পাইওনিয়ার লিগে সিটি করপোরেশনের অক্সিজেন
পাইওনিয়ার ফুটবল এখন আর নিয়মিত হয় না। এটা পুরোনো খবর। সর্বশেষ গত ১০ বছরে এই টুর্নামেন্ট হয়েছে মাত্র চারবার!বাফুফে বরাবরই পৃষ্ঠপোষণার অভাবের কথা বলেছে। কিন্তু পৃষ্ঠপোষক খোঁজার সময়ও অনেক সময় পেতেন না ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খেলোয়াড় তৈরির পাইপলাইন এই অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল নিয়ে বরাবরই ছিল চরম উদাসীনতা। ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ যে লিগের উদ্বোধন করেছেন, সেই লিগই নানা অজুহাতে বন্ধ রাখা হয়েছে বছরের পর বছর। অবশেষে মুমূর্ষু পাইওনিয়ার লিগ নিয়ে একটা ভালো খবর পাওয়া গেল। ২০০৬ ও ২০০৮—সর্বশেষ এই দুটি পাইওনিয়ার লিগের পৃষ্ঠপোষক ঢাকা সিটি করপোরেশন বড় ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। আগামী ১০ বছর তারা পাইওনিয়ার লিগ পৃষ্ঠপোষণা করবে। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এটাই বাফুফের সবচেয়ে লম্বা সময়ের চুক্তি।আসলে ঠিক চুক্তি নয়। একটা সময়ের জন্য চুক্তি করার নিয়ম বলে তা করা হয়েছে—দাবি ঢাকা সিটির দীর্ঘকালীন মেয়র সাদেক হোসেনের। ১৯৭৯ সালে পাইওনিয়ার লিগ শুরুর সময় ডামফার সভাপতি সাদেক হোসেন কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘সিটি করপোরেশনের নেতৃত্বে যারাই থাকুক, আশা করি আজীবন এটি পৃষ্ঠপোষণা করবে করপোরেশন।’প্রথম বছরে বাফুফেকে ২৫ লাখ টাকা দেবে সিটি করপোরেশন (কাল দিয়েছে ১০ লাখ)। প্রতিবছর শতকরা ১০ ভাগ করে টাকা বাড়বে। সংগঠকেরা কি এবার নিয়মিত পাইওনিয়ার লিগ মাঠে রাখতে পারবে? বাফুফের পক্ষে চুক্তি সই করা হারুনুর রশিদের প্রতিশ্রুতি, ‘আগামী জানুয়ারিতে শুরু এই লিগ নিয়মিত হবে।’ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও একই প্রতিশ্রুতি দিয়েছেন।‘আমরা চাই না প্রতিশ্রুতির বেড়াজালেই আটকে থাকে পাইওনিয়ার লিগ’—একই অনুষ্ঠানে বল উপহার নিতে বলে গেলেন ক্লাব প্রতিনিধিরা।