পাঁচ মিনিটে দিশেহারা শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশি বাজতেই সেজদায় লুটিয়ে পড়লেন ফেনী সকারের গোলরক্ষক মোহাম্মদ নেহাল। ডাগ-আউটে আনন্দ-নাচ শুরু করেছেন কোচ, বেঞ্চের খেলোয়াড়, কর্মকর্তারা। করারই কথা। লিগ শিরোপাপ্রত্যাশী শেখ জামাল ধানমন্ডির সঙ্গে ২-২ গোলে ড্র। জয়ের সমান এই ড্রয়ে সকার যেন আকাশে উড়ল!
তবে এই ম্যাচে ৩ পয়েন্টই পেতে পারত স্বাধীনতা কাপের ফাইনালিস্টরা। অন্তিম মুহূর্তে জামালের গোলরক্ষক জিয়াকে একা পেয়েও চুকা চার্লস বল পাঠালেন বাইরে। শট নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলেন।
অথচ ম্যাচের প্রথম ৩০ মিনিট যেভাবে খেলেছে শেখ জামাল, মনে হচ্ছিল বড় জয় নিয়েই ফিরবে। তখন পর্যন্ত ২-০ গোলে এগিয়ে জামাল। কিন্তু পরের পাঁচ মিনিটে মহানাটকীয়তা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ভোজবাজির মতো সব পাল্টে ম্যাচে ফিরে এল সকার! দুটি গোল করলেন সকারের চার্লস ও কাব্বা। সমতায় ফিরে কোচ ওমর সিসে নিলেন রক্ষণাত্মক কৌশল। গোলের চেষ্টা করেও ব্যর্থ সনি নর্দে, ওয়েডসনরা।
শেখ জামালের মাঝমাঠের বড় ভরসা অধিনায়ক মামুনুল ইসলাম গত দুই ম্যাচে ছিলেন দর্শক। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও কাল খেললেন শেষ আধঘণ্টা। তাতেও কাজ হলো না। কেন এই ড্র? হতাশ মামুনুল দায় চাপালেন মাঠ নিয়ে বিতর্কের ওপর, ‘শেখ জামাল মাঠে এখন চাইলেও আগের মতো অনুশীলন করতে পারি না। সাধারণ লোকজন মাঠে ঢুকে খেলে। এরই প্রভাব পড়ছে খেলায়।’
তবে কোচ আপুসি মাঠের ওপর দোষ না চাপিয়ে আসল রোগটা ধরতে পেরেছেন, ‘ডিফেন্ডাররা মনোযোগী ছিল না। তাই পাঁচ মিনিটের মধ্যে দুই গোল খেয়েছি আমরা।’ নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসির এদিন খেলতে পারেননি কার্ড সমস্যায়। সুযোগটা ভালোই নিয়েছে সকার। একই সঙ্গে প্লে-মেকার সনি নর্দেকে বোতলবন্দী করে রাখতে পেরেছে সিসের দল। নর্দে তবু দু-তিনবার চেষ্টা করেছেন, তবে তাঁর সামনে বাধার দেয়াল তোলেন সকার গোলরক্ষক নেহাল।
১৪ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে ওয়েডসনের দুর্দান্ত শটে ১-০। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই নাইজেরিয়ানই। দুই গোলে এগিয়ে জয়টা দেখতে পাচ্ছিল শেখ জামাল। কিন্তু ৩২ মিনিটে জামালের দিদারের ব্যাকপাস থেকে বল ধরে ২-১ করে দিলেন চার্লস। ৩৫ মিনিটে রমজানের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে সমতায় ফেরান কাব্বা।
মৌসুমের সবচেয়ে শক্তিশালী দলের সঙ্গে ড্র। সকারের কোচ ওমর সিসের আনন্দ যেন আর ধরছিল না, ‘ছেলেরা দুর্দান্ত খেলেছে। শেখ জামাল অনেক কঠিন প্রতিপক্ষ। ওদের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিতে পেরে আমি খুশি।’
এই ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবশ্য জামালই। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আটে সকার।