পাওয়া হলো না সান্ত্বনার জয়ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশাটা স্পষ্ট চোখেমুখেই। এশিয়া কাপের জয়হীন অভিযান শেষে মুশফিক-সাকিবেরা বেরিয়ে আসছেন মাঠ ছেড়ে । ছবি: শামসুল হক
হতাশাটা স্পষ্ট চোখেমুখেই। এশিয়া কাপের জয়হীন অভিযান শেষে মুশফিক-সাকিবেরা বেরিয়ে আসছেন মাঠ ছেড়ে । ছবি: শামসুল হক

শেষ ম্যাচটাও কি একটু অতৃপ্তির চিহ্ন রেখে গেল না? শ্রীলঙ্কা সিরিজ থেকেই তো জিততে জিততে হেরে যাওয়ার গ্লানি বয়ে বেড়ানো। সেই ‘ধারাবাহিকতা’ থাকল এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সুবাস ছড়িয়েও জয়টা মিলিয়ে গেছে হতাশায়।
৫০ ওভারে ২০৫ রানের লক্ষ্য এমন কিছু নয়। তার পরও বোলারদের সাফল্য আশা জাগাল সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন রানের ম্যাচে। কিন্তু ৭৫ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নেওয়ার পরও পরিণতি সেই হারই! ম্যাচটা ৩ উইকেটে জিতে আগামীকাল অপরাজিতভাবেই এশিয়া কাপের ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। অন্যদিকে টানা হারের হতাশা থেকে বেরোতে পারল না মুশফিকুর রহিমের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাওয়া হলো না সান্ত্বনার জয়ও। তবে ২০৪ রানের ম্যাচটাকে ৪৯তম ওভার পর্যন্ত নিয়ে যেতে পারাটাও হতে পারে একটা সান্ত্বনা। বোলারদের যে সাফল্যটা গত ম্যাচে কাঙ্ক্ষিত ছিল, সেটা তো খুঁজে পাওয়া গেল শেষ ম্যাচে!

পাকিস্তান ম্যাচের একাদশ এবং বোলিং পরিকল্পনা নিয়ে বিস্তর সমালোচনা শুনতে হয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমকে। কাল দলে এল তিনটি পরিবর্তন। কুঁচকির চোটে পড়া ইমরুল কায়েসের জায়গায় এনামুল হকের সঙ্গে ইনিংস শুরু করলেন শামসুর রহমান। বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের জায়গা নিলেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি। পেসার শফিউল ইসলামের পরিবর্তে দলে এলেন রুবেল হোসেন।

নতুন বলে শ্রীলঙ্কাকে বিপদে ফেলার শুরুটা করেছিলেন আল আমিন। উইকেটে সামান্য মুভমেন্ট ছিল। তাতে বিভ্রান্ত হয়েই ইনিংসের দ্বিতীয় বলে কট বিহাইন্ড কুশল পেরেরা। আল আমিন নিজের পরের ওভারে হালকা আউট সুইংয়ে সাঙ্গাকারাকেও স্লিপে নাসিরের ক্যাচ বানালেন। মাত্র ৬ রানে ২ উইকেট নেই শ্রীলঙ্কার—উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচে গ্যালারির এতটা অংশ ফাঁকা পড়ে থাকতে দেখা যায়নি, যতটা কাল দেখা গেল। হয়তো এশিয়া কাপে বাংলাদেশের আর কোনো সম্ভাবনা নেই বলেই দর্শকদের এই মুখ ফিরিয়ে নেওয়া। তবে যাঁরা এসেছেন, বোলারদের সাফল্যে কিছুটা হলেও বিনোদিত হয়ে বাড়ি ফিরতে পেরেছেন তাঁরা।
ইনিংসের চতুর্থ ওভারে কাভার থেকে মাহমুদউল্লাহর দুর্দান্ত থ্রোয়ে রুবেল মাহেলা জয়াবর্ধনেকেও রানআউট করে দিলে সত্যিকার অর্থেই চাপে পড়ে যায় লঙ্কানরা। শুরুতে বাংলাদেশের ২০৪ রান যতই অতিক্রম্য মনে হোক না কেন, ৮ রানে ৩ উইকেট হারানোর পর যেকোনো দলেরই চাপে পড়ে যাওয়ার কথা। ওপেনার লাহিরু থিরিমান্নের সঙ্গে আশান প্রিয়াঞ্জনের ৩৯ রানের চতুর্থ উইকেট জুটিতে সে চাপ কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা হয়। তবে শ্রীলঙ্কাকে সত্যি সত্যি চাপমুক্ত করেছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও চতুরঙ্গ ডি সিলভার ৮২ রানের ষষ্ঠ উইকেট জুটি। অনেক বিতর্কের পর দলে আসা আরাফাত আর জিয়া মাঝে প্রিয়াঞ্জন ও থিরিমান্নের উইকেট দুটি তুলে নিলেও ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ছুটে যায় ম্যাথুস-ডি সিলভার ওই জুটিতেই।

