পাঁচ বছরেও হয়নি জিএম টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব যুব দাবায় রুপা জিতেছে ফাহাদ রহমান। ঢাকায় ফিরেই সে জানিয়েছে, ‘বিশ্ব জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হয়ে সরাসরি গ্র্যান্ডমাস্টার হতে চাই।’ টুর্নামেন্ট খেলে ধীরে ধীরে রেটিং বাড়িয়ে আন্তর্জাতিক মাস্টার, গ্র্যান্ডমাস্টার হওয়ার মতো ধৈর্য নেই বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টারের!

ফাহাদের বুকের মধ্যে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নটা এখন সজীব। কিন্তু এ দেশের আরও অনেক দাবাড়ুরই গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার স্বপ্নটা হারিয়ে গেছে। দাবার ঘরোয়া টুর্নামেন্ট নিয়মিত হচ্ছে না। হচ্ছে না কোনো গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টও। দাবা ফেডারেশনের আয়োজনে সর্বশেষ জিএম টুর্নামেন্ট হয়েছে সেই ২০০৯ সালে। পাঁচ বছর পেরিয়ে গেলেও এ ধরনের আর কোনো টুর্নামেন্ট করতে পারেনি ফেডারেশন। শুধু ব্যক্তিগত উদ্যোগে সিক্স সিজনস নামে দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করেছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।

বাংলাদেশে এখন পাঁচজন গ্র্যান্ডমাস্টার। দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন নিয়াজ মোরশেদ ১৯৮৭ সালে। সর্বশেষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। শেষ নর্মটা পান ২০০৮ সালে। জিএম হওয়ার পাইপলাইনে এখন কোনো দাবাড়ু নেই। এখন দেশে আন্তর্জাতিক মাস্টার আছেন তিনজন। এঁদের মধ্যে সবচেয়ে সক্রিয় মিনহাজউদ্দিন আহমেদ সাগর ও আবু সুফিয়ান শাকিল। এঁদের পূর্বসূরি জিল্লুর রহমান চম্পক যুক্তরাষ্ট্রপ্রবাসী। আন্তর্জাতিক মহিলা মাস্টার দুজন—রানী হামিদ ও শামীমা আক্তার লিজা। পুরুষ ফিদে মাস্টার ১৪ জন, মহিলা ৬ জন। রেটেড খেলোয়াড় ৫৮২ জন। এই হচ্ছে বাংলাদেশের দাবাড়ুদের পরিসংখ্যান! নিয়মিত টুর্নামেন্ট হচ্ছে না বলে রেটিংও বাড়ছে না দাবাড়ুদের।

১৯৮২ সালের পর এই প্রথম গত বছরে জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র দাবা করতে পারেনি ফেডারেশন। এখনো হয়নি গত বছরের জাতীয় মহিলা দাবার চূড়ান্ত পর্ব। সব মিলিয়ে ফেডারেশনের ক্রীড়াপঞ্জিতে লেগেছে ভজকট।

দাবার সামগ্রিক অবস্থায় খুবই হতাশ গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, ‘হতাশার কথা বলতে এখন আর ভালো লাগে না। শুধু জিএম টুর্নামেন্ট নয়, আইএম টুর্নামেন্টও গত কয়েক বছরে হয়নি। খুবই হতাশাজনক। আমার মনে হয়, আমাদের দাবাড়ুদের বুঝি এটাই প্রাপ্য।’ রাকিবের দৃষ্টিতে টুর্নামেন্ট অনিয়মিত হয়ে পড়লে সবচেয়ে ক্ষতি সম্ভাব্য জিএমদের, ‘সাগর, শাকিলদের এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন টুর্নামেন্টের। কিন্তু ওরা খেলারই সুযোগ পাচ্ছে না।’ এই উপমহাদেশে শুধু ভারত ও বাংলাদেশেই গ্র্যান্ডমাস্টার আছেন। গর্বের এই জায়গাটা কত দিন ধরে রাখতে পারবে বাংলাদেশ?

কেন টুর্নামেন্টের আয়োজন করতে পারছে না ফেডারেশন? সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক মনে করেন স্পনসরের অভাবই প্রধানতম কারণ, ‘এমন বড় মাপের জিএম টুর্নামেন্ট ব্যয়বহুল। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় সমস্যা স্পনসর। দায়সারাভাবে করলেও ৫০ লাখ টাকা লাগবে। বিশ্বের বিভিন্ন দেশের জিএমদের আবাসন, পকেটমানি, ভেন্যু সব মিলিয়ে অল্পতে কিছু সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি হয়তো একটা জিএম টুর্নামেন্ট করব।’ কিন্তু নির্দিষ্ট করে বলতে পারলেন না কবে হবে জিএম টুর্নামেন্ট। আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই জুনিয়র, সাব-জুনিয়র আয়োজন করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি, ‘এমন পরিস্থিতে কোন অভিভাবক তাদের ছেলেমেয়েদের এনএসসির সামনে খেলতে পাঠাবেন?’