পাওয়ার প্লের চ্যালেঞ্জ
নিয়মটা করা হয়েছিল খেলাটাকে আরও গতিময় ও আকর্ষণীয় করার জন্য। কিন্তু ব্যাটিং পাওয়ার প্লে উল্টো দলগুলোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় আড়াই বছর হতে চলল, কিন্তু এখনো যেন ব্যাটিং পাওয়ার প্লের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছে না বেশির ভাগ দলই। ব্যাটিং পাওয়ার প্লের শুরুতেই দু-তিনটি উইকেট হারানো এখন মোটামুটি নিয়মিত দৃশ্য। ধারণা করা হচ্ছে, এই বিশ্বকাপেও সাফল্য-ব্যর্থতায় বড় ভূমিকা রাখবে ব্যাটিং পাওয়ার প্লে। চলুন দেখে নেওয়া যাক, কোন দল এখন পর্যন্ত কীভাবে ব্যবহার করেছে ব্যাটিং পাওয়ার প্লে। বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বকাপের ঠিক আগের শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা বাদ দিয়ে গত চ্যাম্পিয়নস ট্রফির (২০০৯ সালের সেপ্টেম্বর-অক্টোবর) পর থেকে সব ম্যাচ। র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়া পরিষ্কার ব্যবধানে এগিয়ে এখানেও। ব্যাটিং পাওয়ার প্লে সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তাদের বোলাররা আবার সবচেয়ে ভালো বোলিং করেছে ব্যাটিং পাওয়ার প্লেতে। ব্যাটিং-গড়, রানরেট ও বোলিং-গড়—পাওয়ার প্লের চার সূচকের তিনটিতেই এগিয়ে অস্ট্রেলিয়া। ইকোনমি রেটেই কেবল সামান্য এগিয়ে শ্রীলঙ্কা। ৪০ ইনিংসে সর্বোচ্চ ১৯ বার পাওয়ার প্লেতে ৪০ বা তার বেশি রান নিয়েছে অস্ট্রেলিয়া। ওভারপ্রতি আট রানের বেশি তুলেছে আর শুধু নিউজিল্যান্ড। ব্যাটিং পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি অবশ্য তাদের, গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে নেপিয়ারে তুলেছিল ৮২ (২২, ১৭, ১৪, ২৫ ও ৪)। ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ার উপযুক্ত সময় কোনটা, এটা নিয়েও কম আলোচনা হয়নি। টিম ম্যানেজমেন্ট বা অধিনায়কেরা এখনো বুঝে উঠতে পারছেন না কখন নেওয়া উচিত। ৪০ ওভারের পর পাওয়ার প্লে নেওয়ার প্রবণতাই বেশি লক্ষ করা গেছে। তবে বোলিং পাওয়ার প্লের আগেই ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ার ঘটনা আছে দুটি। দুবারই অবশ্য লক্ষ্য ছিল খুব ছোট, ইংল্যান্ডের বিপক্ষে একবার নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল ১৪৬, ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ১০৪। * ওয়েবসাইট অবলম্বনে