পাইবাসকে পেতে অতি আগ্রহী বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ মুহূর্তে মন্তব্য করতে পারছি না। আশা করি, বিষয়টা বুঝতে পারছেন। আলোচনা এখনো চলছে’—রিচার্ড পাইবাসের মুঠোফোন বার্তাই বলে দিচ্ছে, তাঁর বাংলাদেশ দলের কোচ হওয়ার দরজা এখনো বন্ধ হয়নি। বিসিবির সঙ্গে আলোচনার সর্বশেষ অবস্থা জানতে চেয়ে কাল এই প্রতিবেদকের পাঠানো মুঠোফোন বার্তার জবাবে পাইবাস পাঠিয়েছেন ওই বার্তা।কেপলার ওয়েসেলস-মিক নিওয়েলদের সঙ্গে আলোচনা শুরুর পাশাপাশি পাইবাসের সঙ্গে দরদাম চালিয়ে যাওয়ার কথা বলছে বিসিবিও। ইংলিশ এই কোচের দেওয়া বেশির ভাগ শর্ত মানা অসম্ভব মনে করলেও পাইবাস-অধ্যায় এখনো শেষ হয়নি। বোর্ড সভাপতি চোখ বুলিয়ে দেওয়ার পর কাল রাতের মধ্যেই বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর ই-মেইল পেয়ে যাওয়ার কথা পাইবাসের। বিসিবি তাঁর দাবির কতটুকু মানতে পারবে, সেসবই উল্লেখ থাকার কথা ই-মেইলে।সূত্র জানিয়েছে, মাসিক বেতন হিসেবে ২৫ শতাংশ করসহ বিসিবির কাছে ২৩ হাজার মার্কিন ডলারের মতো দাবি করেছেন পাইবাস। কিন্তু বিসিবি করসহ প্রতি মাসে দিতে রাজি সর্বোচ্চ ২০ হাজার ডলার। বছরে ২ লাখ ৪০ হাজার ডলার বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পাইবাসকে। এ থেকে আয়কর হিসেবে কেটে রাখা হবে ৬০ হাজার ডলার। এই হিসেবে আয়কর বাদ দিয়ে তাঁর মাসিক বেতন পড়বে ১৫০০০ ডলার। বছরে ছয়টি বিজনেস ক্লাস বিমান টিকিটের দাবিও মানছে না বিসিবি। বিসিবি থেকে চারটি টিকিট দেওয়ার কথা বলা হয়েছে।পাইবাসের প্রতি বিসিবির আগ্রহ শুরুতেই এত বেশি প্রকাশিত হয়ে পড়ে যে এখন হয়তো সেটাকেই পুঁজি করছেন কোচ। হাঁকছেন চড়া দাম। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য বলেছেন, ‘আগের কোচকে আমরা যা দিয়েছি, তার চেয়ে বড়জোর ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানো যায়। এর বেশি আমরা কোনো কোচকেই দেব না। এটা বিসিবির পলিসির মধ্যে পড়ে না।’ কিন্তু নতুন প্রস্তাবও যদি না মানেন পাইবাস? ‘বিসিবি কতটুকু দিতে পারবে, সেটা ওনাকে জানিয়ে দেওয়ার পর আমরা আর বেশি অপেক্ষা করব না’—বলেছেন জালাল ইউনুস।আয়ারল্যান্ড-স্কটল্যান্ড সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ২৪ মে জরুরি সভা ডেকেছে বিসিবি। পরশু রাতে সফর নিয়ে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেনের আলোচনার সূত্র ধরেই সভা ডাকা। সভায় পরিবর্তিত সূচির এই সফর অনুমোদিত হয়ে যাওয়ার কথা। জানা গেছে, আয়ারল্যান্ড সফরে একটি প্রস্তুতি ম্যাচ ও তিনটি ওয়ানডের সঙ্গে যোগ হচ্ছে একটি চার দিনের ম্যাচও। এর জন্য বাড়তি খরচটা বিসিবিই বহন করবে।বিসিবির প্রস্তাবে পাইবাসের সম্মতি মিললে জরুরি সভা থেকেই আসতে পারে নতুন কোচের ঘোষণা। আর যদি না-ই করে দেন পাইবাস, ওয়েসেলস-নিওয়েলদের কড়া আরও জোরেই নাড়তে শুরু করবে বিসিবি।