পাওলো রসির বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাশির বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ইতালির রসি
বিরাশির বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ইতালির রসি

বিরাশির স্পেন বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংক্যা বাড়িয়ে ২৪-এ নেওয়া হলো। বিশ্বকাপ ফুটবলের উত্তুঙ্গ জনপ্রিয়তার মুখে ওটা ছিল ফিফার এক যুগান্তকারী সিদ্ধান্ত। চূড়ান্তপর্বে ২৪ দেশের জায়গা পাকাপাকি হওয়ায় বিশ্বব্যাপি বেড়ে গেলে বিশ্বকাপের প্রতি আগ্রহ। মোটামুটি ফুটবলটা ভালো খেলে, এমন প্রতিটি দেশই কোমর বেধে নেমে গেল বিশ্বকাপের চূড়ান্তপর্বে স্থান করে নেওয়ার লক্ষ্যে।

স্পেন বিশ্বকাপের ফরম্যাটটা ছিল বেশ অদ্ভুত। প্রথমে ২৪টি দল রাউন্ড রবিন লিগ ফরম্যাটে ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে একে অন্যের সঙ্গে লড়ে। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপকে—মোট ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে এই ১২টি দল আবারও চারটি গ্রুপে ভাগ হয়ে লড়াইয়ের দ্বিতীয় পর্ব শুরু করে। দ্বিতীয় রাউন্ড শেষে এই চারটি গ্রুপের শীর্ষ দল অবতীর্ণ হয় সেমিফাইনালের লড়াইয়ে।

এই বিশ্বকাপই দেখেছিল সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এল সালভাদরকে হাঙ্গেরির ১০-১ গোলে হারানোর রেকর্ডটি আজও অম্লাণ। পশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আলজেরিয়া জন্ম দেয় বিরাট এক অঘটনের। এই আলজেরিয়াই আবার শিকার হয় বাজে এক দুর্ভাগ্যের। গ্রুপের তিন ম্যাচের দুটোতে জিতেও তারা যেতে পারেনি পরের রাউন্ডে। এজন্য অবশ্য দুর্ভাগ্যের চেয়ে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার ‘কূটকৌশল’ই সবচেয়ে বেশি দায়ী। পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া ও আলজেরিয়ার পয়েন্ট সমান হয়ে যাওয়ায় গোলগড়ের একটা হিসাব চলে আসে গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঠিক করার জন্য।

একদিন আগে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়া ৩-২ গোলে চিলিকে হারালে পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া ও আলজেরিয়ার পয়েন্ট সমান হয়ে যায়। এই গ্রুপের শেষ ম্যাচটি ছিল জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে। এই ম্যাচটিতে পশ্চিম জার্মানি যদি অস্ট্রিয়াকে এক বা দুই গোলের ব্যবধানে হারাতে পারে তবে জার্মানি-অস্ট্রিয়া উভয়েই দ্বিতীয় রাউন্ডে যাবে—এমন একটি সমীকরণের সামনে দাঁড়িয়ে গ্রুপের শেষ ম্যাচটি হয় এক নির্লজ্জ প্রহসন। অস্ট্রিয়ার জালে এক গোল ঢুকিয়ে পশ্চিম জার্মানি গোল করার আর কোনো চেষ্টাই করলো না। অস্ট্রিয়াও প্রতিপক্ষকে সম্মান জানিয়ে নিজেদের বেঁধে রাখলো ওই প্রহসনের গণ্ডির মধ্যেই। ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ওই ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় লজ্জা হিসেবেও চিহ্নিত হয়ে আছে। এই তিক্ত অভিজ্ঞতা থেকে পরের বিশ্বকাপ থেকেই গ্রুপের শেষ দুটো ম্যাচ একই সময়ে আয়োজন করা শুরু করে ফিফা।

সক্রেটিসের নেতৃত্বে এই বিশ্বকাপে ব্রাজিল নিয়ে এসেছিল সত্তরের পর তাদের ফুটবল ইতিহাসের সেরা দলটিকে। সাম্বার ধ্রুপদী ছন্দে সক্রেটিস-জিকো-সার্জিনহো-ফ্যালকাও-এডিনহোরা সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে চলে যায় দ্বিতীয় পর্বে। ইতালি ও আর্জেন্টিনার সঙ্গে তুলনামুলক কঠিন গ্রুপটা অবশ্য উত্রাতে পারেনি ব্রাজিল। আর্জেন্টিনাকে ৩-১ গোলে উড়িয়ে দিলেও ইতালির সঙ্গে এক ধ্রুপদী লড়াইয়ে তারা হেরে যায় ৩-২ গোলে।

