পাঁচ বছরে পাঁচ শিরোপা
আগামী পাঁচ বছরে কমপক্ষে পাঁচটি শিরোপা এনে দিতে হবে। পরবর্তী কোচের সামনে এই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি (ম্যানসিটি)। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।দেড় সপ্তাহ আগে বরখাস্ত হন সিটির ম্যানেজার রবার্তো মানচিনি। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এ মৌসুমে কোনো লক্ষ্য পূরণ করতে না পারায় বরখাস্ত করা হয়েছে মানচিনিকে। মৌসুম শেষে ম্যানসিটির দায়িত্ব পেতে পারেন মালাগার কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি।পরবর্তী কোচের কাছে প্রত্যাশা কী? আজ শুক্রবার ব্রিটিশ একটি সংবাদপত্রের এমন প্রশ্নের জবাবে ম্যানসিটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো বলেন, ‘যদি আগামী পাঁচ বছরের দিকে তাকাই, পাঁচটি শিরোপা চাই আমরা। এক বছর কোনো শিরোপা নেই, তবে পরের বছর দুটি শিরোপা জিতলাম, এমনটাও হতে পরে। গড়ে প্রতিবছর একটি শিরোপা জিততে চাই আমরা।’গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে ম্যানসিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন রবার্তো মানচিনি। সেটি ছিল ৪৪ বছর পর সিটির প্রথম শিরোপা। কিন্তু এক মৌসুমের মাথায়ই বদলে যায় সবকিছু। এফএ কাপের ফাইনালে উইগান সিটির বিপক্ষে পরাজয়টাই বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় মানচিনির। তাঁকে বরখাস্ত করা হতে পারে—এমন একটি খবর চাউর হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। একই আশঙ্কা করছিলেন তিনি নিজেও। দুই দিন যেতে না-যেতেই ব্যাপারটি সত্যি হয়।লক্ষ্যপূরণ করতে না পারার অভিযোগে মানচিনিকে বরখাস্ত করা হলেও তাঁর প্রতি অবশ্য কৃতজ্ঞতার কমতি নেই সিটির। প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর কথায়ও তা স্পষ্ট, ‘রবার্তো মানচিনি ক্লাবের জন্য সত্যি দারুণ কিছু করেছেন। তিনি ফুটবলারদের মানসিকতায় পরিবর্তন এনেছেন। যে ক্লাবটি জিততে ভুলে গিয়েছিল, সেটাকে জিতিয়েছেন। কাজটা খুবই কঠিন।’