রিচার্ড পাইবাস আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ থাকছেন না। বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী এই ইংরেজ কোচ জানিয়েছেন, চুক্তিবিষয়ক জটিলতা ও তাঁর কাজে বোর্ডকর্তাদের হস্তক্ষেপই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।ক্রিকইনফোকে পাইবাস বলেন, ‘আমি আর কোচ থাকছি না। যথেষ্ট বিশ্বাসযোগ্যতার সঙ্গেই আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। পাঁচ মাস ধরে কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও আমার সঙ্গে কোনো চুক্তি করা হয়নি। প্রত্যেকেরই ধৈর্য্যের একটা সীমা আছে। আমাকে নিয়ে যাওয়া হয়েছে এক অচিন্তনীয় পর্যায়ে।’চুক্তি সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর মাধ্যমে আমাকে তিনবার চুক্তি করতে বলেছিল। আমি সেই প্রস্তাবে রাজি হইনি; কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে যে মেয়াদে দায়িত্ব পালন করতে বলেছিল, তা করা আমার পক্ষে সম্ভব নয়। তারা আমাকে বছরে ৩২০ দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকতে বলেছিল। কিন্তু পারিবারিক দায়িত্বের কারণে এত লম্বা সময় পরিবারের বাইরে থাকা আমার পক্ষে সম্ভব নয়, সেটা আমি তাদের বলেছি। তৃতীয়বার তারা আমাকে চুক্তি করতে বললে আমি তাদের বলি, অবশ্যই আমি জাতীয় দলের সঙ্গে থাকব, দলকে প্রস্তুত করব, দলের সঙ্গে সফরেও যাব। কিন্তু যখন কোনো সফর থাকবে না, তখন আমাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে দিতে হবে। ওই সময় আমার ওই প্রস্তাবে তারা রাজিও হয়েছিল।’ পাইবাস আরও বলেন, তাঁর সঙ্গে বোর্ডের কোনো লিখিত চুক্তি হয়নি। প্রথমবার আলোচনার জন্য ঢাকায় আসার পর তাঁকে যে চুক্তিপত্র দেওয়া হয়েছিল, সেটি তাঁর কাছে পরিষ্কার মনে হয়নি দেখেই তিনি তাতে সই করেননি বলে জানান। এরপর পাইবাস নাকি আরও ছয়বার সমস্যাটি সমাধানের লক্ষ্যে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাইবাস বলেন, ‘আমি কমপক্ষে ছয়বার নিজে উদ্যোগ নিয়ে বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছি। আমার লক্ষ্য ছিল, সবকিছু স্বচ্ছতার সঙ্গে করা হোক এবং সমস্যাটির সমাধান হোক। কিন্তু তা হয়নি। তাই আমি আর বাংলাদেশে ফিরে যাব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’ লিখিত চুক্তি না হওয়ার পরও তিনি কেন কাজ করে গেলেন, এমন এক প্রশ্নের জবাবে পাইবাস বলেন, ‘আমি মনে করেছিলাম, অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। আমার সঙ্গে শুরুতে যে কথা হয়েছিল, সেটা চুক্তিপত্রে না থাকলে আমি তাতে সই করব না—এই অবস্থানে আমি অনঢ় ছিলাম। কিন্তু পরে আমার চুক্তির ধারাগুলো যখন গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেল, তখন বুঝতে পারলাম—বোর্ড, আমার সঙ্গে যা কথা হয়েছে, তা থেকে সরে এসেছে। তারা চুক্তিপত্রের গোপনীয়তাবিষয়ক মৌলিক ধারণাও লঙ্ঘন করেছে।’টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফেরার পরও পাইবাস বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়েছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি পুরো ব্যাপারটি নিয়ে বিসিবির সদ্য বিদায় নেওয়া সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে কথা বলি। আমি বোর্ড সভাপতি, প্রধান নির্বাহী ও বোর্ডের ক্রিকেট পরিচালকের কাছে মেইল করেও সমাধান তুলে ধরি। আমি চেয়েছিলাম, এসব ব্যাপার গোপন থাকবে; কিন্তু তাঁরা এগুলো গণমাধ্যমে প্রকাশ করে দিয়েছেন।’পাইবাস বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশের কয়েকজন ক্রীড়াসাংবাদিক আমার সঙ্গে যোগাযোগ করে জানান, আমার চুক্তির কপি তাঁদের কাছে আছে; সেই সঙ্গে এ বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক বক্তব্যও তাঁরা পেয়েছেন। তাঁরা বলেন, বিসিবি থেকে জানানো হয়েছে আমি নাকি বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও চুক্তিপত্রে সই করিনি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো প্রস্তুতি-পরিকল্পনা জমা দিইনি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি-পরিকল্পনা জমা দিয়েছিলাম তিন সপ্তাহ আগেই। ক্রিকেট অপারেশনস কমিটি তা প্রত্যাখ্যান করে। আমার সবচেয়ে যে বিষয়টি খারাপ লেগেছে, তা হলো, তারা চুক্তিপত্রের আলোচনার বিষয়গুলো প্রকাশ্যে নিয়ে এসেছে, যা গর্হিত।’ বাংলাদেশে কাজ করার সময় পদে পদে অযাচিত হস্তক্ষেপের শিকার হয়েছেন বলে জানান পাইবাস। তিনি বলেন, ‘কোচের দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে আলোচনাকালে আমি স্বাধীনভাবে জাতীয় দল নিয়ে কাজ করতে পারার নিশ্চয়তা পেয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আর তা হয়নি।’পাইবাস বলেন, ‘আমার কাজে এমন সব লোকজন বাধা দিয়েছে, যারা ক্রিকেট সম্পর্কে কিছুই জানে না।’পাইবাস আরও বলেন, ‘গত ২০ বছরের পেশাদার কোচের অভিজ্ঞতা থেকে দেখেছি, যখন এ ধরনের অযাচিত হস্তক্ষেপ আসতে থাকবে, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার কাজে আপনি স্বাধীন নন। আপনি হয়তো দলের সঙ্গে থাকবেন, খেলোয়াড়দের ট্রেনিং করাবেন, কিন্তু দল ব্যর্থ হলেই আপনার চাকরি চলে যাবে। কোচের চাকরি অস্থায়ী, কিন্তু ক্রিকেটকর্তাদের চাকরি স্থায়ী। দল ব্যর্থ হলে সবাই কোচের ওপর দোষ চাপায়, কিন্তু দল সফল হলে সবাই সেই সাফল্যের ভাগীদার হতে চায়।’হস্তক্ষেপের কয়েকটি ঘটনাও ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাত্কারে তুলে ধরেছেন পাইবাস। তিনি বলেন, ‘অনুশীলনের সময় খেলোয়াড়েরা পেটের পীড়ায় আক্রান্ত হলে আমি স্বাস্থ্যসম্মত এগ স্যান্ডউইচের কথা বলেছিলাম। কিন্তু অপারেশনস কমিটি থেকে জানানো হয়, ওটার বাজেট নেই।’ পাইবাস বলেন, ‘আমি বারবার দলের কম্পিউটার অ্যানালাইসিস পদ্ধতি পরিবর্তনের কথা বলেছি। কিন্তু সেটা পরিবর্তন করে দেওয়া হয়নি। আমার কাছে যে অ্যানালাইসিস পদ্ধতি ছিল, সেটা একটি স্কুল ক্রিকেট দলের হতে পারে, কোনো জাতীয় দলের নয়। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সেই অ্যানালাইসিস পদ্ধতির পরিবর্তন হয়, ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। খুব সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশই ছিল একমাত্র দল, যাদের কাছে প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তি বিচার করার কোনো পদ্ধতি ছিল না।’পাইবাস দলের সঙ্গে বিদেশ সফরে যাওয়া বোর্ড কর্মকর্তাদের সম্পর্কে বলেন, ‘এরা আসলে সফরে গিয়ে দলের ম্যানেজারের মতোই থাকতে চায়। অথচ তারা সফরে গিয়েছে দলনেতা হিসেবে। এরা প্রতিটি টিম মিটিংয়ে থাকতে চায়, ড্রেসিংরুমে বসতে চায়, টিম বাসে করে ভ্রমণ করতে চায়।’ ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিনিদাদ সফরে আমি দুজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলাম। এরা সামান্য বিষয় নিয়ে খিটিমিটি বাধিয়ে দিচ্ছিল। আমি চেয়েছিলাম, বিশ্রাম নিয়ে এরা ফুরফুরে হয়ে উঠবে বিশ্বকাপের আগেই। একটি ম্যাচের পর ত্রিনিদাদেই রাত একটার দিকে ওদের ডেকে পাঠান সেই দলনেতা। ওদের বকাঝকা করা হয়। বলা হয়, এমন করলে ওদের দেশে ফেরত পাঠানো হবে। মজার ব্যাপার হচ্ছে, ওই আলোচনায় আমার কোনো অংশগ্রহণ ছিল না।’ বলেন পাইবাস। তিনি ক্রিকেট অপারেশনস কমিটির সমালোচনা করে বলেন, ‘ক্রিকেট অপারেশনস কমিটির আচরণ দেখলে মনে হয়, জাতীয় দলের কোচের চেয়েও ক্রিকেটটা তারা ভালো বোঝে।’ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতি আছে, কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই বলেই মনে করেন পাইবাস। তিনি বলেন, ‘সম্প্রতি জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক রিচার্ড ম্যাককিনস ও আমি মিলে খেলোয়াড় তৈরি করার পদ্ধতি ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছিলাম। কিন্তু সেটা এরই মধ্যে নাকচ হয়ে গেছে। অপারেশনস কমিটি জাতীয় দলের একটি ব্যাকআপ দল তৈরি করার লক্ষ্যে ম্যাককিনসের সঙ্গে কাজ করতেও অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। অধিনায়ক মুশফিকুর রহিম দারুণ প্রতিভাবান। সাকিব আল হাসান ও তামিম ইকবালরা বিশ্বমানের খেলোয়াড়। ক্রিকেট বোর্ডেও অনেকে আছেন, যাঁরা সত্যিকার অর্থেই ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখতে চান। কিন্তু রাজনীতির কারণে এই ক্রিকেটকে ভালোবাসার মানুষগুলো কোনঠাসা হয়ে আছেন।’সবশেষে পাইবাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাঠামো পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে পারেন না। এখানে কোনো করপোরেট কাঠামো নেই। সবকিছুর জন্য ওপরের দিকে তাকিয়ে থাকতে হয়। এসব সমস্যা সমাধান করলেই বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।’(ক্রিকইনফোর পক্ষে রিচার্ড পাইবাসের এই সাক্ষাত্কারটি নিয়েছেন ফিরদোস মুনডা।)