পাওনা না মেটালে নতুন ফ্র্যাঞ্চাইজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের এক বিদেশি ক্রিকেটারের কিছু টাকা পাওনা ছিল ফ্র্যাঞ্চাইজির কাছে। টাকা পাঠানোর আগেই ওই খেলোয়াড়ের আবেদন, যে ব্যাংক হিসাব নম্বর দিয়ে গিয়েছিলেন, টাকাটা যেন সেখানে না পাঠানো হয়। হিসাব নম্বরটি তাঁর সাবেক স্ত্রীর, যাঁর সঙ্গে সম্প্রতি ছাড়াছাড়ি হয়ে গেছে।এটা একটা ঘটনা। বিপিএলের অবশিষ্ট পাওনা টাকা বিদেশি খেলোয়াড়দের হাতে পৌঁছাতে দেরি হওয়ার এ রকম আরও কিছু ব্যাপার, যার দায়দায়িত্ব নিতে রাজি নয় বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে যেসব ক্ষেত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কোনো সমস্যা না থাকার পরও ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে পুরো টাকা পায়নি কোনো বিদেশি খেলোয়াড়, সেসব ক্ষেত্রে বকেয়া পরিশোধের দায়িত্ব নিচ্ছে বিসিবি।বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেনের দাবি, অন্তত ৮-৯ জন বিদেশি খেলোয়াড়ের বকেয়া প্রায় ২ লাখ ৮০ হাজার ডলার শোধ করেছেন তাঁরা। ‘এজেন্টদের হিসাব অনুযায়ী পুরো টাকা পায়নি এমন খেলোয়াড়দের বকেয়া বাবদ ২ লাখ ৮০ হাজার ডলারের মতো শোধ করেছে বিসিবি। অসুস্থতার কথা বলে খেলেনি, প্র্যাকটিসে আসেনি—এমন অভিযোগ এনে অনেকের টাকা বাকি রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে তা ৭০-৮০ হাজার ডলারের বেশি নয়’—বলেছেন বিপিএলের প্রধান।কাল ছয় ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে নতুন করে বকেয়া পরিশোধের ‘শেষ সময়’ বেঁধে দেওয়া হয়েছে বলে জানালেন গাজী আশরাফ। দেশি ও বিদেশি খেলোয়াড়দের বকেয়া টাকা ২১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে চিঠিতে। ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে বিদেশি খেলোয়াড়দের বিসিবি যে টাকা দিয়েছে, ফেরত দিতে হবে সেটাও। একই সময়ের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে দরপত্রে প্রতিশ্রুত ফ্র্যাঞ্চাইজি মূল্যের বকেয়া অর্থ। গাজী আশরাফ জানিয়েছেন, ‘কোনো ফ্র্যাঞ্চাইজিই এখনো বিডিংয়ের পুরো টাকা দেয়নি। ছয় ফ্র্যাঞ্চাইজির কাছে এই খাতে ১১ কোটি টাকার মতো পাওনা গেম অনের। এই টাকা এবং খেলোয়াড়দের পাওনা টাকা শোধ করলে দ্রুততম সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি সম্পাদন করা হবে।’কিন্তু এবারও যদি টাকা পরিশোধে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিরা? বিপিএল সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর কঠিন হুঁশিয়ারি দিলেন, ‘যেসব ফ্র্যাঞ্চাইজি এবারও খেলোয়াড়দের টাকা পরিশোধে ব্যর্থ হবে কিংবা বিসিবির টাকা শোধ করবে না, তাদের সঙ্গে আর কোনো চুক্তি হবে না। প্রয়োজনে আমরা নতুন করে ফ্র্যাঞ্চাইজি নিলাম করব। বিসিবির বিপিএল ছাড়া আরও অনেক কাজ আছে। একটা টুর্নামেন্টের জন্য দেশের ক্রিকেটের দুর্নাম হতে পারে না।’ বিপিএলের একটি আসর হয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি।ফিকা-প্রধান টিম মের দাবি, বিদেশি খেলোয়াড়দের বকেয়ার পরিমাণ ৬ লাখ ডলার। বিপিএল গভর্নিং কাউন্সিল বলছে ৭০-৮০ হাজার ডলার। বিসিবির একটি সূত্রের দাবি মানলে অবশ্য দুই পক্ষের দাবি করা টাকার অঙ্কের পার্থক্য কমে আসে। মারলন স্যামুয়েলসের এজেন্টের দেওয়া হিসাব নম্বরে পাওনা ১ লাখ ৭০ হাজার ডলার জমা দেওয়ার পরও সেই টাকা দুবার ফেরত আসে। পরে কোড নম্বরসহ আরেকটি হিসাব নম্বরে জমা দিলে টাকা পেয়েছেন স্যামুয়েলসের এজেন্ট। সিলেটের স্টাইরিসের টাকা ভুলে জমা পড়েছিল খুলনার পল অ্যাডামসের হিসাবে। এই সমস্যারও সমাধান হয়েছে। এ ছাড়া অনেকে ভুল হিসাব নম্বর দেওয়ায়ও নাকি জটিলতা সৃষ্টি হয়েছে টাকা পাঠাতে। কাইরন পোলার্ড-ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যাপারটা অবশ্য ভিন্ন। পোলার্ডের ১ লাখ ৩০ হাজার ডলারের মধ্যে ১ লাখ ডলার দেওয়া হয়েছে দাবি করে বাকি টাকা বিসিবিকে দিয়ে দেওয়ার অনুরোধ করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। বিসিবি ৩০ হাজার ডলার পাঠানোর পর পোলার্ডের এজেন্ট অভিযোগ করেন, বাকি ১ লাখ ডলার নাকি এখনো দেওয়া হয়নি। অথচ ঢাকা গ্ল্যাডিয়েটর্স ১ লাখ ডলার পাঠানোর রসিদ জমা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে।বিদেশি খেলোয়াড়দের বকেয়া নিয়ে হইচইয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে বাংলাদেশি খেলোয়াড়দের বকেয়ার কথা। এ ব্যাপারে ক্রিকেটারদের সংস্থা কোয়াব সম্প্রতি চিঠি দিয়েছে বিসিবিকে। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের হিসাব অনুযায়ী সব মিলিয়ে ৬০ শতাংশ টাকা নাকি পেয়ে গেছেন দেশি ক্রিকেটাররা। ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও জানা গেছে দেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করতে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছ থেকে অলিখিতভাবে ঈদুল ফিতরের আগ পর্যন্ত সময় পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।তবে ছয় আইকন খেলোয়াড়ের অন্তত চারজন খুব সহজে বকেয়া টাকা পাচ্ছেন বলে মনে হচ্ছে না। সূত্র জানিয়েছে, চিটাগং কিংসের তামিম ইকবাল, বরিশাল বার্নার্সের শাহরিয়ার নাফীস, সিলেট রয়্যালসের অলক কাপালি ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মোহাম্মদ আশরাফুলকে পুরো টাকা না দেওয়ার ব্যাপারে গভর্নিং কাউন্সিলের কাছে নানা যুক্তি তুলে ধরছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো।