পাওয়েল-নাফীসের এক সুর
তিনটি ফিফটি আছে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে, কোনোটিই চোখ ধাঁধানো ইনিংস নয়। অসাধারণ কোনো বলও হয়নি। সারা দিনে রান উঠেছে ওভারপ্রতি তিনেরও কম। নিস্তরঙ্গ একটা দিন। কিন্তু এই দিনটিরই অন্য একটা তাৎপর্য আছে। এটিই যে সম্ভাবনা জাগিয়ে তুলেছে রোমাঞ্চকর এক দ্বিতীয় দিনের।দিনের খেলা শেষে দুই দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন শাহরিয়ার নাফীস ও কাইরান পাওয়েল। দুজনের কথার প্রায় একই সুর—প্রথম দিন শেষে কোনো দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। আড়াই শ পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশও তুলে নিয়েছে ৫ উইকেট। সমান-সমান অবস্থায় থেকে আজ শুরু দ্বিতীয় দিন। রোমাঞ্চকর কিছুর আবাহনই তো।দিনের শুরুটা ছিল যথেষ্টই চমক-জাগানিয়া। বাংলাদেশ দলে নেই আগের টেস্টের ম্যাচসেরা ইলিয়াস সানি। ওয়েস্ট ইন্ডিজ দলেও নেই ফর্মে থাকা লেন্ডল সিমন্স ও রবি রামপল। কিন্তু রোমাঞ্চিত হওয়ার মতো আর কিছু হয়নি সারা দিনে। শেষ বিকেলে বাংলাদেশের নেওয়া দুটি উইকেটই আসলে দিনটাকে সমতায় রেখেছে। শাহরিয়ারও বললেন তা-ই, ‘ওদের শুরুটা ভালো হয়েছিল, কিন্তু দিন শেষে আমরা ওদের টেনে ধরতে পেরেছি।্রম্যাচটা খুবই রোমাঞ্চকর অবস্থায় আছে। কাল সকালে যারা ভালোভাবে শুরু করবে তারা এগিয়ে যেতে পারবে।’শেষ বেলায় দুটি উইকেট নিয়ে বাংলাদেশ কি একটু এগিয়েই গেল? কাল সর্বোচ্চ ইনিংস (৭২) খেলা কাইরান পাওয়েল মানলেন না, ‘এটা বলা যাবে না। আমাদের খুব ভালো দুজন ব্যাটসম্যান এখন উইকেটে আছে, এর পরও আছে ব্যাটিং করতে পারে এমন কয়েকজন।’ওয়েস্ট ইন্ডিজের কালকের দিনটার প্রতিচ্ছবি বলা যায় পাওয়েলকে। নিজে ভালো শুরু করেছেন, দলকে ভালো শুরু এনে দিয়েছেন। কিন্তু পারেননি তিন অঙ্ক ছুঁতে, দিনটা পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের করে নিতে। নেভিসের ব্যাটসম্যানের কণ্ঠেও মিশে থাকল আনন্দ আর হতাশা, ‘চেষ্টা করেছি, উইকেটে দীর্ঘ সময় থাকতে, দলকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে। সেঞ্চুরিটা হাতছাড়া হওয়ায় খুবই হতাশ। কিন্তু দিন শেষে এটা ভেবে তৃপ্ত, দলে অবদান রাখতে পেরেছি।’লেন্ডল সিমন্স ফিট থাকলে বাইরেই বসে থাকতে হতো ২১ বছর বয়সী ব্যাটসম্যানকে। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় টেস্টে তুলে নিয়েছেন প্রথম ফিফটি, ক্রেইগ ব্রাফেটের সঙ্গে মিলে দলকে এনে দিয়েছেন ভালো একটা শুরু। ১৬ ইনিংস পর শতরানের উদ্বোধনী জুটি পেল ওয়েস্ট ইন্ডিজ। ভিত্তিটা এমন ছিল বলেই এখনো বড় স্কোরের আশা করছে ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশের আশা প্রতিফলিত হলো শাহরিয়ারের কণ্ঠে, ‘কাল যদি তাড়াতাড়ি ওদের দুটি উইকেট নিয়ে নিতে পারি, তাহলে টেলএন্ডাররা চলে আসবে। তখন খুব তাড়াতাড়ি ওদের অলআউট করে দিতে পারব। এরপর চেষ্টা থাকবে লিড নেওয়ার। প্রথম ইনিংসে ভালো খেলার, প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ হবে।’প্রথম ইনিংসটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ আজকের সকাল। উইন্ডিজ চাইবে কালকের পুনরাবৃত্তি, প্রথম ঘণ্টা নিরাপদে কাটানো। বাংলাদেশ চাইবে উল্টো, সকাল-সকাল দ্রুত দু-তিনটি উইকেট!