পাইবাস না এলে শেন জার্গেনসেন
গত বোর্ড সভার পর জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাসকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরে আসতে ই-মেইল পাঠিয়েছিল বিসিবি। কিন্তু পাইবাস এখনো কোনো সাড়া না দেওয়ায় বিকল্প ভাবনা শুরু হয়ে গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাইবাস না এলে বোলিং কোচ শেন জার্গেনসেনই হবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ।বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী পাইবাসের কাছ থেকে এখনো জবাব আসেনি বলে জানিয়েছেন কাল। তবে অন্য একটি সূত্রে জানা গেছে, ছুটির ব্যাপারে বিসিবি শর্ত না মানলে বাংলাদেশে আর ফিরবেন না পাইবাস। তার পরও আগামীকালের বোর্ড সভা পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। এরপর হয়তো বোর্ড সভাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য অন্তর্বর্তী কোচ হিসেবে জার্গেনসেনের নাম ঘোষণা করা হবে। নাম প্রকাশ না করার শর্তে এক বোর্ড পরিচালক নিশ্চিত করেছেন, ‘পাইবাস না এলে জাতীয় দলের বোলিং কোচ জার্গেনসেন এই সিরিজের জন্য দায়িত্ব পাবেন। এ ব্যাপারে বোর্ডে আগেই আলোচনা হয়ে আছে।’