পাওয়ারের জায়গায় আইজাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ঠিকঠাকই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। কাল কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় সেটাও সম্পন্ন হলো। আগামী দুই বছরের জন্য আইসিসির সভাপতি হয়েছেন নিউজিল্যান্ডের অ্যালান আইজাক। এটা যেমন নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য সুখবর, সুখবর আসতে পারে বাংলাদেশের ক্রিকেটেও। আগামী অক্টোবরে দুই বছরের জন্য আইসিসির সহসভাপতির দায়িত্ব নেওয়ার কথা বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের।আইসিসির সাবেক প্রধান শারদ পাওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যালান আইজাক। নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক প্রধান তিনি, আছে খেলোয়াড়ি অতীতও। বয়সভিত্তিক ক্রিকেটে ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন। অধিনায়ক ছিলেন দ্বিতীয় একাদশের। ১৮ বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সদস্য ছিলেন। বোর্ডপ্রধানের দায়িত্ব নেন ২০০৮-এ। এ ছাড়া আইজাক গত দুই বছর পালন করেছেন আইসিসির সহসভাপতির দায়িত্বও। আইসিসির প্রধান হয়ে দায়িত্বটা আরও বেশি উপলব্ধি করছেন তিনি, ‘সাবেক সভাপতিদের তালিকার দিকে তাকালে আমি আমার কাজের গুরুত্বটা আরও বেশি করে অনুভব করি।’নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসনের খেলোয়াড়ি অতীত আরও উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ছিলেন, খেলেছেন ৪২টি টেস্ট। হারুন লরগাতের চার বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রধান নির্বাহী হিসেবে রিচার্ডসনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। গত ১০ বছর আইসিসির মহাব্যবস্থাপক (ক্রিকেট) হিসেবে দায়িত্ব পালন করেছেন রিচার্ডসন।আইসিসির অষ্টম সভাপতি আইজাক। এক দিক দিয়ে ‘শেষ’ সভাপতিও। ২০১৪ সালের জুনে আইজাকের মেয়াদ শেষ হওয়ার পর আইসিসির সভাপতি পদটি হয়ে যাবে আলংকারিক। দুই বছরের জায়গায় সভাপতির মেয়াদ হবে এক বছরের। গতকাল শেষ হওয়া বার্ষিক সভায় সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী আইসিসির প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসবে আরও। যোগ হবে বেতনভুক্ত আইসিসি ও আইডিআই বোর্ড চেয়ারম্যান, বিলুপ্ত হয়ে যাবে সহসভাপতির পদ। এই সব পরিবর্তনই কার্যকর হবে ২০১৪ সালের জুনে আইসিসির বার্ষিক সভার পর। তার আগ পর্যন্ত সব এত দিনের নিয়মেই চলবে। আইসিসি ও আইডিআই বোর্ড চেয়ারম্যানের মেয়াদ হবে দুই বছরের। সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে ভারতের এন শ্রীনিবাসন ও ইংল্যান্ডের জাইলস ক্লার্কের নাম আলোচিত হচ্ছে বেশি। তবে গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান যেহেতু কোনো বোর্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না, আইসিসিতে আসতে হলে বিসিসিআই ও ইসিবির প্রধানের পদ ত্যাগ করতে হবে তাঁদের।ওদিকে বিসিবির সভাপতি মুস্তফা কামালই আইসিসির শেষ সহসভাপতি হচ্ছেন কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অক্টোবরে অনুষ্ঠেয় বোর্ড সভায়। ক্রিকইনফো লিখেছে, সহসভাপতি হিসেবে দুই বছরের কার্যকালে কী পরিকল্পনা নিয়ে এগোবেন, সে ব্যাপারে ধারণা দিতে বলা হয়েছে মুস্তফা কামালকে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য সভাশেষে কুয়ালালামপুর থেকে টেলিফোনে বলেছেন, ‘আইসিসির নতুন প্রথা অনুযায়ী নতুন দায়িত্ব নেওয়া সবাইকেই তাদের চিন্তাভাবনা জানাতে বলা হয়েছে।’অক্টোবরে সহসভাপতির দায়িত্ব নিলে আবর্তন নীতি অনুযায়ী ২০১৪ সালের বার্ষিক সভার পর আইসিসির সভাপতির পদে বসার কথা মুস্তফা কামালের। কিন্তু ওই বছর থেকেই পদটি হয়ে যাবে আলংকারিক এবং এক বছর মেয়াদি। নির্বাহী বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন চেয়ারম্যান। সভাপতি চাইলে সেই সভায় আসতে পারেন, না-ও পারেন। তবে সভায় উপস্থিত থাকলেও তিনি সভাপতিত্ব করবেন না। থাকবে না ভোটাধিকারও। আলংকারিক হওয়ার পরও আবর্তন নীতিতেই সভাপতি ঠিক হবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। অক্টোবরের বোর্ড সভার পর এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।বার্ষিক সভায় রাশিয়া ও হাঙ্গেরিকে আইসিসির অনুমোদিত সদস্য করা হয়েছে। সদস্য হিসেবে শর্ত পূরণ না করায় বাদ দেওয়া হয়েছে সুইজারল্যান্ডকে। আইসিসির বর্তমান সদস্যসংখ্যা ১০৬। তথ্যসূত্র: আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি, ওয়েবসাইট।