পাঁচ জাতি এশিয়া কাপ ঢাকাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসিসির সভায় এসিসিপ্রধান এন শ্রীনিবাসনের সঙ্গে প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। কাল কলম্বোয়  রয়টার্স
এসিসির সভায় এসিসিপ্রধান এন শ্রীনিবাসনের সঙ্গে প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। কাল কলম্বোয় রয়টার্স

আনুষ্ঠানিকভাবে কেউ এখনো ব্যাপারটা নিয়ে প্রশ্ন তোলেনি। তার পরও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে এশিয়া কাপ ক্রিকেট হওয়া নিয়ে সংশয় ছিলই। কাল কলম্বোয় অনুষ্ঠিত এসিসির নির্বাহী বোর্ডের সভা সেটি আপাতত দূর করে দিয়েছে। সভা শেষে জানানো হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেই হবে ১৩তম এশিয়া কাপ ক্রিকেট। আর বাংলাদেশেই যেহেতু টুর্নামেন্টটা হবে, সভায় কোনো বিকল্প ভেন্যুও ঠিক করা হয়নি।
কাল সন্ধ্যায় কলম্বো থেকে টেলিফোনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এশিয়া কাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে আমরা আমাদের নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছি। তাতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন এবং ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেই এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’ ক্রিকইনফোকে একই কথা বলেছেন এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকও, ‘পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বাংলাদেশেই এশিয়া কাপ হবে। সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে। নিরাপত্তা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি।’
সভায় নিরাপত্তার প্রশ্নটা খুব জোরালোভাবে হয়তো ওঠেনি, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতিনিধিরা নাকি বাংলাদেশে দল পাঠানো নিয়ে সংশয় রেখে দিয়েছেন। কলম্বোর সভা শেষে কাল দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে হওয়া সংবাদ ব্রিফিংয়ে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসই জানিয়েছেন সেটা, ‘বিসিবি সভাপতি আমাকে টেলিফোনে জানিয়েছেন, পাকিস্তান নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তুলেছে। আমরা অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা পরিকল্পনা দেওয়ার পর পাকিস্তান বলেছে, তারা বিষয়টা নিয়ে তাদের সরকারের সঙ্গে কথা বলবে। সরকারের সবুজ-সংকেত পাওয়ার পরই তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশে খেলবে কি খেলবে না।’ পিসিবির সংশয়ের পরও অবশ্য এশিয়া কাপের জন্য বিকল্প কোনো ভেন্যু ঠিক করা হয়নি। তবে বাংলাদেশে কোনো কারণে এশিয়া কাপ না হলে সেটি আয়োজনের প্রস্তাব আগেই দিয়ে রেখেছে ক্রিকেট শ্রীলঙ্কা।
এশিয়া কাপের আগে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা শ্রীলঙ্কার। আর এশিয়া কাপের পর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসিসি সভার এ সিদ্ধান্তকে এসব কারণেই ইতিবাচকভাবে নিচ্ছে বিসিবি। সভায় বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ছাড়াও যোগ দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। এসিসির সভার আগে গত পরশু তিনি সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি জয়ন্থা ধর্মদাসার সঙ্গে। ‘শ্রীলঙ্কা জানুয়ারির ২৪ তারিখে বাংলাদেশে আসবে। এ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে আমাদের বোর্ড সভাপতির আলোচনা হয়েছে। শ্রীলঙ্কাও ইতিবাচক। তার পরও আমাদের দেওয়া নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবে তারা। এরপর ৮-৯ তারিখের মধ্যে বাংলাদেশে আসার ব্যাপারটা চূড়ান্তভাবে জানিয়ে দেবে’—বলেছেন জালাল ইউনুস। ৯ জানুয়ারি দুবাইয়ে আইসিসির সভা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সফরের ব্যাপারে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শ্রীলঙ্কা। এশিয়া কাপ নিয়ে আপাতত কোনো শঙ্কা না থাকলেও বাংলাদেশে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সফরটা ঠিকঠাকভাবে হওয়ার ওপরই নির্ভর করছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ। আর শ্রীলঙ্কা শেষ পর্যন্ত আসবে কি না, সেটা নির্ভর করছে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর।
এসিসির কালকের সভায় এবারের এশিয়া কাপে আফগানিস্তানকেও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তার মানে এশিয়া কাপ এবার হবে পাঁচ জাতির টুর্নামেন্ট। এ ছাড়া সভার মূল আলোচ্য বিষয় ছিল টুর্নামেন্টের টেলিভিশন সম্প্রচার স্বত্ব প্রদান। সেটা দেওয়া হয়েছে স্টার ইন্ডিয়াকে।