আর্জেন্টিনায় সেবার খেলেছিলেন তরুণ সেনসেশন ডিয়েগো ম্যারাডোনা। তাঁর প্রতিভা ততোদিনে জগদ্বিখ্যাত। ম্যারাডোনাকে অসম্ভব প্রতিভাবান জেনেই প্রায় প্রতিপক্ষই ফাউলের মাধ্যমে তাঁকে ঠেকানো পরিকল্পনা গ্রহণ করে। তারপরেও প্রথম পর্কে হাঙ্গেরির বিপক্ষে ম্যারাডোনার পা থেকে আসে দুটো গোল। দ্বিতীয় পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে প্রচণ্ড ফাউলের শিকার ম্যারাডোনা মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে বসেন। বিশ্বকাপে নিজের প্রথম আবির্ভাবটা দুঃস্বপ্নের মতোই ছিল ম্যারাডোনার জন্য।

এই বিশ্বকাপে শিরোপা জেতে ইতালি। ইতালির বিশ্বকাপ যাত্রাটা বরাবরের মতো সেবারও ছিল কিছুটা ধীরগতির। প্রথম পর্বে তিন পয়েন্ট নিয়ে পোল্যান্ডের পেছনে থেকে দ্বিতীয় পর্বে ওঠে আজ্জুরিরা। দ্বিতীয় পর্বে গিয়েই গোটা দলটিই যেন জ্বলে ওঠে বড় কিছুর নেশায়। গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা থাকারও পরেও ইতালি দারুণ ফুটবল খেলে। পাওলো রসি নামের এক জেলফেরত ফুটবলার ব্রাজিলের বিপক্ষে করে বসেন হ্যাটট্রিক। তারদেল্লি ও কাবরিনির দুই গোলে আর্জেন্টিনাকে হারিয়ে তারা উঠে যায় সেমিফাইনালে।

বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেমিফাইনালে ইতালি ২-০ গোলে হারায় প্রথম রাউন্ডে তাদের গ্রুপসঙ্গী পোল্যান্ডকে। এই ম্যাচেও দুই গোল আসে ওই পাওলো রসির পা থেকে।
অপর সেমিফাইনালিস্ট পশ্চিম জার্মানির গ্রুপ ‘কীর্তি’ আগেই বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় পর্বে গিয়ে তারা জ্বলে ওঠে স্ব-মহিমা। ইংল্যান্ডর বিপক্ষে গোলশূন্য ড্র করলেও স্বাগতিক স্পেনকে লিটবারিস্কি ও ফিসচারের গোলে হারিয়ে নিশ্চিত করে ফেলে সেমিফাইনাল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে আরেক ধ্রুপদী লড়াইয়ে টাইব্রেকারে জিতে পশ্চিম জার্মানরা স্থান করে নেয় ফাইনালে।

পশ্চিম জার্মানি ও ফ্রান্সের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে কিছু না বললেই নয়। বিরাশির বিশ্বকাপে ফ্রান্সও ছিল অন্যতম সেরা দল। প্রথম পর্বে ইংল্যান্ডের পেছনে থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে উঠলেও দ্বিতীয় পর্বে ফ্রান্স ছিল অন্যগ্রহের দল। অস্ট্রিয়া ও উত্তর আয়ারল্যান্ডকে দুই ম্যাচে উড়িয়ে দিয়ে তারা স্থান পায় সেমিফাইনালে।

পশ্চিম জার্মানি ও ফ্রান্সের সেমিফাইনাল ছিল ঘটনা-দুর্ঘটনায় পরিপূর্ণ। এই ম্যাচটিকে আনুষ্ঠানিভাবেই বিশ্বকাপের ইতিহাসের সেরা ম্যাচের মর্যাদা দেওয়া হয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের লড়াই শেষে ৩-৩ গোলে অমীমাংসিত এই ম্যাচ পেনাল্টি শুট আউটে জিতে নেয় পশ্চিম জার্মানি। জার্মান গোলরক্ষক হ্যারাল্ড শুমাখারের একটি ভয়াবহ ট্যাকলে সেদিন অচেতন অবস্থায় হাসপাতালে যেতে হয়েছিল ফ্রান্সের ব্যটিস্টনকে। মজার ব্যাপার হচ্ছে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বাজে ফাউল করেও সেদিন শুমাখারকে লাল কার্ডতো অনেক দূরের কথা হলুদ কার্ড এমনকি রেফারির একটু বকুনিও খেতে হয়নি।

ফাইনাল যে ইতালির বিজয়-বার্তা নিয়েই আবির্ভূত হয়েছিল। একেবারেই একতরফা লড়াইয়ে পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে ১৯৩৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ তুলে নেয় আজ্জুরিরা। এই ম্যাচে আরও একটি গোল করে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট নিশ্চিত করেন রসি। আপর দুটো গোল আসে তারদেল্লি ও আলতোবেলির পা থেকে। ৮৩ মিনিটে জার্মানির হয়ে সান্তনার গোলটি করেন পল ব্রেইটনার। ইতালির হয়ে দ্বিতীয় গোলটি করার পর তারদেল্লির বাঁধভাঙা উল্লাসের সেই ছবিটি বিশ্বকাপের অন্যতম আইকনিক ছবি হয়ে আছে।
৪২ বছর বয়সে বিশ্বকাপ হাতে নিয়ে ইতালির অধিনায়ক ও গোলরক্ষক দিনো জফ গড়েন অনন্য এক রেকর্ড।