্ঠ সহসভাপতি হওয়ার প্রস্তাব দেয় ফোরাম। কিন্তু নিয়াজ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে অনড় থাকেন। জানা গেছে, কাল দুপুর থেকে বিকেল পর্যন্ত খেলোয়াড়দের আলোচনায় কোনো ফল আসেনি। আলোচনা একরকম ভেস্তেই যাচ্ছিল। এর আগেও কয়েক দফা খেলোয়াড়েরা বসেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে সমঝোতা হয়নি। সর্বশেষ চেষ্টা হিসেবে রিফাত বিন সাত্তার কাল সন্ধ্যায় নিয়াজকে ফোন করে আবার আলোচনায় আমন্ত্রণ জানান। তাতে কাজ হয়েছে। এই সভার পর রিফাত ও তৈয়বুর রহমানের নাম উল্লেখ করে নিয়াজ বললেন, ‘ঐক্য করতে ওরা ভালো ভূমিকা রেখেছে।’ খন্দকার কায়েস হাসানও দাবাড়ুদের মধ্যে ঐক্যে উচ্ছ্বসিত, ‘খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে, মোকাদ্দেসকে প্যানেলে নিয়ে নির্বাচন করতে হচ্ছে না। আশা করি, দাবার বৃহত্তর স্বার্থে জেলা ও বিভাগের সংগঠকেরাও আমাদের ভোট দেবেন।’জানা গেছে, খেলোয়াড়দের দুই পক্ষই অর্ধেক করে পদে পছন্দের প্রার্থী দেবে। চার সহসভাপতির মধ্যে নিয়াজের পছন্দের সহসভাপতি প্রার্থী, বিমানের এনামুল মির্জা। কায়েসদের পক্ষে শাহাবুদ্দিন শামীম। কোষাধ্যক্ষ পদে নিয়াজের পছন্দের রণদেব দাসকে মেনে নিয়েছে অন্য পক্ষ। খেলোয়াড়দের ঐক্যের খবর পেয়ে ক্ষুব্ধ ফোরাম। দাবাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ফোরামের বক্তব্য হচ্ছে, খেলোয়াড়েরা আগে কেন এক কাতারে এলেন না। কোনো কোনো খেলোয়াড়ের নাম ধরে গালমন্দও নাকি করছে। এখন ফোরাম তাদের মতো একটা পরিষদ জমা দেবে। কেউ কেউ জানাচ্ছেন, ফোরাম এখন মাঠে নামবে বিতর্কিত মোকাদ্দেসকে নিয়ে। তবে মোকাদ্দেসকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী করা হচ্ছে না। এই পদে আনা হচ্ছে ভোলার সাইফুল তারেককে। নির্বাচনে এখন দুটি পক্ষ। ফোরাম এত দিন সবাইকে পদ বণ্টন করেছে। এবার তাদের খবরদারি সত্যিকার চ্যালেঞ্জের মুখে।