পাঁচ বছর নিষিদ্ধ শাহরুখ!
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খানের প্রবেশের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে শাহরুখের ওপর আজ শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্তৃপক্ষ। ১৬ মে বুধবার রাতে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেট ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়েছিলেন শাহরুখ। একপর্যায়ে কলকাতা নাইট রাইডার্স দলের সাজঘরে গিয়ে হাজির হন শাহরুখ ও তাঁর দেহরক্ষীরা। সেখান থেকে বের হয়ে তাঁরা মূল খেলার মাঠে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পড়েন শাহরুখ। তাঁকে বলা হয়, কোনোভাবেই ভেতরে যেতে পারবেন না তিনি। এমসিএয়ের অভিযোগে বলা হয়েছে, এতে শাহরুখ ক্ষিপ্ত হয়ে ওঠেন, অশালীন ভাষা ব্যবহার করেন এবং এমসিএ কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এ ঘটনায় ওই দিনই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে এমসিএ। তাঁর বিরুদ্ধে মাতলামি করার অভিযোগও আনা হয়। অভিযোগ অস্বীকার করে শাহরুখ বলেন, তিনি তাঁর ছেলেমেয়েকে ওই স্থান থেকে সরিয়ে আনতে যান।এর আগে জয়পুর স্টেডিয়ামে জনসমক্ষে সিগারেট ফুঁকে সমালোচিত হয়েছিলেন শাহরুখ খান। ওই ঘটনায়ও মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে।