পাঁচ নতুনের আবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস রদ্রিগেজ,রাহিম স্টার্লিং,পল পগবা,আদনান ইয়ানুজাই,উইলিয়াম কারভালহো
জেমস রদ্রিগেজ,রাহিম স্টার্লিং,পল পগবা,আদনান ইয়ানুজাই,উইলিয়াম কারভালহো

মেসি-রোনালদো-নেইমার, বিশ্বকাপ কার? আলোচনায় আছে আরও অনেক নাম৷ তবে চেনা নামগুলোর আড়ালে বিশ্বকাপ মাতাতে পারেন একেবারেই উঠতি কয়েকটি নাম৷ ব্রাজিলে চোখ রাখতে পারেন এই পাঁচ তরুণ ফুটবলারের দিকে
আদনান ইয়ানুজাই (উইঙ্গার, বেলজিয়াম)
দেশের জার্সি গায়েই চাপাননি এখনো৷ অথচ তিনিই বিশ্বকাপের তরুণ তুর্কিদের তালিকায়! ইতিহাসটা যাঁরা জানেন না, তাঁদের যেতে হবে একটু পেছনে৷ পারিবারিক সূত্রে খেলার সুযোগ ছিল আলবেনিয়া, তুরস্ক, সার্বিয়া ও কসোভোতে৷ শেষ পর্যন্ত নিজে বেছে নিয়েছেন জন্মভূমি বেলজিয়ামকে৷ তাঁকে নিয়ে কয়েকটি দেশের টানাটানি ছিল বয়সভিত্তিক পর্যায় থেকেই৷ প্রতিভা আর সামর্থ্যের সবচেয়ে বড় সার্টিফিকেট তো এটাই! তিন বছর আগে আন্ডারলেখট থেকে এই কিশোর প্রতিভাকে আনে ম্যানচেস্টার ইউনাইটেড৷ সিনিয়র দলে অভিষেক গত আগস্টে, অক্টোবরে সান্ডারল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে দলকে জিতিয়ে এসেছেন আলোয়৷ এবার বিশ্বকাপে আলো ছড়ানোর পালা৷ ১৯ বছর বয়সী উইঙ্গারকে নিয়ে রায়ান গিগস তো বলেই দিয়েছেন, ‘আদনান এমন একজন, যে এখনই মাতাতে পারে বিশ্বকাপের মতো আসর৷’
পল পগবা (মিডফিল্ডার, ফ্রান্স)
ম্যানচেস্টার ইউনাইটেডের বেঞ্চ গরম করতে করতে ত্যক্ত-বিরক্ত হয়ে দুই বছর আগে পাড়ি জমিয়েছিলেন জুভেন্টাসে৷ ক্লাব বদলে ভাগ্য বদল হয়েছে ম্যাজিকের মতো৷ গত দুই মৌসুমেই ক্লাবের হয়ে সিরি ‘আ’ জিতেছে, যাতে তাঁর অবদান যথেষ্টই৷ পছন্দের জায়গা সেন্ট্রাল মিডফিল্ড হলেও খেলতে পারেন মাঝমাঠের সব জায়গায়৷ টেকনিক দুর্দান্ত, জুড়ি নেই দূরপাল্লার শটে গোল করায়৷ ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তো মুগ্ধ ২১ বছর বয়সী এই মিডফিল্ডারে, ‘অ্যাথলেটিসিজমের সঙ্গে শক্তি আর টেকনিকের দারুণ সমন্বয় আছে ওর মধ্যে৷ একজন মিডফিল্ডারের যা যা প্রয়োজন, ওর ভেতর আছে সবিকছুই৷’
উইলিয়াম কারভালহো (মিডফিল্ডার, পর্তুগাল)
লুইস ফিগো আর ক্রিস্টিয়ানো রোনালদোকে তৈরি করে দিয়েছে যে একাডেমি, স্পোর্টিং লিসবনের সেই বিখ্যাত একাডেমির সাম্প্রতিক উজ্জ্বলতম নক্ষত্র উইলিয়াম কারভালহো৷ ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন স্পোর্টিংয়ের একাডেমিতে, ১৯ বছর বয়সে অভিষেক সিনিয়র দলে৷ দুই মৌসুম ধারে অন্য দুই ক্লাবে খেলার পর এই মৌসুমেই থিতু হয়েছেন স্পোর্টিংয়ে৷ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে গত নভেম্বরে জায়গা পেয়েছেন জাতীয় দলেও৷ ২২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকে নজর আছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর৷ বিশ্বকাপ হতে পারে তাঁর জন্য বিশ্বমঞ্চে নিজেকে চেনানোর সুযোগ৷
জেমস রদ্রিগেজ (মিডফিল্ডার, কলম্বিয়া)
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার৷ কলম্বিয়ার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার কার্লোস ভালদেরামা নিজেই রদ্রিগেজকে বলেছেন তাঁর উত্তরসূরি৷ গতি, ড্রিবলিং, সৃষ্টিশীলতা, নিয়ন্ত্রণ, শটের জোর দেখে অনেকে আবার খঁুজে পান তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া৷ গত বছর পোর্তো থেকে মোনাকো তাঁকে কিনেছে ৪৫ মিলিয়ন ইউরোতে৷ কলম্বিয়ার ইতিহাসেই তাঁর চেয়ে দামি ফুটবলার কেবল একজন (রাদামেল ফ্যালকাও)! মাত্র ২২ বছর বয়সেই এই মিডফিল্ডার হয়েছে উঠেছেন কলম্বিয়া দলের প্রাণভোমরা৷
রাহিম স্টার্লিং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার যেমন চমকে দিয়েছে লিভারপুল, মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়েছেন স্টার্লিং৷ ক্লাবের হয়ে করেছেন গুরুত্বপূর্ণ কিছু গোল৷ মূলত উইঙ্গার হলেও লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স মাঝেমধ্যেই খেলিয়েছেন মাঝখানে৷ দারুণ সফল সেখানেও৷ দারুণ গতি আর ব্যালান্স তাঁর বড় শক্তি৷ বিশ্বকাপ একাদশে হয়তো নিয়মিত জায়গা পাবেন না ১৯ বছর বয়সী উইঙ্গার, তবে অল্প সময়ের উপস্থিতিতেই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য৷ এএফপি৷