পাইবাসের জন্য আরও অপেক্ষা!
স্টুয়ার্ট ল চাকরি ছেড়ে দেওয়ার পর মনে হয়েছিল, হাতে অনেক সময়। নতুন কোচ খুঁজে নিতে সমস্যা হবে না। কিন্তু এক রিচার্ড পাইবাসের জন্য অপেক্ষা করতে করতেই সেই সময়টা প্রায় শেষ করে ফেলল বিসিবি। জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে গেছে। সফরও শুরু হয়ে যাবে সপ্তাহ দুয়েকের মধ্যে। অথচ পাইবাসের জন্য অপেক্ষা কেবলই বাড়ছে।বাংলাদেশের কোচ হতে পাইবাস যেসব কঠিন শর্ত দিয়েছেন, সেগুলো মানা বলতে গেলে বিসিবির পক্ষে অসম্ভবই। যা সম্ভব, সেটিও ইংলিশ এই কোচকে জানিয়ে দিয়েছে বিসিবি। বলটা এর পর থেকে পাইবাসেরই কোর্টে। বিসিবির দেওয়া প্রস্তাবে রাজি কি না, সেটা এখন তাঁকেই জানাতে হবে। কিন্তু কবে জানাবেন পাইবাস? তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবি থেকে এ পর্যন্ত একাধিক দিন-তারিখের কথা বলা হলেও পাইবাস এখনো এক অনিশ্চয়তার নাম। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল সেটা স্বীকারও করলেন, ‘পাইবাস কোচ হবেন কি না, সেটি এখনো অনিশ্চিত। অন্যদের সঙ্গে যোগাযোগের কাজ আমরা কিছুটা এগিয়ে রাখলেও পাইবাসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আর কোনো পদক্ষেপ নেওয়া কঠিন।’কিন্তু পাইবাস-পাইবাস করতে করতে না বাইপাস সড়ক দিয়ে পেরিয়ে যায় অনেকটা সময়! আগামী মাসের জিম্বাবুয়ে সফর থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টানা খেলার মধ্যেই থাকতে হবে দলকে। তার আগে কোচের সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়াটা যত বেশি হয়, ততই ভালো। তা ছাড়া, যত দেরি হবে, সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য কোচরাও তত পিছু হটতে পারেন—এমন আশঙ্কা খোদ বিসিবিতেই। শেষ পর্যন্ত পাইবাসকে না পেলে বিসিবি আলোচনা করবে কেপলার ওয়েসেলস, মিক নিওয়েল ও মার্ক গ্রেটব্যাচের সঙ্গে। সূত্র জানিয়েছে, এজেন্টের মাধ্যমে এই তিন কোচের কাছেই তিন বছরের জন্য কোচ হওয়ার প্রাথমিক শর্ত পাঠিয়েছে বিসিবি। তাঁরাও নাকি প্রাথমিক সম্মতি জানিয়েছেন। কিন্তু যতক্ষণ না পাইবাস-অধ্যায় শেষ হচ্ছে, কারও সঙ্গেই আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যাচ্ছে না।বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালও চান পাইবাসকে এই সৌজন্যটুকু দেখাতে। আইপিএলের ফাইনাল দেখতে ভারত সফররত সভাপতি কাল টেলিফোনে বলেছেন, ‘আমরা পেশাদারি মনোভাব দেখাতে চাই। পাইবাসের সঙ্গে আলোচনা শেষ হওয়ার আগে আর কারও সঙ্গে কথা বলা ঠিক হবে না।’ কিন্তু ততক্ষণে যদি দেরি হয়ে যায় অনেক, জিম্বাবুয়ে সফরের আগে কি মিলবে নতুন কোচ? মুস্তফা কামাল আশঙ্কাটা উড়িয়ে দিলেন, ‘আমার মনে হয় না খুব বেশি দেরি হবে কোচ নিতে। আমি আশাবাদী। আশাবাদী বলেই এখনো পাইবাসের জন্য অপেক্ষা করছি।’ সভাপতির কথায় কোনো ধাঁধা কি মিশে থাকল! পাইবাস এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ক্রিকেট বোর্ডের অনেকের ধারণা, বিসিবি সভাপতির সঙ্গে অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ থেকে থাকতে পারে কোচের। পাইবাসের জন্য আশা নিয়ে অপেক্ষা তাঁর সে কারণেই।তবে বোর্ড সভাপতি এই অপেক্ষার অন্য ব্যাখ্যাই দিলেন। পাইবাসের হ্যাঁ বা না বলার সময় নাকি এখনো পেরিয়ে যায়নি, ‘পাইবাসের মতামত জানানোর সময় এখনো শেষ হয়ে যায়নি। এ মাস পর্যন্ত সময় আছে। কাজেই আমরা আরও তিন-চার দিন অপেক্ষা করব। আশা করি এর মধ্যেই তিনি কিছু জানাবেন।’ভারতে সভাপতির সফরসঙ্গী হয়েছেন বেশ কয়েকজন শীর্ষ বোর্ড কর্তা। ধারণা করা হচ্ছে, ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ দলের সম্ভাব্য ভারত সফর নিয়ে বিসিবি-বিসিসিআই আলোচনা হতে পারে এ সফরে। মুস্তফা কামালও দিয়েছেন সে আভাস, ‘আজ (গতকাল) আইপিএলের ফাইনাল শেষ হলে কাল হয়তো বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। ভারত সফর নিয়েও আলোচনা হবে।’