প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি দুর্লভ ঘটনার সাক্ষী হলো লর্ডস টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাঁচ, ছয়, সাত ও আট নম্বর ব্যাটসম্যান প্রত্যেকেই পঞ্চাশের ওপরে রান করেছেন। ১৩৫ বছরের টেস্ট ইতিহাসে ১৯৯৫টি ম্যাচে মাত্র তিনবার ঘটল এ ঘটনা। প্রথম ঘটনাটিও বেশি পুরোনো নয়। ১৯৯৯ সালে বছরের প্রথম টেস্টটিতে নিউজিল্যান্ডের পাঁচ থেকে আট নম্বর ব্যাটসম্যান পঞ্চাশের বেশি রান করেছিলেন। ভারতের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ৮৫ রানে ৪ উইকেট হারানো কিউইরা শেষ পর্যন্ত করেছিল ৪৬৪/৮ (ডি.)। এরপর ২০০৯-এর মার্চে নেপিয়ারে আবারও ভারত-নিউজিল্যান্ড টেস্টে একই ঘটনা। তবে এবার নিউজিল্যান্ডের চার থেকে আট পর্যন্ত পাঁচ ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রান করেন, যার মধ্যে ছিল ৩টি সেঞ্চুরি। চার থেকে আটের প্রত্যেকে কমপক্ষে ফিফটি করার ওই একটিই ঘটনা।