পাঁচ হ্যাটট্রিকের গল্প

এই একটি ব্যাপারে বাংলাদেশ ক্রিকেটে ‘কুলীন’ অনেক দেশের চেয়েই এগিয়ে। যে হ্যাটট্রিককে ক্রিকেটে এক চরম আরাধ্য আশীর্বাদ হিসেবে ধরা হয়; যাকে ভাগ্যবানদের কীর্তি হিসেবে মনে করা হয়, সেই কীর্তিতে বাংলাদেশের নাম একবার-দুইবার নয়, উঠে গেছে পাঁচ-পাঁচটিবার। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অলক কাপালি, শাহাদাত হোসেন, আবদুর রাজ্জাক, সোহাগ গাজীর পর বাংলাদেশের পক্ষে পঞ্চম হ্যাটট্রিক-হিরো হিসেবে ক্রিকেট ইতিহাসে অমর কীর্তিগাথা রচনা করলেন রুবেল হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্বটা অলক কাপালির। তাঁর হ্যাটট্রিকটি অবশ্য এসেছিল টেস্ট ম্যাচে; পাকিস্তানের বিপক্ষে। আজ থেকে ১০ বছর আগে, ২০০৩ সালের ২৯ আগস্ট পেশোয়ারে তিনি সেই অনন্যকীর্তির উপাখ্যান রচনা করেছিলেন। পরপর তিন বলে শাব্বির আহমেদ, দানিশ কানেরিয়া আর উমর গুলকে আউট করে গোটা দেশকে ভাসিয়েছিলেন প্রথম হ্যাটট্রিকের এক বিরল আনন্দে।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিকটি আসে টেস্টের হ্যাটট্রিক-কীর্তিরও তিন বছর পর। ২০০৬ সালের ওই আগস্ট মাসেই। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিকের সেই কীর্তি গড়েছিলেন। শাহদাতের ঝড়ে সেদিন উড়ে গিয়েছিলেন জিম্বাবুইয়ান ক্রিকেটার মুফামবিসি, চিগুম্বুরা ও উতসেয়া।
জিম্বাবুয়ে অবশ্য হ্যাটট্রিক করার জন্য বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষই। এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০১০ সালে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্বিতীয় আর আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় হ্যাটট্রিকটি তুলে নেন আবদুর রাজ্জাক। ডিসেম্বর মাসের ২ তারিখে। রাজ্জাকের হ্যাটট্রিকটির আরও একটি মাহাত্ম্য আছে। দেশের মাটিতে ওটা যেকোনো বাংলাদেশির প্রথম হ্যাটট্রিক। রাজ্জাক ফিরিয়েছিলেন উতসেয়া, রেমন্ড প্রাইস আর এমপফুকে।
২০১৩ সালটাকে বাংলাদেশের ক্রিকেটে হ্যাটট্রিক-বছর বললে অত্যুক্তি হয় না। এই বছরে দুটি হ্যাটট্রিক বছরটাকে করে তুলেছে অনন্য। ২০১৩ সাল না বলে অক্টোবর মাসটিকে একটু আলাদা করা যাক। এই মাসেই যে হ্যাটট্রিক-পরিসংখ্যানবিদেরা দুটি হ্যাটট্রিকের ‘ধকল’ সামলালেন। প্রথমে সোহাগ গাজী, আজ রুবেল হোসেন। হতভাগ্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টেস্ট ও ওয়ানডেতে পরপর দুটি হ্যাটট্রিকের স্বীকার হওয়াটাকে ‘বাংলাওয়াশ’-এর মতোই কিউইরা মনে রাখবে সারাটা জীবন!