পাঁচ বছর নিষিদ্ধ শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প ‘শাস্তিতেই’ মনে হয় পার পাচ্ছেন শাহরুখ খান। আজীবন নয়, বলিউড মহাতারকা ও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিককে পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে এমসিএ (মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন)। আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান রাজীব শুক্লা অবশ্য বলেছেন, নিষেধাজ্ঞা এখনো চূড়ান্ত নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। বুধবার ওয়াংখেড়েতে কলকাতা ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ শেষের অনেক পরে মাঠে ঢোকা নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলা হয় শাহরুখের। এমসিএর অভিযোগ, নিরাপত্তাকর্মীদের লাঞ্ছিত করেছেন বলিউড তারকা, এমসিএ কর্তাদেরও গালিগালাজ করেছেন। ঘটনার রাতেই মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ করে এমসিএ। পরদিন এমসিএর কোষাধ্যক্ষ রবি সাবান্ত বলেছিলেন, ওয়াংখেড়েতে আজীবন নিষিদ্ধ করা হবে শাহরুখকে। কাল জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন এমসিএ প্রেসিডেন্ট বিলাস রাও দেশমুখ, ‘এমসিএ ব্যবস্থাপনা কমিটি শাহরুখকে পাঁচ বছরের জন্য ওয়াংখেড়েতে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। ঘরোয়া-আন্তর্জাতিক সব ম্যাচের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। অ্যাসোসিয়েশনের সম্মান রক্ষার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ শুক্লা অবশ্য দাবি করেছেন, নিষিদ্ধ করার এখতিয়ার এমসিএর নেই, ‘রাজ্য সংস্থাগুলো কেবল সুপারিশ করতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। ব্যাপারটা যখন বিসিসিআইয়ের কাছে আসবে, তখন নিষেধাজ্ঞার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।’তবে এমসিএ যে সহজে ছাড় দেবে না, সেটাও নিশ্চিত দেশমুখের কথায়, ‘বিসিসিআই আমাদের অভিভাবক সংস্থা এবং যা হয়েছে, আমরা তাদের লিখিত জানিয়েছি। বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর আমাদের কোনো নিয়ন্ত্র্রণ নেই। কিন্তু আমরা স্বাধীন প্রতিষ্ঠান, ওয়াংখেড়ে আমাদের সম্পত্তি।’এই সিদ্ধান্তের পর শাহরুখের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরশু বলেছিলেন, তিনি মোটেও ক্ষমা চাইবেন না। বরং দুর্ব্যবহার করার জন্য ক্ষমা দাবি করেন এমসিএ কর্তাদের কাছ থেকে। তাঁকে আজীবন নিষিদ্ধ করা হতে পারে এটা শোনার পর বলেছিলেন, ‘আমার সঙ্গে যদি এমন আচরণ করা হয়, তবে প্রয়োজন নেই আমার ওয়াংখেড়েতে যাওয়ার।’ ওয়েবসাইট।