পাওয়ার বললেন আইসিসি দ্বিধাবিভক্ত নয়
দায়িত্ব বুঝে নিয়ে পরশুই সভাপতির আসনে বসেছেন শারদ পাওয়ার। বসেই একটি ঝামেলায় পড়েছেন আইসিসির নতুন সভাপতি। অস্ট্রেলিয়ার জন হাওয়ার্ডকে সহসভাপতি করা না-করা নিয়ে দ্বিধাবিভক্ত আইসিসি—গুঞ্জন উঠেছে এমনই। সভাপতির আসনে বসেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি পাওয়ারকে সামলাতে হচ্ছে এ সমস্যা।সহসভাপতির পদের জন্য অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী হাওয়ার্ডকে মনোনয়ন দিয়েছিল দুই তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এতে সমর্থন ছিল ইংল্যান্ড ও জিম্বাবুয়েরও। তবে ১০টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ৭টি দেশই হাওয়ার্ডের সহসভাপতি হওয়ার বিপক্ষে ভোট দেয়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি বিষয়টিকে দেখেছেন দুঃখজনক হিসেবে। কির এই কথার পরই অনেকে বলতে শুরু করেন, আইসিসি বিভক্ত হয়ে পড়েছে। অনেকে আবার বলছে, এশিয়ান দেশগুলোর কারণেই হাওয়ার্ডের মতো সংগঠক সহসভাপতির আসনটি পাননি। তবে আইসিসির নতুন সভাপতি বলেছেন, ‘বেশির ভাগ সদস্যই তাঁকে সমর্থন করেনি। তবে আমার মনে হয় না আইসিসি বিভক্ত হয়ে পড়েছে।’এবার সহসভাপতি হতে পারলে দুই বছর পর পাওয়ারের মেয়াদ শেষে হয়তো সভাপতির পদটিই পেয়ে যেতেন হাওয়ার্ড। এ কারণেই আক্ষেপটা বেশি হাওয়ার্ড এবং তাঁর গ্রুপের। এএফপি, ওয়েবসাইট।