ডি সিলভার উইকেটটা শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ পেলেও সেটা আসলে পাওয়া উচিত ছিল সাকিবের। ব্যক্তিগত ৪৩ রানে সাকিবের বলে ফাইন লেগে তাঁর সহজ ক্যাচ ছেড়েছেন আল আমিন। অবশ্য আর মাত্র ১ রান করে পরের ওভারেই ডি সিলভা আউট হয়ে যাওয়ায় বড় আফসোসের কারণ হয়নি আল আমিনের ব্যর্থতা। ডি সিলভা আউট হয়ে গেলেও অধিনায়কোচিত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ম্যাথুস।
৩২৬-এর পর ২০৪ একটু বেশিই বেমানান। কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানদের কাজ এদিন কিছুটা কঠিন করে দিয়েছে উইকেটও। মন্থর উইকেট, বল এসেছে একটু থেমে। ব্যাটসম্যানদের বিভ্রান্তিতে ফেলেছে সেটাই। তবে শামসুরকে নিয়ে শুরুটা খারাপ করেননি ওপেনার এনামুল। ১৮.২ ওভারে ৭৪ রানের উদ্বোধনী জুটি ইঙ্গিত দিচ্ছিল বড় সংগ্রহের। কিন্তু মাত্র ২১ বলের ব্যবধানে ৩ উইকেট পড়ার পর বাংলাদেশের ইনিংস এগিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
প্রথম আঘাতটা আসে ইনিংসের ১৯তম ওভারে। অজন্তা মেন্ডিসের দ্বিতীয় বলে এলবিডব্লু শামসুর। ওই ওভারেরই চতুর্থ বলটা জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে বোল্ড আগের দুই ম্যাচেই ফিফটি করা মুমিনুল। ২২তম ওভারে ডি সিলভাকে স্কুপ মারার চেষ্টা করতে গিয়ে অধিনায়ক মুশফিকও এলবিডব্লু হয়ে গেলে দিশাহীন হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। ৮৭ রানে ৩ উইকেট—সেটাও দুশ্চিন্তার কারণ হতো না যদি পরের দিকের ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলতে পারতেন, গড়তে পারতেন বড় জুটি। সেসবের কিছুই না হলেও ইনিংস লম্বা করার সুযোগ পেয়েছিলেন অনেকেই।

ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে প্রিয়াঞ্জনের বলে মিড উইকেটে দ্বিতীয় প্রচেষ্টায় থিরিমান্নের দুর্দান্ত ক্যাচ হন এনামুল। এনামুল অবশ্য এই আউটের জন্য দুষতে পারেন উইকেটের মন্থরতাকে। একই ‘অজুহাত’ দিতে পারেন সাকিব আল হাসানও। ৩৪তম ওভারে প্রিয়াঞ্জনকে এক্সট্রা কাভার দিয়ে চার মারলেন। পরের বলটাও অফের দিকেই খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিংয়ের ভুলে ক্যাচ উঠে যায় মিড উইকেটে। ১১৯ রানে ৫ উইকেট এবং ততক্ষণে সাম্প্রতিককালে ভালো খেলা পাঁচ ব্যাটসম্যানেরই বিদায়। তার পরও বাংলাদেশের ইনিংসটা যে ২০০-এর আগে গুটিয়ে যায়নি, সেটা ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও নাসিরের ৫৫ রানের জুটির কারণে। এরপর আবারও ধস। মাত্র ২৯ রানের ব্যবধানে পড়েছে শেষ ৪ উইকেট।
বোলারদের সাফল্যে ম্যাচটা ৪৯তম ওভার পর্যন্ত গেলেও বাংলাদেশের হারটা যে নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই!


বাংলাদেশ: ৫০ ওভারে ২০৪/৯
শ্রীলঙ্কা: ৪৯ ওভারে ২০৮/৭
ফল: শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী