পাওয়েলের স্পনসরশিপও স্থগিত

টাইসন গের স্পনসরশিপ চুক্তি স্থগিত হয়েছে আগেই। এবার স্থগিত হলো ১০০ মিটারে সর্বকালের আরেক অন্যতম সেরা স্প্রিন্টার আসাফা পাওয়েলের চুক্তিও। কারণ একটাই, ডোপ টেস্টে পজিটিভ হওয়া।
বোল্ট-সতীর্থ পাওয়েলের সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা দিয়ে চীনের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান লি নিং গতকাল এক বিবৃতিতে জানায়, ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ঘটনাটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে লি নিং। যদি পাওয়েলের বিরুদ্ধে নিষিদ্ধ বস্তু গ্রহণের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাত্ক্ষণিকভাবে তাঁর সঙ্গে থাকা চুক্তি বাতিল করা হবে।
গত শনিবার সর্বকালের দ্বিতীয় দ্রুততম মানব টাইসন গে জানান, ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন তিনি। ঘণ্টা তিনেক পরই খবর বেরোয়, পজিটিভ হয়েছেন সবচেয়ে বেশি ৮৮ বার ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড়ানো আসাফা পাওয়েলও। দুই দিন পরই এ বছর ১০০ মিটারে সেরা তিনটি টাইমিং করা গের সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা দেয় জার্মানির বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। এক বিবৃতিতে অ্যাডিডাসের একজন মুখপাত্র বলেন, ‘গের বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগ উঠেছে, তাতে আমরা মর্মাহত। তিনি নিজেকে নির্দোষ প্রমাণিত করার আগ পর্যন্ত তাঁর সঙ্গে আমাদের চুক্তি স্থগিত থাকবে। আর যদি গের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বা তাঁর শরীরে নিষিদ্ধ কোনো উপাদান পাওয়া যায়, তাহলে চুক্তি থেকে সরে আসতে বাধ্য হব আমরা।’