পাঁচটি পদক আর একটি চুমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকে নিজের চতুর্থ সোনা জয়ের পর আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইল্‌সের হাসিটা এমন চওড়াই হওয়ার কথা।  পরশু মেয়েদের ফ্লোর এক্সারসাইজের ফাইনালের পর পদক গলায় l রয়টার্স
রিও অলিম্পিকে নিজের চতুর্থ সোনা জয়ের পর আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইল্‌সের হাসিটা এমন চওড়াই হওয়ার কথা। পরশু মেয়েদের ফ্লোর এক্সারসাইজের ফাইনালের পর পদক গলায় l রয়টার্স

পদক জিতেছেন পাঁচটি। তবে রিও অলিম্পিক থেকে সিমোন বাইল্স আসলে ফিরে যাচ্ছেন ছয়টি পুরস্কার নিয়ে। চারটি সোনা, একটি ব্রোঞ্জ আর ছোটবেলার স্বপ্নের নায়ক জ্যাক এফ্রনের কাছ থেকে পাওয়া একটি চুমু! যে চুমুর মূল্য বাইল্সের কাছে সোনার পদকের চেয়ে একটুও কম নয়।
ভেঙে যাওয়া পরিবার, দারিদ্র্য আর অভাব-অনটনের মধ্যে কাটানো শৈশব-কৈশোর। সব জয় করে মাত্র ১৯ বছর বয়সেই অলিম্পিকে চারটি সোনাসহ পাঁচটি পদক। তা-ও আবার অলিম্পিকে প্রথম এসেই। সারা বিশ্বের সংবাদমাধ্যমে ‘জিমন্যাস্টিকসের সিনডারেলা’ হিসেবে পরিচিত হয়ে গেছেন এরই মধ্যে। পরশু মেয়েদের ফ্লোর এক্সারসাইজে সর্বশেষ সোনাটি জিতে নাম লিখিয়েছেন ইতিহাসেও। নারী জিমন্যাস্টদের মধ্যে এক গেমসে চারটি সোনা জয়ের কীর্তি এর আগে ছিল শুধু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (মেলবোর্ন ১৯৫৬), হাঙ্গেরির আগনেস কেলেতি (মেলবোর্ন ১৯৫৬), চেক প্রজাতন্ত্রের ভেরা কাসালাভস্কা (মেক্সিকো ১৯৬৪) ও রোমানিয়ার ইকাতেরিনা জাবোর (লস অ্যাঞ্জেলেস ১৯৮৪)। আগের দিন ব্যালান্স বিমে পিছলে পড়ে সোনা না হারালে ইতিহাসে প্রথম জিমন্যাস্ট হিসেবে এক আসরে পাঁচটি সোনা জয়ের অনন্য কীর্তিই গড়ে ফেলতেন বাইল্স।
তবে সেই আক্ষেপ একটি চুমুতেই মুছে দিয়েছেন জ্যাক এফ্রন। ছোটবেলা থেকেই হাইস্কুল মিউজিক্যালখ্যাত মার্কিন অভিনেতা-গায়কের এত বড় ভক্ত যে শোয়ারঘরে এফ্রনের একটা বিশাল পোস্টারও টাঙিয়ে রেখেছিলেন। মাঝেমধ্যেই সেই ছবিতে চুমু খেতেন বাইল্স। সেই ছবির মানুষটিই যে পরশু তাঁকে সেই চুমু ফিরিয়ে দেবেন, তা স্বপ্নেও ভাবেননি!
এই অলিম্পিকে বাইল্সের কীর্তিতে মুগ্ধ এফ্রনও। রিওতে যুক্তরাষ্ট্র দলকে সমর্থন দিতে এসেছেন। পরশু নিজেই দেখা করলেন বাইল্সের সঙ্গে। বাইল্স তাঁর এত বড় ভক্ত সেটি জানার পর বাইল্সের গালে চুমু দিয়েছেন। তারপর পাল্টা চুমু নিয়েছেন বাইল্সের কাছ থেকেও। সবকিছু মিলিয়ে বাইল্স তো হাওয়ায় উড়ছেন। এফ্রন তাঁর গালে চুমু খাচ্ছেন—সেই ছবিটা টুইটারে দিয়ে লিখেছেন, ‘ও আমাকে এরই মধ্যে “মিসেস এফ্রন” বলে ডাকতে শুরু করেছে।’
রেকর্ড হলো না বলে এখন আর আক্ষেপ নেই বাইল্সের, ‘ক্যারিয়ারের প্রথম অলিম্পিক থেকেই চারটি সোনাসহ পাঁচটি পদক নিয়ে ফিরে যাওয়া—আমি হতাশ হই কী করে! তবে আমার অলিম্পিক অভিযান শেষ হয়ে গেল বলে মন খারাপ লাগছে।’
ছাত্রীকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর কোচ আইমি বোরম্যানও, ‘আমি এখন নির্দ্বিধায় বলতে পারি, সে-ই (বাইল্স) সর্বকালের সেরা জিমন্যাস্ট। ও বাকিদের জন্য মানদণ্ডটা অনেক ওপরে তুলে দিয়েছে। চার বছর আগে কে ভেবেছিল এই অলিম্পিকে একজন সিমোন বাইল্সকে দেখা যাবে!’
আসলেই তো। সত্যিই কি কেউ ভেবেছিল? এএফপি, রয়টার্স।