পাঁচ দিনের ম্যাচ পাঁচ ঘণ্টায় শেষ!

‘অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশকে দুই দিনের মধ্যে হারাবে।’ ২০০৪ সালে বাংলাদেশের প্রথম অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ সম্পর্কে এমন অবজ্ঞাসূচক উক্তি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ডেভিড হুকস। প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৮ উইকেটে ২৯৫ রান। হুকসকে বাংলাদেশ দিয়েছিল ভালোই পাল্টা জবাব। হুকসের সৌভাগ্য, পরের বছর অস্ট্রেলিয়া যে বাংলাদেশের বিপক্ষে হারতে হারতে জিতেছিল সেটাও দেখতে হয়নি তাঁকে।
বাংলাদেশের সঙ্গে না পারলেও টেস্টে অস্ট্রেলিয়ার এমন এক কীর্তি কিন্তু সত্যিই আছে। ১৯৩২ সালের আজকের এই দিনে শেষ হওয়া যে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে অস্ট্রেলিয়ার সময় লেগেছিল মাত্র পাঁচ ঘণ্টা। ১২ ফেব্রুয়ারি শুরু মেলবোর্ন টেস্টটা শেষ হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। তারিখের হিসাব দেখলে মনে হবে ম্যাচটি হয়েছে চার দিন। কিন্তু সে সময় টেস্টে এক দিনের বিরতি থাকত। তা ছাড়া বৃষ্টির কারণেও ম্যাচে দীর্ঘ সময় বিরতি ছিল। সেই টেস্টে সব মিলিয়ে মাঠে খেলা হয়েছে মাত্র পাঁচ ঘণ্টা।
|প্রথমে ব্যাট করে ২৩.২ ওভারে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে অস্ট্রেলিয়া ৫৪.৩ ওভারে ১৫৩ রানে অলআউট হয়। ১১৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে ম্যাচটি হারে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে ১০৯.২ ওভার খেলা হয়েছিল ম্যাচটিতে। ফল দেখেছে এমন টেস্টগুলোর মধ্যে এটিই ঘণ্টা বা বলের হিসাবে সবচেয়ে স্বল্প আয়ুর টেস্ট।
১৯৩১-৩২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচ ছিল সেটি। পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জক ক্যামেরন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে দৃঢ় প্রতিজ্ঞ অস্ট্রেলিয়ান বোলাররা মেলবোর্নের সেই পিচকে বানিয়ে ফেলেন মৃত্যুকূপ। ভয়াবহ লজ্জাতেই পড়ে যান প্রোটিয়া ব্যাটসম্যানরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন স্কোর ছিল ৮০ রান। তবে টেস্টে ৩৬ রান দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোরও নয়। ১৮৯৬ সালের ফেব্রুয়ারিতেই ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯২৪ সালেও ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানে আরেকবার অলআউট হওয়ার লজ্জায় পড়তে হয় তাদের। ৩৫ রানেও একবার অলআউট হয়েছিল প্রোটিয়ারা। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন পাঁচটি স্কোরের চারটিই দক্ষিণ আফ্রিকার নামের পাশে!
তবে ওই চারটি ম্যাচে যে লজ্জায় পড়তে হয়নি, ১৯৩২ সালে মেলবোর্নে টেস্টে সেই লজ্জাই ছুঁয়ে যায় তাদের। সবচেয়ে কম সময়ের ব্যবধানে ম্যাচ হারার লজ্জা।
১২ ফেব্রুয়ারি শুরু হওয়া টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকানদের জন্য দুঃস্বপ্ন দিয়ে শুরু হয়েছিল। অস্ট্রেলিয়াও ১৫৩ রানে অলআউট হয়ে গেলে প্রথম দিনেই ম্যাচের তৃতীয় ইনিংস শুরু হয়ে যায়। ১ উইকেটে ৫ রান নিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। ১৩ ফেব্রুয়ারি তুমুল বৃষ্টির কারণে খেলা হয়নি। ১৪ ফেব্রুয়ারি ছিল টেস্টটির রেস্ট ডে। ১৫ ফেব্রুয়ারি তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা যখন ব্যাট করতে নামে তখন ঘড়িতে দুইটা বেজে ১৮ মিনিট। দুই দিনের বৃষ্টিতে আউটফিল্ডের অবস্থা খারাপ থাকায় এই বিলম্বে শুরু।
বিলম্বিত এই শুরুও অবশ্য বাঁচাতে পারেনি আফ্রিকাকে। শেষ বিকেলে অস্ট্রেলিয়ার অধিনায়ক দুই প্রান্ত দিয়েই স্পিন আক্রমণ চালান। প্রথম ইনিংসে ৬ রানে ৫ উইকেট নেওয়া আয়রনমঙ্গার এবার ১৮ রানে নেন ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় মাত্র ৪৫ রানে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮১ রান। যেটি দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে কম রানের রেকর্ড। খেলাও হয়েছে সব মিলিয়ে ৫ ঘণ্টা ৫৩ মিনিট। বল হয়েছে ৬৫৬টি। ফল হওয়া সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচের রেকর্ড।
দুই দিনে টেস্ট শেষ হওয়ার ঘটনা অবশ্যই এটিই একমাত্র নয়। দুই দিনে শেষ হওয়া ম্যাচের সংখা ১৬টি। ওভারের দিক থেকে দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্টটি ছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার। ১১২ ওভারে যে টেস্ট সমাপ্তি ঘটেছিল। ক্রিকেট ইতিহাসের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম টেস্টটিও অস্ট্রেলিয়া জিতেছিল দুই দিনেই। অস্ট্রেলিয়া আরও দুবার দুই দিনে টেস্ট জিতেছিল। এর মধ্যে ইংল্যান্ডকে ১৯২১ সালে দুই দিনে হারানোর পরের টেস্টেই অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল দুই দিনে।
হুকসের আত্মা জেনে হয়তো কষ্ট পাবে। দুই দিনে টেস্ট হারার ‘কৃতিত্ব’ অস্ট্রেলিয়ার থাকলেও বাংলাদেশের কিন্তু নেই!