পাঁচ হাজার কোটি টাকার খেলোয়াড় বেচেছে স্প্যানিশ লিগ!

গ্যারেথ বেল ১০০ মিলিয়ন ইউরোয় লা লিগায় খেলতে এসে রেকর্ড সৃষ্টি করতে পারেন, কিন্তু লিগ হিসেবে লা লিগা রেকর্ড সৃষ্টি করেছে খেলোয়াড় বিক্রিতে। এবারের মৌসুমের দলবদলে লা লিগার ক্লাবগুলো খেলোয়াড় কিনতে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, তার চেয়ে অনেক বেশি টাকায় খেলোয়াড়দের বাইরের লিগে বিক্রি করে দিয়েছে।
স্পেনের ‘প্রাইম টাইম স্পোর্ট’ নামের একটি ক্রীড়া সাময়িকী এই তথ্য প্রকাশ করেছে। সাময়িকীটি বলছে, এবারের দলবদলে লা লিগা যেখানে খেলোয়াড় কিনতে ৩৮৮ মিলিয়ন ইউরো খরচ করেছে, সেখানে খেলোয়াড় বিক্রি থেকে স্প্যানিশ লিগটির আয় ৪৮০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় খেলোয়াড় বেচে এবার ৪ হাজার ৯১৯ কোটি টাকা আয় করেছে লা লিগা, যেটি যেকোনো ফুটবল লিগের ইতিহাসে একটি রেকর্ড।
লিগ হিসেবে লা লিগার এবারের নিট লাভ ৯২ মিলিয়ন ইউরো। এর মধ্যে রিয়াল মাদ্রিদ খেলোয়াড় কিনতে খরচ করেছে ১৮৩ মিলিয়ন ইউরো। বার্সেলোনার খরচ ৫৭ মিলিয়ন ইউরো। বার্সা ব্রাজিলের সান্তোস থেকে নেইমারকে নিয়ে আসার বাইরে কাউকে কেনেনি। কয়েকজন ডিফেন্ডারের পেছনে ছুটলেও শেষ পর্যন্ত কাউকেও দলে টানতে পারেনি তারা।
রিয়াল-বার্সার বাইরে দলবদলে খেলোয়াড় ক্রয়ে কোনো অর্থ ব্যয় না করা কমপক্ষে চারটি ক্লাব আছে লা লিগায়। আর নয়টি ক্লাব দলবদলে সাকল্যে খরচ করেছে তিন মিলিয়ন ইউরো করে। এ ধরনের হিসাব-নিকাশ ও পরিসংখ্যান উল্লেখ করে ‘প্রাইম টাইম স্পোর্ট’ তাঁদের প্রতিবেদনে লা লিগার ক্লাবগুলোর খেলোয়াড় কেনার মানসিকতার চেয়ে বিক্রির মানসিকতার ব্যাপারটিও উল্লেখ করেছে বেশ স্পষ্ট করেই।
‘প্রাইম স্পোর্ট’-এর তথ্যানুযায়ী, রিয়াল মাদ্রিদ দলবদলে গত পাঁচ বছরে খরচ করেছে ৬১১ মিলিয়ন ইউরো। অন্যদিকে, বার্সেলোনার খরচ ৩৪৮ মিলিয়ন ইউরো।
এবারের দলবদলে লা লিগা থেকে চলে যাওয়া খেলোয়াড়দের তালিকায় আছেন মেসুত ওজিল (রিয়াল থেকে আর্সেনালে), আলভারো নেগ্রেদো, জেসাস নাভাস (সেভিয়া থেকে ম্যানচেস্টার সিটি), রবার্তো সলদাদো (ভ্যালেন্সিয়া থেকে টটেনহাম হটসপার), রাদামেল ফ্যালকাও (অ্যাটলেটিকো থেকে মোনাকো)। লা লিগা থেকে বেরিয়ে যাওয়া খেলোয়াড়েরা ইউরোপের বিভিন্ন লিগে ছড়িয়ে ছিটিয়ে গেলেও লা লিগা এবারের দলবদলে সবচেয়ে বেশি খেলোয়াড় রপ্তানি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। এই তথ্যটিও গুরুত্বপূর্ণ মানছে ‘প্রাইম স্পোর্ট’।
‘প্রাইম স্পোর্ট’-এর প্রতিবেদনে বেরিয়ে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কয়েকটি মৌসুম ধরেই খেলোয়াড় বিক্রিতে সবচেয়ে তত্পর রিয়াল মাদ্রিদ। সর্বশেষ পাঁচটি মৌসুমে খেলোয়াড় বিক্রি করে রিয়ালের আয় ২৬০ মিলিয়ন ইউরো। এই হিসাবে রিয়ালের পরপরই আছে অ্যাটলেটিকো মাদ্রিদ (২২০ মিলিয়ন ইউরো) , ভ্যালেন্সিয়া (২১৫ মিলিয়ন ইউরো)। খেলোয়াড় বিক্রিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে অনেকটাই পিছিয়ে বার্সেলোনা। তাঁদের আয় ১৪৫ মিলিয়ন ইউরো।
লা লিগার ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনা খেলোয়াড় বিক্রির ব্যাপারে অনেকটাই নির্লিপ্ত। সাধারণত এই বার্সা তাদের সমৃদ্ধ একাডেমির খেলোয়াড়দের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। নিজেদের তৈরি খেলোয়াড়দের অন্য প্রতিদ্বন্দ্বীদের কাছে বিক্রি করে দেওয়ার ব্যাপারেও তাদের রয়েছে বড় ধরনের অনাগ্রহ। বার্সেলোনার পথ অনুসরণ করে চলেছে অ্যাথলেটিক বিলবাওও। কাতালানরা যেমন বার্সেলোনাকে খেলোয়াড় সরবরাহ করে চলেছে, ঠিক তেমনি বস্ক বংশোদ্ভূত দিয়ে দল চালাচ্ছে বিলবাও। সূত্র: রয়টার্স।