পাওলো রসির ছোঁয়ায় ইতালির তৃতীয় শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার সাবেক সভাপতি স্যার স্ট্যানলি রোজ ১৯৭০ সালে বিশ্বকাপের পরিধি ও আয়তন বাড়ানোর একটি প্রস্তাব ফিফা কংগ্রেসে উত্থাপন করেছিলেন। সেই প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে এর সফল বাস্তবায়ন ঘটানো হয় ১৯৮২ সালের বিশ্বকাপে। স্ট্যানলি রোজের প্রস্তাব অনুযায়ী এই বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৪ করা হয়। বিশ্বকাপের পরিধি প্রসারিত হয়। এটি পরিণত হয় অলিম্পিকের মতোই এক ক্রীড়া মহাযজ্ঞে। ১৯৮২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয় স্পেনকে। স্পেন তখন স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে উদার গণতন্ত্রের পথে হাঁটছে। এমন একটি সময়ে বিশ্বকাপের আয়োজন স্পেনের জন্য আসে অফুরন্ত আনন্দের উত্স হয়ে। এ বিশ্বকাপে ২৪টি দলকে ছয়টি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতি গ্রুপ থেকে দুটি করে মোট ১২টি দল নিয়ে দ্বিতীয় রাউন্ডের বিধান রাখা হয়। দ্বিতীয় রাউন্ডে ১২টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়। চার গ্রুপের শীর্ষ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।১৯৮২ সালের বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দল ছিল ব্রাজিল। সক্রেটিস, জিকো, কেরেজো, ফ্যালকাও প্রমুখকে নিয়ে গড়া এ দলটি অবশ্য শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। তবে ছবির মতো সুন্দর খেলা উপহার দিয়ে ফুটবল অনুরাগীদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে ’৮২ সালের ব্রাজিল দল। অনেকে ’৮২ সালের ব্রাজিল দলকে সত্তরের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের চেয়েও এগিয়ে রাখে।এ বিশ্বকাপেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হয় ডিয়েগো ম্যারাডোনার। অনবদ্য প্রতিভা, ক্যারিশমেটিক ব্যক্তিত্বের কারণে ম্যারাডোনা ছিলেন এ বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র। কিন্তু প্রতিটি দলের রক্ষণভাগের খেলোয়াড়দের কাছেই ম্যারাডোনা লক্ষ্যবস্তুতে পরিণত হন। মাঠে তিনি যখনই বল পেতেন, বিপক্ষ দলের খেলোয়াড়েরা তাঁকে ফাউল করার জন্য ঝাঁপিয়ে পড়তেন। ফাউলে ফাউলে জর্জরিত ম্যারাডোনা ইতালির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিরক্ত হয়ে মাথা গরম করে বসেন। এর ফলে লাল কার্ড নিয়ে মাঠ ছেড়ে ’৮২ সালের স্পেন অভিযান শেষ হয় তাঁর। অদ্ভুত সব ঘটনার সাক্ষী ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপ। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটে গ্রুপ পর্বে ফ্রান্স ও কুয়েতের মধ্যকার ম্যাচে। সেই ম্যাচে ফ্রান্স একটি গোল করলে কুয়েতি খেলোয়াড়েরা প্রতিবাদমুখর হয়ে ওঠে। তাঁরা দাবি করতে থাকে গোলটি ছিল অফসাউড। এ সময় ভিআইপি বক্সে বসে খেলা দেখছিলেন কুয়েতের যুবরাজ ও কুয়েতি ফুটবল ফেডারেশনের সভাপতি ফাহিদ আল সাবাহ। ফাহিদ ভিআইপি বক্স থেকে মাঠে নেমে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় হতবাক হয়ে পড়েন মাঠের সবাই। ফিফার কর্মকর্তাদের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি ভিআইপি বক্সে তাঁর আসন গ্রহণ না করে মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে রেফারির সঙ্গে তর্ক-বিতর্ক চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে তিনি কুয়েতি খেলোয়াড়দের মাঠ থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন। অনেক ঝামেলার পর খেলা আবার শুরু হয়। খেলায় অবশ্য কুয়েতকে ৪-০ গোলে পরাজিত করে ফ্রান্স।আরেকটি বিতর্কিত ঘটনা স্পেন বিশ্বকাপকে বেশ কিছুটা কালিমা লিপ্ত করে। গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি আলজেরিয়া ২-১ গোলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে সবাইকে চমকে দেয়। পরের ম্যাচে আলজেরিয়া চিলিকে হারিয়ে দিলে তাদের দ্বিতীয় রাউন্ডের পথ সুগম হয়। কিন্তু পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যকার গ্রুপের শেষ ম্যাচে পশ্চিম জার্মানি অস্ট্রিয়াকে হারিয়ে দেয়। কথিত আছে, অস্ট্রিয়া ইচ্ছা করেই পশ্চিম জার্মানিকে ম্যাচটি ছেড়ে দিয়েছিল। জার্মানি খেলায় ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় অস্ট্রিয়া ম্যাচটি একেবারেই ছেড়ে দেয়। এক গোলে পিছিয়ে পড়ে অস্ট্রিয়া জার্মানির গোলসীমানায় একটি আক্রমণও করেনি। যা হতবাক করে দেয় সবাইকে। অস্ট্রিয়ার বিপক্ষে একটি জয়ই যথেষ্ট ছিল জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। এরপর থেকেই ফিফা বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতায় প্রতিটি দলের গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো একই সময়ে অনুষ্ঠানের বিধান করেছে।দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল, ইতালি ও আর্জেন্টিনা পড়ে একই গ্রুপে। ‘গ্রুপ অব ডেথ’ বিশেষণটির সার্থক প্রয়োগ ঘটে এই গ্রুপটিতে। বিশ্বকাপ শিরোপার তিন দাবিদার একই গ্রুপে পড়ে বিশ্বকাপের রোমাঞ্চকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। গ্রুপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনা ২-১ গোলে হেরে যায় ইতালির কাছে। সেই ম্যাচেই লাল কার্ড পান ম্যারাডোনা। পরের ম্যাচেও ব্রাজিল ৩-১ গোলে হারায় আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যায় সেই ম্যাচের পরে। ইতালি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী খেলায় ৩-২ গোলে হারিয়ে দেয় ব্রাজিলকে। ব্রাজিল ও ইতালির মধ্যকার এই ম্যাচটিকে ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ও রোমাঞ্চকর লড়াই হিসেবে অভিহিত করা হয়। খেলার শুরুতেই ব্রাজিল গোল করে এগিয়ে যায়। কিন্তু ২৫ মিনিটের মধ্যে পাওলো রসি দুটি গোল করে ইতালিকে এগিয়ে দেন। খেলার ৬৮ মিনিটের সময় ফ্যালকাও গোল করে আবার সমতা ফিরিয়ে নিয়ে আসেন। সেই ম্যাচে ড্রই সেমিফাইনালে চলে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। খেলার ১৫ মিনিট বাকি থাকতে ব্রাজিলকে হতবাক করে দিয়ে সেই রসি আরেকটি গোল করে তাঁর হ্যাটট্রিক পূরণ করেন। খেলার শেষ পর্যায়ে কেরেজোর একটি হেড অতিমানবীয় ঢঙে রক্ষা করেন ইতালির গোলরক্ষক ও অধিনায়ক দিনো জফ। একটি দুর্দান্ত ম্যাচে ভাগ্যের হাতে বিড়ম্বিত হয়ে ব্রাজিল ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।এই পাওলো রসি সম্পর্কে কিছু বলা প্রয়োজন। পাওলো রসি দ্বিতীয় রাউন্ড পর্যন্ত ইতালির বোঝাতে পরিণত হয়েছিলেন। অফ ফর্মের কারণে ইতালির মিডিয়াতেও তাঁকে দল থেকে বাদ দেওয়ার রব উঠেছিল। কিন্তু কোচ এনজো বিয়ারজোত শত সমালোচনা সত্ত্বেও রসিকে একাদশ থেকে বাদ দেননি। কোচের সেই আস্থার প্রতিদান রসি দিয়েছিলেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। ইতালির পাশাপাশি পশ্চিম জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ড উঠে যায় সেমিফাইনালে। ইতালি পাওলো রসির দুই গোলে পোল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায়। ফ্রান্স ও জার্মানির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালকে ফুটবল ইতিহাসের আরও একটি ক্ল্যাসিক হিসেবে অভিহিত করা হয়। এই ম্যাচটি জার্মান গোলরক্ষক হ্যারাল্ড শুমেখারের কুখ্যাত ‘ঘুষি’র জন্য স্মরণীয় হয়ে আছে। খেলার ৫৭ মিনিটের সময় জার্মান রক্ষণভাগ ভেদ করে আসা একটি বল ধরতে ছুটে আসেন ফ্রান্সের প্যাট্রিক ব্যাটিস্টন। ওয়ান টু ওয়ান পজিশনে জার্মান গোলরক্ষক শুমেখারও এগিয়ে আসেন। এ সময় বলের দিকে কোনো নজর না দিয়ে শুমেখার সরাসরি ব্যাটিস্টনকে ঘুষি দিয়ে বসেন। এ ঘুষিতে ব্যাটিস্টন মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাঁর দুটি দাঁত পড়ে যায়।খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়ে ফ্রান্স আরও দুটি গোল করে এগিয়ে যায়। ইতালির সঙ্গে ফ্রান্সের ফাইনাল তখন একপ্রকার নিশ্চিতই মনে হচ্ছিল। এমন সময় অতিরিক্ত সময়ের ১০২ মিনিটের সময় কার্ল হেইঞ্জ রুমেনিগে গোল করেন। খেলার স্কোর লাইন তখন ৩-২। আক্রমণে আক্রমণে ফরাসি রক্ষণভাগকে জর্জরিত করে জার্মানির ক্লাউস ফিসচের সমতাসূচক গোল করলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে হ্যারাল্ড শুমেখারের দুটি দর্শনীয় সেভ পশ্চিম জার্মানিকে নিয়ে যায় ফাইনালে। ফাইনালে মাদ্রিদে ইতালি মুখোমুখি হয় পশ্চিম জার্মানির। বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটিতে জার্মানির বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ ওঠায় ’৮২ সালের বিশ্বকাপে একেবারেই সমর্থন-শূন্য হয়ে পড়েছিল জার্মান দল। ফাইনালে জার্মানি ৩-১ গোলে হেরে যায় ইতালির কাছে। পাওলো রসি করেন একটি গোল। অপর দুটি গোল করেন মার্কো টারদেল্লি ও আলেসান্দ্রো আলতোবেলি। জার্মানির পক্ষে একমাত্র গোলটি করেন পল ব্রেইটনার। মাদ্রিদের বার্নাব্যু সান্তিয়াগো স্টেডিয়ামে শেষ পর্যন্ত ৪২ বছর বয়স্ক ইতালিও অধিনায়ক দিনো জফের হাতে ওঠে বিশ্বকাপের শিরোপা। ১৯৩৮ সালের পর তৃতীয়বারের মতো ইতালি জয় করে বিশ্বকাপ। সেই সঙ্গে সমাপ্তি ঘটে একটি আলোচিত, বিতর্কিত ও উপভোগ্য বিশ্বকাপ আসরের।