পাইবাসের রুদ্ধদ্বার অনুশীলন
এর আগে বিদেশি দলের ক্ষেত্রে ব্যাপারটা দেখা গেছে। বাংলাদেশ দলের অনুশীলনে সম্ভবত এই প্রথম। বৃষ্টির দিন বলে প্রথম দিনের অনুশীলন পুরোটাই ঢুকে পড়েছে মিরপুরের ইনডোর আর জিমনেসিয়ামে। জিমনেসিয়ামে তো কখনোই নয়, কাল ইনডোরের মূল প্রবেশদ্বারের ভেতরও ঢোকার অনুমতি ছিল না সাংবাদিকদের। নিষেধাজ্ঞাটা কোচ রিচার্ড পাইবাসের।কেন পাইবাসের এই নিষেধাজ্ঞা? অনুশীলনসংশ্লিষ্ট একজনের ভাষ্য, ‘সম্ভবত ব্যাটসম্যানদের দুর্বলতা নিয়ে কাজ করছেন। কোচ চান না সেটা অন্যরা দেখুক।’অনুশীলন শেষে পাইবাস অবশ্য মুখোমুখি হয়েছেন সাংবাদিকদের। আয়ারল্যান্ড ও হল্যান্ড সফর নিয়ে কথা বললেন, জানালেন ভবিষ্যৎ ভাবনার কথাও। দায়িত্ব নেওয়ার পর দলের সঙ্গে জিম্বাবুয়ে ও ইউরোপ সফরের অভিজ্ঞতা থেকে বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলটা এখন স্থিতাবস্থায় আছে। ত্রিনিদাদ সফর বা বিশ্বকাপের দলে খুব বেশি পরিবর্তন আনার প্রয়োজন দেখছি না আমি।’ তবে সবকিছু কেবল বিশ্বকাপ সামনে রেখেই ভাবতে হবে, এমনটা মনে করেন না কোচ। বিশ্বকাপ তাঁর কাছে নিজেদের দেখার একটা আয়নামাত্র।আয়ারল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে দলের খেলোয়াড়েরা যে মানসিকতা দেখিয়েছেন, তার প্রশংসা করেছেন পাইবাস। আবহাওয়া, মাঠ, উইকেট তো বটেই, সফরকালে অন্যান্য সুযোগ-সুবিধাও সেখানে অপ্রতুল। কোনো অভিযোগ না করে খেলোয়াড়েরা তার মধ্যেই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ‘মানিয়ে নেওয়ার জন্য অনেক ফিল্ডিং প্র্যাকটিস করেছে তারা। অনুশীলন করার জন্য এমনকি স্কুলমাঠেও যেতে হয়েছে। ছেলেরা এ সবকিছুই সুযোগ হিসেবে নিয়েছে। এতেই প্রমাণিত হয়, তারা শিখতে চায়, আরও ভালো কিছু করতে চায়’—বলেছেন পাইবাস।আয়ারল্যান্ড সিরিজের সব ম্যাচ জিতলেও হল্যান্ডে গিয়ে হারতে হয়েছে স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে একটি করে ম্যাচ। তার পরও মাঠের পারফরম্যান্সে কোচ খুশি, ‘ছয়টি ম্যাচের চারটিতেই জিতেছি আমরা। আয়ারল্যান্ডে বৃষ্টির কারণে টার্ফ উইকেটে অনুশীলন করতে পারিনি। জিমে অনেক সময় কাটাতে হয়েছে, মাঠে অনুশীলন করেছি যখন সুযোগ পেয়েছি। তার পরও সেখানে তিনটা ম্যাচই জিতে আমি খুশি।’ হল্যান্ডে দুটি ম্যাচ হারার পেছনে অবশ্য কন্ডিশনকেই দায়ী করছেন কোচ, ‘খুবই ধীর এবং বল নিচু হয়ে আসা উইকেটে খেলতে হয়েছে সেখানে। আন্তর্জাতিক ক্রিকেটাররা সচরাচর এ রকম উইকেটে খেলে না। এটা তাই চ্যালেঞ্জই ছিল আমাদের জন্য।’