পাঁচটি রান আউট, একটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউট, তা যেকোনোভাবেই হোক না কেন, সেটা ব্যাটসম্যানদের জন্য হতাশার। আর আউট হওয়ার ধরনটা যদি ‘রান আউট’ হয় তাহলে হতাশার সঙ্গে বিগড়ে যায় মেজাজও। বড় প্রতিযোগিতা হলে তো কথাই নেই। রান আউটের কবলে পড়ে ম্যাচে হারতে হয়েছে এমন নজির ভুরি ভুরি দেওয়া যাবে। কিন্তু রান আউটের ইতিহাসে সবচেয়ে বেশি কষ্টটা হয়তো পেয়েছেন অস্ট্রেলিয়ানরা! এক ম্যাচে পাঁচ-পাঁচটি রান আউটের কারণে ইতিহাস গড়া হয়নি তাদের। রাজত্ব গেছে ওয়েস্ট ইন্ডিজের হাতে।পাঁচটি রান আউট আর ওয়েস্ট ইন্ডিজের রাজত্ব পাওয়ার গল্প শোনার পর অনেকেই হয়তো ধরে ফেলেছেন কোন ম্যাচটির কথা বলা হচ্ছে। যাঁরা এখনো ধরতে পারেননি তাঁদের জ্ঞাতার্থে বলছি, বলা হচ্ছে ১৯৭৫ সালের বিশ্বকাপ ফাইনালের কথা। পাঁচটি রান আউটের কারণে ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার। এর চেয়ে বড় কষ্ট আর হতাশার কী আছে!‘শিরোপা হাতছাড়া’ বলায় প্রশ্ন তোলতে পারেন অনেকেই। বলতে পারেন, শিরোপার প্রধান দাবিদার তো ওয়েস্ট ইন্ডিজই ছিল। ফাইনালে অধিনায়ক ক্লাইভ লয়েড সেঞ্চুরি করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণও দিয়েছেন। তার পরও কেন অস্ট্রেলিয়ার শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে?প্রশ্নটা খুবই যৌক্তিক। কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসটা একবার দেখুন। জয়ের জন্য প্রয়োজন ২৯২ রান। এখনকার মতো ৫০ ওভারে নয়, ৬০ ওভারে। ওভারপ্রতি অস্ট্রেলিয়ার চাই ৪.৮৭ রান। একপর্যায়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ১৬২। ২১ ওভারে প্রয়োজন মাত্র ১৩০ রান, হাতে ছিল সাতটি উইকেট। লক্ষ্যে পৌঁছা কঠিন ছিল না মোটেই। কিন্তু নিয়তিতে যে লেখা আছে অস্ট্রেলিয়ার হার! প্রথম তিনজনের মধ্যে দুজনই সাজঘরে ফেরেন রান আউট হয়ে। আর টপ অর্ডারের চারজনের মধ্যে তিনজন! ইয়ান চ্যাপেল (৬২), গ্রেগ চ্যাপেল (১৫), অ্যালান টার্নার (৪০) প্রত্যেকেই। এভাবে ব্যাটিং স্তম্ভ ধসে পড়ার পরই যেন শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা।একপর্যায়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ২৩১। দলীয় সংগ্রহে আর দুই রান যোগ হতেই রান আউটের শিকার ম্যাক্স ওয়াকার। শেষ উইকেটে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ডেনিস লিলি ও জেফ থমসন। কিন্তু চারটি রান আউটের পরও অস্ট্রেলিয়ার প্রতি এতটুকু সহায় হয়নি ভাগ্য দেবতা। না-হলে শেষ ব্যাটসম্যান হিসেবে থমসনও একই কায়দায় আউট হবেন কেন! আট বল বাকি থাকতেই ২৭৪ রানে অলআউট অস্ট্রেলিয়া। ১৭ রানের জয়ের সুবাদে রাজত্ব ওয়েস্ট ইন্ডিজের।