পাইওনিয়ার ফুটবল লিগ
ঢাকা সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবল লিগে কাল হাজী মফিজউদ্দিন ফুটবল একাডেমি ১-০ গোলে সাত রওজা নবীন সংঘকে, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ফরিদউদ্দিন স্মৃতি সংসদকে, গফুর বেলুচ ফুটবল একাডেমি ২-১ গোলে ফকিরেরপুল সূর্যতরুণ সংঘকে, তেজগাঁও ইয়াং স্টার ২-০ গোলে ঢাকা ক্রেডিট ইউনিয়ন ফুটবল ক্লাবকে হারিয়েছে।
গুনদোয়ানের দুর্ভাগ্য
পিঠের চোটের কারণে গত বছর আগস্ট থেকেই মাঠের বাইরে। এই মৌসুমে আর ইলকায় গুনদোয়ানের ফেরার সম্ভাবনা নেই, এটা নিশ্চিত করে দিয়েছেন তাঁর ক্লাবের কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে বরুসিয়া ডর্টমুন্ডের এই জার্মান মিডফিল্ডারের দুঃসময় শিগগিরই শেষও হচ্ছে না। দেশের হয়ে বিশ্বকাপেও সম্ভবত খেলা হবে না তাঁর। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গুনদোয়ানের চোট প্রায় সেরে ওঠার দিকে, তবে পুরোপুরি ফিট হতে এর পরও আরও কিছুদিন সময় লাগবে তাঁর। তত দিনে বিশ্বকাপের দল ঘোষণার সময় চলে আসবে। যদি পুরোপুরি ফিট হতেও পারেন, ১০ মাস মাঠের বাইরে থাকা খেলোয়াড়কে দলে রাখার ঝুঁকি কি নেবেন জার্মানির কোচ জোয়াকিম লো? ওয়েবসাইট।
সফলতম হবে ব্রাজিল
তিনটি স্টেডিয়ামের কাজ এখনো বাকি। শেষ হয়নি কয়েকটি বিমানবন্দরের আধুনিকায়ন কাজও। অথচ বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। তার পরও নাকি ব্রাজিলের বিশ্বকাপটা হতে যাছে সর্বকালের সফলতম। ব্রাজিল প্রেসিডেন্ট দিলমা রুসেফের দাবি, ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার তাঁকে এমনটাই বলেছেন। রুসেফ জানিয়েছেন, ব্ল্যাটারের সঙ্গে তাঁর ১০ মিনিট ফোনে কথা হয়েছে। তখন ব্ল্যাটার বলেছেন, এর মধ্যেই ৭৫ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। ১০ জুন সাও পাওলোতে ফিফা কংগ্রেসের জন্য ব্রাজিল প্রেসিডেন্টকে আমন্ত্রণও জানিয়েছেন। মজার ব্যাপার, তিন মাস আগেও ব্ল্যাটার বলেছিলেন অতীতে আর কোনো দেশের বিশ্বকাপ প্রস্তুতি এতটা নাজুক ছিল না। গত ডিসেম্বরে বিশ্বকাপের সফল আয়োজনের জন্য তো স্রষ্টার কৃপাও প্রার্থনা করেন ব্ল্যাটার! ওয়েবসাইট।
জার্মানি সবচেয়ে প্রস্তুত!
এবার কি জার্মানি পারবে ২৪ বছরের অপেক্ষা ঘোচাতে? জার্মানির দুই সাবেক কোচ ও বিশ্বকাপজয়ী ফুটবলার ইয়ুর্গেন ক্লিন্সমান (১৯৯০) ও বার্টি ফোটস (১৯৭৪) যে মনে করছেন বিশ্বকাপ জিততে এবারই সবচেয়ে ভালোভাবে প্রস্তুত তিনবারের চ্যাম্পিয়নরা। ক্লিন্সমানের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে কাজ করা ফোটস ডেইলি বিল্ডকে বলেছেন জার্মানির জাতীয় দল এর আগে কখনোই এতটা মনোযোগ ও সুযোগ-সুবিধা পায়নি ফুটবল ফেডারেশনের কাছ থেকে। খেলোয়াড় হিসেবে ১৯৭৪ বিশ্বকাপ ও কোচ হিসেবে ১৯৯৬ ইউরোজয়ী ফোটস বলেছেন, ‘টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি দারুণভাবে প্রস্তুত জার্মানি। অসাধারণ মানের এত খেলোয়াড় জার্মানি একসঙ্গে আগে কখনোই পায়নি।’ এএফপি।