পাওয়েলদের চোখে ৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের অনেকের মাঝেই দেখা যাচ্ছে এই বৈপরীত্য। মাঠে দাপুটে, কিন্তু মাইক্রোফোনের সামনে কেমন গুটিয়ে থাকেন কিংবা রাখেন নিজেকে। সুনীল নারাইন, রবি রামপল যেমন। কাল পাওয়া গেল কাইরান পাওয়েলকে। কোনো প্রশ্নের উত্তরেই এক-দু লাইনের বেশি যেতে চরম অনীহা। উত্তর শেষ, এটা বুঝতেও যেন খানিকক্ষণ লাগে। কে বলবে এই লোকটির ব্যাটের দাপটেই প্রায় সারা দিন কোণঠাসা ছিল বাংলাদেশ!কেবল দলের সম্ভাব্য সংগ্রহের প্রসঙ্গেই কণ্ঠের জোরটা বোঝা গেল, ‘দুজন সেঞ্চুরি পেয়েছে, সাড়ে তিন শ উঠে গেছে মাত্র ৪ উইকেট হারিয়েই। বড় একটি স্কোর গড়ার জন্য খুব ভালো অবস্থায় আছি আমরা। এমনিতে প্রথম ইনিংসে ৪০০ রানই যথেষ্ট ভালো। কিন্তু এই অবস্থা থেকে আশা করি, আমরা ৫০০-র বেশি রান করতে পারব।’ কোনো সন্দেহ নেই, পাওয়েলের কণ্ঠের এই আত্মবিশ্বাসের জ্বালানি স্কোরবোর্ডের ওই হূষ্টপুষ্ট চেহারাই!দলকে এই জায়গায় নিয়ে আসার বড় একটি কৃতিত্ব পাওয়েলেরই। গেইল ঝড়ের পর যখন দ্রুত ৩ উইকেট হারিয়ে খানিকটা অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ, ভরসা জোগাল দলের সবচেয়ে অনভিজ্ঞ ব্যাটই। একটা পাশ আঁকড়ে থেকেছেন, আবার গেইলের সৌজন্যে পাওয়া রানের গতিটাকেও খুব বেশি কমতে দেননি। পেসারদের বলে খেলেছেন দারুণ কিছু ড্রাইভ, শাহাদাতের বলে খেলা কয়েকটি স্ট্রেট ড্রাইভ গর্বিত করবে সেরা সব বাঁহাতি ব্যাটসম্যানকেও। শাহাদাতের ৪০ বলে নিয়েছেন ৩৮! স্পিনেও পায়ের কাজ ছিল দারুণ। কিন্তু ব্যাটের সেই ধার বেশির ভাগ সময়ই উধাও কণ্ঠে। এক টেস্ট আগেই করেছেন প্রথম টেস্ট সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায়। দুই সেঞ্চুরির তুলনার রোমাঞ্চ টানল না ২২ বছর বয়সী ব্যাটসম্যানকে, ‘ভিন্ন উইকেটে ভিন্ন দুটি বোলিং আক্রমণের বিপক্ষে ইনিংসের তুলনা করা যায় না।’ প্রথম ওভারে অভিষিক্ত স্পিনারের হাতে বল দেখেও নাকি অবাক হননি, ‘অনেক অনেক স্পিন বোলিং খেলার মানসিক প্রস্তুতি আছে আমাদের। যেকোনো কিছুর জন্যই তো প্রস্তুত আমরা!’পাওয়েলকে যা একটু ভুগিয়েছেন কেবল সোহাগ গাজীই। সোহাগের ৬৭ বলে ২৯ রান নিতে পেরেছেন। শেষ পর্যন্ত আউটও হয়েছেন অভিষিক্ত স্পিনারের বলেই। তবে ম্যাচ শেষে জানালেন সোহাগকে খেলতে খুব একটা সমস্যা হয়নি, ‘শুরুর দিকে ও বেশ ভালো জায়গায় বোলিং করেছে। তবে পরে আমরা ওর বোলিংটা ধরতে পেরেছি, ওকে বুঝতে পেরেছি। এরপর আর সমস্যা হয়নি। আমার ধারণা, স্পিনের বিপক্ষে রান করতে আমাদের কোনো সমস্যা হয়নি।’পাওয়েলকে তো তাও ফেরানো গেছে। কিন্তু বাংলাদেশের বোলারদের কাঁটা হয়ে আছেন চন্দরপল-রামদিনরা। বাইরে আছেন স্যামি। পাওয়েলের ধারণামতো ওয়েস্ট ইন্ডিজকে ৫০০ করা থেকে আটকানো কঠিনই হবে বাংলাদেশের পক্ষে।