পাইবাসের কঠিন শর্ত
বাংলাদেশের কোচ হতে চান রিচার্ড পাইবাস। কিন্তু সেটি যেসব শর্ত সাপেক্ষে, সেসব মানা রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে বিসিবির পক্ষে। বাংলাদেশ দলের দায়িত্ব এই ইংলিশ কোচের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা তাই অনেকটাই কমে এসেছে। পাইবাসের সঙ্গে দেনদরবার চালানোর পাশাপাশি এখন বিকল্প খোঁজার কাজও শুরু করে দিয়েছে বিসিবি।গত ১০ মে রাতে দুই দিনের সফরে ঢাকায় এসে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ও এখানে থাকার সুযোগ-সুবিধা জেনে গেছেন পাইবাস। কথা ছিল দেশে ফিরে এক সপ্তাহের মধ্যে নিজের মতামত জানাবেন। ‘হ্যাঁ’ বা ‘না’ জাতীয় মতামত নয়, পাইবাস নাকি অনেক কঠিন শর্তসংবলিত ই-মেইলই পাঠিয়েছেন বিসিবিকে। আগের কোচদের চেয়ে অনেক বেশি বেতনভাতাই শুধু নয়, তাঁর পরিবারের জন্যও দেওয়া হয়েছে বিসিবির সামর্থ্যের বাইরের সব শর্ত।পাইবাসের সঙ্গে তার পরও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। যদি দুই পক্ষ থেকেই ছাড় দিয়ে একটা ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছানো যায়! কাল এসব নিয়ে বোর্ডের কয়েকজন শীর্ষ পরিচালক কথা বলেছেন নিজেদের মধ্যে। সে আলোচনা শেষে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কণ্ঠ খুব আশাবাদী শোনাল না, ‘পাইবাস বাংলাদেশ দলের কোচ হচ্ছেন, সেটির শতভাগ সম্ভাবনা অবশ্যই নেই। তাঁর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা এখন অন্যদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছি।’