পাঁচ ম্যাচ নিষিদ্ধ মরিনহো
শুধু লাল কার্ডে শেষ হয়ে যাচ্ছে না। আরও বড় শাস্তিই পেতে চলেছেন হোসে মরিনহো। পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম পর্ব শেষে মরিনহো ঝাঁজাল ভাষায় আক্রমণ করেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। মন্তব্য করেন, উয়েফা সব সময়ই বার্সেলোনাকে জিতিয়ে দেয়।আচরণবিধি লঙ্ঘন করায় এই পর্তুগিজ কোচকে এই শাস্তি দিল উয়েফার ডিসিপ্লিনারি কমিটি। এরই মধ্যে একটি ম্যাচে নিষিদ্ধ ছিলেন। বাকি চার ম্যাচের একটি তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম তিন ম্যাচে ডাগ-আউটে বসতে পারবেন না মরিনহো। পরবর্তী তিন বছরের মধ্যে আবারও নিয়মভঙ্গ করলে আপনাআপনি স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে। পাঁচ ম্যাচের পাশাপাশি ৫০ হাজার ইউরোও জরিমানা করা হয়েছে মরিনহোকে।বার্সার বদলি গোলরক্ষক হোসে পিন্টোও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন। ২৮ মে ওয়েম্বলির ফাইনালে তাই ভিক্টর ভালদেসের বিকল্প হিসেবে বেঞ্চে অন্য কাউকে রাখতে হবে বার্সাকে। ক্লাব অবশ্য মরিনহোর পাশেই আছে। এই রায়ের বিরুদ্ধে আবেদন করবে রিয়াল। সমর্থকদের উগ্র আচরণের কারণে বাড়তি ২০ হাজার ইউরোও গুনতে হবে তাদের। এএফপি।